২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নেওয়া যাবে না

সোমবার নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন রোববার সাংবাদিকদের এ কথা জানান। তবে ভোটের দিন মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ করা হবে কিনা- সে বিষয়ে কিছু বলেননি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2008, 06:57 AM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন রোববার সাংবাদিকদের এ কথা জানান। তবে ভোটের দিন মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ করা হবে কিনা- সে বিষয়ে কিছু বলেননি তিনি। সকালে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সাখাওয়াত হোসেন বলেন, "ইসির অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবে না। কেউ মোবাইল ফোন নিয়ে ঢুকলে তা গর্হিত অপরাধ হিসেবে গণ্য হবে।" ভোটের দিন মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ রাখার কোনও সিদ্ধান্ত হয়েছে কিনা- জানতে চাওয়া হলে তা এড়িয়ে যান কমিশনার। মন্ত্রণালয়সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে সাখাওয়াত বলেন, "নির্বাচন সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোনও বিষয়ে রিটার্নিং কর্মকর্তাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ না করার আহ্বান জানাচ্ছি আমরা।" সাবেক বিভিন্ন কর্মকর্তা বর্তমান কর্মকর্তাদের প্রভাবিত করেছেন বলে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে সাখাওয়াত বলেন, "বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বলব, বর্তমান কর্মকর্তাদের সঙ্গে যেন যোগাযোগ করা না হয়।" প্রার্থীদের আচরণ বিধি পুরোপুরি মেনে চলার আহ্বান জানিয়ে সাখাওয়াত বলেন, "কোনও প্রার্থীর কারণে যদি কোনও এলাকায় নির্বাচন ব্যাহত হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" একইসঙ্গে পর্যবেক্ষক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, "কারও বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে ইসি আর কাজ করবে না। তাদের ব্ল্যাক লিস্টেড (কালো তালিকাভুক্ত) করা হবে।" নবম সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে হবে আশা প্রকাশ করে সাখাওয়াত বলেন, "দুই প্রধান রাজনৈতিক জোটের নেত্রীরা যেভাবে বলেছেন, তাতে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আমরাও আশাবাদী।" সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১২৫৪ ঘ.