মুক্তাদীর আহমদ, প্রতিনিধি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সিলেট, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০১ সালের নির্বাচনে সিলেট জেলার ছয়টি আসনের সবক'টি পেয়েছিল চারদলীয় জোট। '৯৬ এর নির্বাচনে চারটিতে জিতেছিল আওয়ামী লীগ এবং একটিতে এর বর্তমান শরিক জাতীয় পার্টি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা হারানো ৫টি পুনরুদ্ধারসহ সবকটি আসনই পেতে চান। তাদের প্রবল 'আগ্রাসনের' মুখে আসনগুলো ধরে রাখার মরিয়া চেষ্টা চালাচ্ছে চারদলীয় জোট। জানাচ্ছেন মুক্তাদীর আহমদ।
দখল আর পুনরুদ্ধারের এ লড়াইয়ে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সিলেট-১ আসন। সিলেট মহানগর ও সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনটিকে মর্যাদাপূর্ণ আসন হিসেবে দেখা হয়। কাকতালীয় হলেও দেখা গেছে যে দল বা জোট প্রার্থী এ আসনে বিজয়ী হন তারাই সরকার গঠন করেন। অন্তত গত চারটি নির্বাচনের ফলাফল দেখে অভিজ্ঞরা এবারও সে রকম ধারণাই করছেন।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জের একাংশ) আসনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্বতন্ত্র ও মহাজোটের পৃথক প্রার্থীর কারণে। এখানে চারদলী জোটের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা আবদুল কাইয়ুম চৌধুরী। আর জোটের প্রার্থী হয়েছেন বিএনপির সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী। মহাজোটের শরিক আওয়ামী লীগের প্রার্থী গতবারের পরাজিত মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। জাতীয় পার্টির প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক। মহাজোটে বিভেদের কারণে এ আসনটি পুরুদ্ধার করা সম্ভব নাও হতে পারে বলে স্থানীয়দের ধারণা।
সিলেটের ছয়টি আসনে এবার মোট ভোটার ১৭ লাখ ৯ হাজার ৭০৪। এর মধ্যে পুরুষ আট লাখ ৪৪ হাজার ৮২০ এবং নারী ভোটার আট লাখ ৬৪ হাজার ৮৮৪ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিলেট জেলায় মোট ৮২১টি কেন্দ্রে ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ হয়েছে।
সিলেট-১ (মহানগর-সদর উপজেলা): মোট ভোটার চার লাখ ২৩ হাজার ২৭৮ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ২৩ হাজার ৮৬১ এবং নারী এক লাখ ৯৯ হাজার ৪১৭ জন।
গত নির্বাচনের মত এবারও লড়ছেন সাবেক দুই অর্থমন্ত্রী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত। দু'জনই জয়ের ব্যাপারে আশাবাদী। তারপরও তারা ভোট চাইতে প্রতিদিন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ভোটাররাও যোগ্য আইনপ্রণেতা নির্বাচনের জন্য প্রার্থীদের অতীত কর্মকাণ্ড চুলচেরা বিশ্লেষণ করছেন।
২০০১ সালের নির্বাচনে সিলেট-১ আসনে চারদলীয় জোটের প্রার্থী সাইফুর রহমান এক লাখ ৩৩ হাজার ৩১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আবদুল মুহিত পেয়েছিলেন ৯৩ হাজার ২১৮ ভোট। সাইফুর রহমান মৌলভীবাজারে আরেকটি আসনে নির্বাচন করায় সিলেট-১ আসনে প্রচারণায় এগিয়ে রয়েছেন মুহিত। তিনি সিটি করপোরেশন নির্বাচন থেকেই নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। মহাজোটের সন্ত্রাস, দুর্নীতিবাজ নির্মূলের প্রতিশ্র"তির বিপরীতে চারদলীয় জোট উন্নয়নের ধারা অব্যাহত রাখার কথা বলে আসছে।
২০০৪ সালে শাহজালালের মাজার প্রাঙ্গণে বাংলাদেশে সেসময়ের ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলা হয়েছিল। এছাড়া সাইফুর ও তার ছেলের দুর্নীতির নানান খবর পত্রিকায় প্রকাশিত হয়েছে। সাইফুর গ্যাটকো মামলার আসামি। অন্যদিকে তার ছেলে সাবেক সাংসদ নাসের রহমান সাজাপ্রাপ্ত এবং বর্তমানে কারাগারে আছেন। এ বিষয়গুলো ভোটারদের কাছে বড় হয়ে উঠতে পারে এবার নির্বাচনে। এ ছাড়া মহানগর বিএনপির একটি অংশ তার প্রচারণায় অংশ না নেওয়ায় এর প্রভাবও পড়তে পারে। '৯৬ নির্বাচনে এ আসনে জয়লাভ করেছিলেন হুমায়ুন রশীদ চৌধুরী। সেবার আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। এবার সিটি করপোরেশন নির্বাচনে বদর উদ্দিন আহমদ কামরানের বিজয় আওয়ামী লীগ তথা মহাজোটকে আশাবাদী করছে।
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর-বালাগঞ্জের একাংশ): মোট ভোটার দুই ৪৯ হাজার ৭৭৭ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ২৩ হাজার ১২ এবং নারী এক লাখ ২৬ হাজার ৭৬৫ জন।
এ আসনে চারদলীয় জোটের প্রার্থী এম ইলিয়াস আলী। আর মহাজোটের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান চৌধুরী। শফিকুর রহমান চৌধুরী এবারই প্রথম এ আসনে নির্বাচন করছেন। ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী ইলিয়াস আলী আওয়ামী লীগের প্রার্থী শাহ আজিজুর রহমানকে বিপুল ভোটে পরাজিত করেছিলেন।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জের একাংশ): মোট ভোটার দুই লাখ ১৪ হাজার ৬৩ জন। এর মধ্যে পুরুষ এক লাখ চার হাজার ২৫৪ এবং নারী এক লাখ নয় হাজার ৮০৯ জন।
এ আসনে ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী শফি আহমদ চৌধুরী ৫৫ হাজার ৯৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস পান ৪৪ হাজার ৩৩৮ ভোট। এবারও এ আসনে দু'জন নিজেদের দল থেকে প্রার্থী হয়েছেন। জাতীয় পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক। তারা তিনজনই এখন নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা আবদুল কাইয়ুম চৌধুরী।
সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ): মোট দুই লাখ ৮৩ হাজার ৬৮২ জন ভোটারের মধ্যে পুরুষ এক লাখ ৩৯ হাজার ৪৯৮ এবং নারী এক লাখ ৪৪ হাজার ১৮৪ জন।
এখানে এবারও মুখোমুখি হয়েছেন পুরনো দুই প্রতিদ্বন্দ্বী। আওয়ামী লীগের সাবেক সাংসদ ইমরান আহমদ ও বিএনপির সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম। দু'জনই এখন এলাকা চষে বেড়াচ্ছেন। ২০০১ সালের নির্বাচনে এ আসনে দিলদার হোসেন বিজয়ী হয়েছিলেন। এবার কোম্পানীগঞ্জ এ আসনের সঙ্গে যুক্ত হওয়ায় ভোটের হিসাব পাল্টে যেতে পারে।
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট): মোট ভোটার দুই লাখ ৪৪ হাজার ১৯৮। এর মধ্যে পুরুষ এক লাখ ১৪ হাজার ৭০৬ এবং মহিলা এক লাখ ২৯ হাজার ৪৯২ জন।
নির্বাচনী আসনে আবার মুখোমুখি হয়েছেন পুরনো দুই প্রার্থী মহাজোটের হাফিজ আহমদ মজুমদার ও চারদলের মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। এ আসনে চারদলীয় জোটের প্রার্থী জামায়াতের ফরিদ উদ্দিনকে ঠেকাতে মহাজোট নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন।
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার): মোট ভোটার দুই লাখ ৯৪ হাজার ৭০৬ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৩৯ হাজার ৪৮৯ এবং মহিলা এক লাখ ৫৫ হাজার ২১৭ জন।
গত নির্বাচনে এ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ড. সৈয়দ মকবুল হোসেন আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম নাহিদকে হারিয়েছিলেন। এবারও মকবুল স্বতন্ত্র প্রার্থী এবং আবার নাহিদের মুখোমুখি। এ আসনে চারদলীয় জোটের প্রার্থী জামায়াতের মাওলানা হাবিবুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএইচবি/২০৩৫ ঘ.
bdnews24