ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতীতের ভুলভ্রান্তির জন্য 'দুঃখ' প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, নির্বাচিত হলে বিএনপি সরকারের প্রথম কাজ হবে দ্রব্যমূল্য কমিয়ে আনা। কঠোরভাবে দুর্নীতি ও সন্ত্রাস দমনের অঙ্গীকারের পাশাপাশি সংসদকে কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও প্রতিশ্র"তি দিয়েছেন তিনি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, "উন্নয়নের সুবিশাল কর্মযজ্ঞে আমাদের কিছু ভুলভ্রান্তিও হয়েছিল। আমরা সেই সব ভুলভ্রান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং আশা করছি আপনারা আমাদের ব্যর্থতা ও ভুলত্র"টিগুলো ক্ষমার চোখে দেখবেন।
"আপনাদের বিশ্বাস করতে অনুরোধ করছি যে, অতীতের ওইসব ভুলভ্রান্তি থেকে আমরা শিক্ষা নিয়েছি।"
রাত সোয়া ৯টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) খালেদা জিয়ার এই ভাষণ প্রচার করে। ভাষণটি বিটিভিতে আগেই ধারণ করা হয়।
চারদলীয় জোট নেত্রী বলেন, "নির্বাচিত হলে বিএনপি সরকারের প্রথম কাজটি হবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি রোধ করে, তা দ্রুত কমিয়ে আনা। খাদ্য উৎপাদন বৃদ্ধি করে এবং প্রয়োজনে ভর্তুকি দিয়ে কৃষিপণ্য উৎপাদনের খরচ কমিয়ে, দ্রুত চাল, ডাল, আটা ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম কমিয়ে সাধারণ মানুষের কেনার ক্ষমতার মধ্যে নিয়ে আসা।
"আজ আমি দৃঢ় অঙ্গীকার করছি যে আগামীতে ক্ষমতায় গেলে অবশ্যই কঠোরভাবে দুর্নীতি ও সন্ত্রাস দমন করব। দুর্নীতিবাজ ও সন্ত্রাসী যেই হোন না কেন, কাউকে ছাড় দেয়া হবে না।"
সংসদকে কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্র"তি দিয়ে খালেদা বলেন, "নির্বাচনী ইশতেহারে আমরা ঘোষণা করেছি যে, বিরোধী দল থেকে ডেপুটি স্পীকার নির্বাচন করা হবে। নির্বাচিত স্পীকার ও ডেপুটি স্পীকার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তাদের স্ব স্ব দল থেকে পদত্যাগ করে পুরোপুরি নিরপেক্ষ হয়ে যাবেন। আমরা সংসদীয় স্থায়ী কমিটিতে চেয়ারম্যান পদে সংখ্যাগরিষ্ঠ দলের পাশাপাশি বিরোধী দলের সদস্যও নির্বাচিত করব।
"আমরা নির্বাচিত হলে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স সংশোধন করে প্রধানমন্ত্রীর পরেই এবং সব মন্ত্রীর ওপরে, বিরোধী দলীয় নেতার অবস্থান ও মর্যাদা নির্ধারণ করব। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী দলীয় নেতার মতামত ও পরামর্শ গ্রহণের মাধ্যমে জাতীয় ঐক্যমত গড়ে তোলার উদ্যোগ নেব। সংসদের ভিতরে-বাইরে আলোচনা করে এই উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করব।"
বিগত সময়ে বিএনপি সরকারই দেশের প্রচার মাধ্যমের স্বাধীনতাকে অবারিত করেছে দাবি করে খালেদা অভিযোগ করেন, "দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রতি প্রচার মাধ্যমের সমর্থন ও সহযোগিতা খুবই কম। বরং রয়েছে সীমাহীন অপপ্রচার।"
বিএনপি চেয়ারপার্সন বলেন, "আপনারা জানেন, নবম জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল আজ থেকে প্রায় দুই বছর আগে ২২ জানুয়ারি ২০০৭-এ। কিন্তু নির্ধারিত সময়ে সেই নির্বাচনটি হতে পারেনি। বহু উৎকণ্ঠা, অনিশ্চয়তা ও গড়িমসির পর সেই নির্বাচনটি অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯ ডিসেম্বর ২০০৮-এ।"
গত দুই বছরে দেশের অর্থনীতি পিছিয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, "একটি অনির্বাচিত সরকারের দুই বছরের শাসন দেশকে পিছিয়ে দেয় বহু বছর। মানুষকে করে ফেলে পুরোপুরি বিপন্ন। আর সেজন্যই আমাদের এবারের নির্বাচনী স্লোগান: দেশ বাঁচাও, মানুষ বাঁচাও।"
সন্ত্রাসবাদকে বৈশ্বিক হুমকি ও বিপদ হিসেবে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, "ধর্মের নামে সন্ত্রাসের সৃষ্টি এবং তাকে মোকাবেলার জন্য সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে এই পৃথিবীকে আরো অনিরাপদ করে তোলা হয়েছে।
"সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে লড়তে হবে। এ ব্যাপারে আমরা খুবই সচেতন। তবে সেজন্য দক্ষিণ এশিয়ায় নতুন কোনো টাস্কফোর্স গঠন করার প্রয়োজনীয়তা নেই। কেননা এ ধরনের কোনো জোট গড়ার সঙ্গে দুর্বল রাষ্ট্রের সার্বভৌমত্বের স্পর্শকাতর প্রসঙ্গটি অনিবার্যভাবে জড়িয়ে থাকে।"
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সন্ত্রাস দমনে 'দক্ষিণ এশীয় টাস্কফোর্স' গড়ার প্রতিশ্র"তির প্রতি ইংগিত করেই বিএনপি চেয়ারপারসন এ কথা বলেন।
যুদ্ধাপরাধীদের বিচার বা মুক্তিযোদ্ধাদের অবস্থার উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়ার প্রতিশ্র"তিও তিনি এ ভাষণে দেননি।
খালেদা জিয়ার ভাষণের আগে রাত ৮টায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধারণকৃত ভাষণ প্রচার করে বিটিভি।
বিএনপি আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামিসহ আরো কয়েকটি দল নিয়ে গঠিত চারদলীয় জোটের সঙ্গে নির্বাচন করছে। আর আওয়ামী লীগ চৌদ্দদল ও জাতীয়পার্টিসহ সমমনাদের নিয়ে গঠিত মহাজোট এর হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/জেকে/২৩০০ঘ.
bdnews24