মঈনুল হোসেন চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এবার নির্বাচনে বেসরকারি ফলাফল গ্রহণ ও প্রকাশে ইসি বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। রিটার্নিং কর্মকর্তাকে নির্বাচন কমিশনের গোপনীয় 'কোড' নম্বর অনুসরণ করে প্রাথমিক ফলাফল পাঠাতে হবে। এ কার্যক্রম পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানো হচ্ছে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের।
সোমবার সকাল আটটা থেকে বিকাল বিকাল চার টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
নির্বাচন কমিশনের সর্বশেষ প্রস্তুতি অবহিত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা শনিবার বিকালে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেন তিনি।
এসময় সিইসি সাংবাদিকদের বলেন, ''নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার জাতির উদ্দেশে ভাষণে সব বিষয় তুলে ধরা হবে।''
নির্বাচন কমিশন সচিবকে এবারের নির্বাচনে বেসরকারি ফলাফল সংগ্রহের বিষয়ে সতর্ক থাকার নিদেশ দেন সিইসি।
তিনি বলেন, ''রিটার্নিং কর্মকর্তারা ফলাফল পাঠানোর সময় সঠিক ব্যক্তি পাঠিয়েছেন কিনা- তা দেখতে হবে। অনেক সময় কিছু জাল স্বাক্ষর করা ফলাফলও ফ্যাক্সে পাঠিয়ে দিতে পারে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। ফোনে, ইমেইলে কিংবা ফ্যাক্সে আসা ফলাফল সঠিক থাকতে হবে।''
নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির জানান, সংসদীয় এলাকাভিত্তিক প্রাথমিক বেসরকারি ফলাফল সংগ্রহে নির্বাচন কমিশন সচিবালয়ের ১৭টি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যাপক প্রস্তুতি ইসির রয়েছে। ফলাফল প্রকাশের সময় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হবে।
যুগ্মসচিব রফিকুল ইসলাম জানান, রিটার্নিং কর্মকর্তার পাঠানো ফলাফল সংগ্রহে এই প্রথম নির্বাচন কমিশন সচিবালয় 'বিশেষ কোড' ব্যবহার করবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্বাচনের দিন এ বিষয়ে অবহিত করা হবে। নির্দিষ্ট কোডেই সংশ্লিষ্ট সংসদীয় আসনের ফলাফল প্রেরণ করতে হবে। এক্ষেত্রে অন্য কোনও স্থান থেকে ভুয়া ফলাফল আসা কিংবা তা গ্রহণের সুযোগ থাকছে না।
আগারগাঁওস্থ নির্বাচন কমিশন সচিবালয়ের সংলগ্ন এলাকায় বিশেষ প্যান্ডেল করে এবার ফলাফল ঘোষণার ব্যবস্থা নিয়েছে ইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২২২১ঘ.
bdnews24