ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেবল প্রতিপক্ষের ভুলভ্রান্তি থেকে নয়, নিজেদের ভুল ও সীমাবদ্ধতা থেকেও শিক্ষা নেওয়ার মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার শেষ দিন শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, "অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য অতীত অভিজ্ঞতাগুলো তুলে ধরলাম। কেবল প্রতিপক্ষের ভুলভ্রান্তি থেকে নয়, নিজেদের ভুলভ্রান্তি ও সীমাবদ্ধতা থেকেও শিক্ষা নিতে চাই আমরা।"
রাত সাড়ে ৮টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) শেখ হাসিনার এই ভাষণ প্রচার করে। ভাষণটি আগেই ধারণ করা হয়।
হাসিনা বলেন, "ভোটের অধিকার নিয়ে বাংলাদেশের জনগণকে আর যেন কোনো সংঘাতময় পরিবেশে ফিরে যেতে না হয়, গণতন্ত্র ও ভোটের অধিকার যেন নিশ্চিত থাকে, তার জন্য সবার সম্মিলিত প্রয়াস একান্তভাবে প্রয়োজন।"
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষণ শুরু করেন শেখ হাসিনা। মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদান ও ১৯৯৬ সালের নির্বাচনে জয়ী আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন তিনি।
ভাষণে শেখ হাসিনা আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্র"তিগুলোও তুলে ধরেন।
তিনি বলেন, "নির্বাচনী ইশতেহার ও ভিশন ২০২১ এর প্রতি ইতোমধ্যে দেশবাসীর যে অভূতপূর্ব সাড়া ও সমর্থন পেয়েছি তাতে এটি একটি জাতীয় সনদে পরিণত হয়েছে।"
দেশে জঙ্গি তৎপরতার প্রসঙ্গ টেনে হাসিনা বলেন, "২০০৪ সালে গ্রেনেড হামলা চালিয়ে আমাকে হত্যার চেষ্টা করা হয়। এতে আইভি রহমানসহ ২২জন মারা যান। আল্লাহর রহমতে আমি বেঁচে যাই।"
২০০১ সালে নির্বাচনে জয়ী চারদলীয় জোট সরকারের সমালোচনা করে মহাজোট নেত্রী বলেন, "তারা ১১১জন গডফাদার তৈরি করেছিল। হাওয়া ভবনকে সরকারের 'প্যারালাল' কেন্দ্রে পরিণত করেছিল।"
২০০৬ সালে সাবেক জোট সরকারের ক্ষমতা ছাড়ার পর গঠিত প্রথম তত্ত্বাবধায়ক সরকারেরও সমালোচনা করেন হাসিনা। তিনি বলেন, "হাইকোর্টের আদেশ অমান্য করে ভুয়া ভোটার তালিকা তৈরি করা হয়েছিল।"
২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কথা উল্লেখ করে হাসিনা বলেন, "তখন আমরা বাংলাদেশকে কেমন দেখতে চাই তা আমরা ভিশন ২০২১ এ তুলে ধরেছি যা ভবিষ্যত বাংলাদেশের রূপকল্প।"
আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ২০১২ সালের মধ্যে বাংলাদেশকে পুনরায় আত্মনির্ভরশীল এবং খাদ্য উদ্বৃত্ত দেশ হিসেবে পরিণত করার প্রতিশ্র"তি দেন দলের সভানেত্রী।
এছাড়া দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী ও কার্যকর করা, দারিদ্র বিমোচন, কৃষি ও গ্রামীণ উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্র"তি দেন তিনি।
২০১৩ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ৭ হাজার মেগাওয়াটে উন্নীত করার অঙ্গীকার ব্যক্ত করে আওয়ামী লীগ সভানেত্রী ২০২১ সালের মধ্যে 'সবার জন্য বিদ্যুৎ' নিশ্চিত করার প্রতিশ্র"তি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএএল/জেকে/এসকে/২২৪০ঘ.
bdnews24