রংপুর, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনের কিছু ভোটকেন্দ্রে জামায়াত ও বিএনপির বেশ কয়েকজন স্থানীয় নেতাকে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামায়াত ও বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত যাদের প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন কাউনিয়া উপজেলা পর্যায়ের জামায়াত নেতা স্থানীয় নিজ পাড়া মাদ্রাসা শিক্ষক মওলানা বদরুল ইসলাম, আব্দুর রহমান ও মঞ্জুরুল ইসলাম, শাহাবাজপুর মাদ্রাসা শিক্ষক ও বিএনপি রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত আব্দুল করিম, সদরা তালুক রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক জামায়াতের উপজেলা পর্যায়ের নেতা মোশারফ হোসেন প্রমুখ।
এছাড়া নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত মশকুর বালিকা মাদ্রাসার শিক্ষক আবুল কাশেম, শাহবাজপুর গ্রামে অবস্থিত কাউনিয়া আলীয়া মাদ্রাসা শিক্ষক নুরুল আমিন এবং মধুপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক মওলানা এছাহাক জামায়াতের রাজনীতিতে সক্রিয় বলে জানান ওই সাংবাদিক।
এ ব্যাপারে রাতে নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি জামায়াত করি না। এ ধরনের প্রমাণ কেউ দিতে পারবে না।"
নুরুল আমিনের দাবি- একজন স্থানীয় সাংবাদিক তার কাছে তথ্য চেয়ে না পেয়ে এ অপপ্রচার চালাচ্ছেন।
মওলানা বদরুল ইসলাম, আব্দুর রহমান ও মঞ্জুরুল ইসলাম সম্পর্কেও জানতে চাইলে তিনি বলেন, "তারা জামায়াতের রাজনীতি করেন না।"
রংপুর জেলা আওয়ামী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক হাসনাইন অভিযোগ করেন, জামায়াত ও বিএনপির রাজনীতিতে সক্রিয় এমন অনেককেই প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তিনি তদন্ত সাপেক্ষে এ ধরনের রাজনীতি-সংশ্লিষ্ট ব্যক্তিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানান।
কাউনিয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা এটিএম সেলিম শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে তাদের কাছে কেউ অভিযোগ করেনি।
ভোট কেন্দ্রে প্রিজাইডিং বা পোলিং অফিসার হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা কেউ কেউ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন বলে উল্লেখ করে তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান।
জেলা নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র বর্মণও জানান, এ ধরনের কোনো অভিযোগ তিনি পাননি।
কাউনিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা এটিএম সেলিম গত সাত বছর ধরে এই পদে কর্মরত রয়েছেন। এর আগে তিনি এখানে অফিস সহকারী ছিলেন। জোট সরকারের সময় তিনি উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান। তার বিরুদ্ধে জামায়াতকে পৃষ্টপোষকতা করার অভিযোগ রয়েছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩২২ঘ.
bdnews24