ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পল্টনের জনসভা শেষ করে শহীদ মইনুল সড়কের বাসা হয়ে শনিবার সন্ধ্যায় গণসংযোগে বেরিয়ে পড়েন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
গণসংযোগের এক পর্যায়ে তিনি মীরপুরের শ্যাওড়াপাড়ায় এক গার্মেন্টস কারখানায় থেমে নারী শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
শনিবার রাত ১২টায়ই নির্বাচনী প্রচারণা শেষ। তাই শেষ মুহূর্তের প্রচারণায় অংশ নিতে খালেদা জিয়া ঝটিকা গণসংযোগ চালান ঢাকা-১৭, ঢাকা-১১ , ঢাকা-১৮, ঢাকা-১৩ এবং ঢাকা-১৬ আসনের বিভিন্ন এলাকায়।
বিএনপি চেয়ারপার্সনের গাড়িবহর ভাসানটেক থেকে গণসংযোগ শুরু করে। ঢাকা সেনানিবাসের ভাসানটেক, তিতুমীর কলেজ সড়ক, গুলশান, বাড্ডা, কুড়িল, দক্ষিণখান, কসাইর বাজার, মোল্লার টেক, প্রেম বাগান, উত্তর খান এসব এলাকা দিয়ে গাড়ি বহর যাওয়ার সময়ে রাস্তার দুই ধারে সমবেত সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। খালেদা হাত নেড়ে তাদের অভিনন্দনের জবাব দেন।
কোথাও কোথাও গাড়ির বহর থামিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া চার দলীয় জোট প্রার্থীদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন,'' আমি আজ এসেছি, আপনাদের কাছে ধানের শীষে ভোট চাইতে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষ বাঁচানোর জন্য চার দলকে বিজয়ী করুন।"
ভাসানটেক থেকে হঠাৎ খালেদা জিয়ার গাড়িবহর শ্যাওড়াপাড়ার এক গার্মেন্টস কারখানায় এসে দাঁড়ায়। তিনি সেখানে ঢুকে নারী শ্রমিকদের কাছে তাদের মজুরি ও অন্যান্য খোঁজ-খবর নেন।
শনিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত তার ধানমন্ডি, জিগাতলা, কনকতলী, হাজারীবাগ, আজমপুর, কাওরান বাজার, গ্রীন রোড, রুপনগর, কুর্মিটোলা, মীরপুর-১২, মীরপুর-২ সড়কের বিভিন্ন এলাকায় গণসংযোগ করার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২৩১৫ঘ.
bdnews24