ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার চেয়েও বেশি আসন পাওয়ার বিষয়ে আশাবাদী আওয়ামী লীগ।
দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম ভোটগ্রহণের একদিন আগে রোববার সাংবাদিকদের বলেন, "ইনশাল্লাহ, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার চেয়ে আমরা অনেক বেশি এগিয়ে থাকব।"
সুধা সদনে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের পর এইচটি ইমাম এ কথা বলেন।
বৈঠকে শেখ হাসিনার সঙ্গে এইচটি ইমাম, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির ও জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন।
এইচটি ইমাম নির্বাচনে অর্থের প্রভাব এবং দেশের বিভিন্ন অঞ্চলে নারী ও সংখ্যালঘুদের ভোটাধিকার নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, "আমরা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে বলেছি- অনেকেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। নারী ও সংখ্যালঘু ভোটাররা ঠিকমতো ভোট দিতে পারবে কিনা, তা নিয়েও আমাদের সংশয়ের কথা জানিয়েছি। অনেক জায়গায় টাকাও ছড়ানো হচ্ছে।"
কোথায় কোথায় টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে- জানতে চাওয়া হলে এইচটি ইমাম বলেন, "ফেনী, বরগুনা, পটুয়াখালীসহ ঢাকার বিভিন্ন এলাকায় টাকা ছড়ানো হচ্ছে।"
কোন কোন এলাকায় নারী ও সংখ্যালঘু ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হতে পারে বলে আওয়ামী লীগ আশঙ্কা করছে- জানতে চাইলে তিনি বলেন, "চট্টগ্রাম- ৮, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী ও ফটিকছড়িতে সংখ্যালঘু ও নারী ভোটারদের ভয়-ভীতি দেখানো হচ্ছে।"
ইমাম অভিযোগ করেন, দেশীয় পর্যবেক্ষকদের নামে অনেক দলীয় কর্মী ও সন্ত্রাসীরা নির্বাচনী প্রক্রিয়ায় ঢুকে পড়েছে।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান চার্লস ট্যানক ছবিসহ ভোটার তালিকা নিয়ে সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, "এই ভোটার তালিকায় ভুল নেই বললেই চলে। অন্তত আমার দেশের (যুক্তরাজ্য) ভোটার তালিকার চেয়ে অনেক নির্ভুল।"
শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে আশা প্রকাশ করে তিনি বলেন, "আমরা নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে সন্তুষ্ট। আশা করি, সবাই নির্বাচনের ফলাফল মেনে নেবে।"
বৈঠকে ইইউ'র প্রতিনিধি দলে ছিলেন নার্জ দেভা, নিল প্যারিস, কনড্রাড ডিলন, গ্রাহাম এলসন, জনাথন হেনড্রিকসন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/এসকে/১৭০২ঘ.
bdnews24