২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের দিন মোবাইল নেটওয়ার্ক চালু থাকবে

নির্বাচনের দিন মোবাইল নেটওয়ার্ক বন্ধের সুপারিশ করেনি নির্বাচন কমিশন। ফলে সোমবার মোবাইল নেটওয়ার্ক চালু থাকছে। তবে প্রয়োজনে নির্দিষ্ট এলাকায় মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধের পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছে ইসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2008, 12:16 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের দিন মোবাইল নেটওয়ার্ক বন্ধের সুপারিশ করেনি নির্বাচন কমিশন। ফলে সোমবার মোবাইল নেটওয়ার্ক চালু থাকছে। তবে প্রয়োজনে নির্দিষ্ট এলাকায় মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধের পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছে ইসি। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ইতিমধ্যেই জানিয়েছিলেন, মোবাইল ফোন নিয়ে কেউ ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন না। কমিশনের উপ-সচিব মিহির সারোয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচনের দিন মোবাইল নেটওয়ার্ক চালু থাকবে। তবে প্রয়োজনে সুনির্দিষ্ট এলাকায় তা বন্ধের ব্যাবস্থাও রাখা হয়েছে।" নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে রোববার সন্ধ্যায় একটি চিঠি বাংলাদেশ টেলি কমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) কাছে পাঠানো হয়েছে। ইসির সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, "নির্বাচনের দিন বিশেষ প্রয়োজনে নির্দিষ্ট কোনও জেলা বা এলাকায় মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধের প্রয়োজন হতে পারে। "এ বিষয়ে ইসি সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রক্ষিতে কোনও নির্দিষ্ট জেলা বা এলাকার মোবাইল নেটওয়ার্ক বন্ধের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।" একই চিঠি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যানকেও পাঠানো হয়েছে। নির্বাচনের দিন মোবাইল নেটওয়ার্ক সংক্রান্ত সুনির্দিষ্ট বক্তব্য সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে থাকবে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন। সিইসি এর আগেও নির্বাচনের দিন মোবাইল নেটওয়ার্ক চালু রাখার বিষয়ে তার নিজের অবস্থানের কথা জানিয়েছিলেন। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সকালে ইসি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "ইসির অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবে না। কেউ মোবাইল ফোন নিয়ে ঢুকলে তা গর্হিত অপরাধ হিসেবে গণ্য হবে।" সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নবম সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/এসকে/১৮০৮ঘ.