২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রের বাইরে ভোটার নম্বরের স্লিপ দেওয়া যাবে

ভোটগ্রহণ সহজ করতে কেন্দ্রের বাইরে প্রার্থীদের পক্ষ থেকে ভোটার নম্বর সম্বলিত স্লিপ দেওয়া যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2008, 09:36 AM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটগ্রহণ সহজ করতে কেন্দ্রের বাইরে প্রার্থীদের পক্ষ থেকে ভোটার নম্বর সম্বলিত স্লিপ দেওয়া যাবে। রোববার নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এছাড়া ফলাফল প্রকাশের সময় ইসিতে প্রতিনিধি পাঠাতেও রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়া হয়েছে। সোমবার নবম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। সারাদেশে মোট ৩৫ হাজার ২৬৩টি কেন্দ্রে সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফরহাদ আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে বলেন, "বিধি অনুযায়ী, ভোটকেন্দ্রের ৪০০ গজের ভেতর কোনও ধরনের প্রচারণা বা ক্যাম্প স্থাপন নিষিদ্ধ। তবে এ সীমানার বাইরে প্রার্থীদের পক্ষ থেকে ভোটারের নাম, ক্রমিক নম্বর সম্বলিত স্লিপ দিতে কোনও বাধা নেই।" স্লিপে প্রার্থীর নাম কিংবা প্রতীক থাকলেও তাতে সমস্যা হবে না বলে ইসি কর্মকর্তারা জানান। আগে নির্বাচনের সময় কেন্দ্রের বাইরে প্রার্থী বা দলের ক্যাম্প থাকতো। সেখান থেকে ভোটারদের ক্রমিক নম্বর সম্বলিত স্লিপ দেওয়ার পাশাপাশি প্রচারণাও চালানো হত। কিন্তু নতুন আইনে তা নিষিদ্ধ। তবে গত আগস্টে চারটি সিটি কর্পোরেশন এবং নয়টি পৌরসভায় নির্বাচনে ভোটগ্রহণের শুরুতে অনেক ভোটার ক্রমিক নম্বর না জানাতে পারায় ভোটগ্রহণ ধীর হয়ে পড়ে। ঘণ্টা তিনেক পর ইসির পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রের বাইরে প্রার্থীদের পক্ষ থেকে ভোটারের নাম, ক্রমিক নম্বর সম্বলিত স্লিপ দিতে কোনও বাধা নেই। ইসির যুগ্ম সচিব রফিকুল ইসলাম জানান, নির্বাচনের বেসরকারি ফলাফল প্রকাশের জন্য ইসি সচিবালয় চত্বরে একটি প্যান্ডেল তৈরি করা হয়েছে। সেখান থেকে ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের সময় প্রতিনিধি পাঠাতে নির্বাচনে অংশগ্রহণকারী ৩৮টি রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে বলে রফিকুল ইসলাম জানান। প্রতিটি দল সর্বোচ্চ চার জন প্রতিনিধি পাঠাতে পারবে। যুগ্ম সচিব জানান, শনিবারই ওই চিঠি দলগুলোকে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৫৩৭ ঘ.