নেত্রকোনা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা-২ আসনে মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় পার্টির ফকির আশরাফ শনিবার আওয়ামী লীগ প্রার্থী আশরাফ আলী খান খসরুর সমর্থনে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
দুপুরে নেত্রকোনা শহরের নাগড়ায় নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে ফকির আশরাফ এ ঘোষণা দেন। সরে দাঁড়ানোর কারণ হিসেবে মহাজোটের 'বৃহত্তর স্বার্থ' রক্ষার কথা বলেছেন তিনি।
ফকির আশরাফ বলেন, "গত ১ ডিসেম্বর মহাজোটের এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টিকে ৪৯টি আসন ছেড়ে দেওয়া হয়। নেত্রকোনা-২ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করা হয়। কিন্তু আমার মনোনয়ন নিয়ে আইনগত জটিলতা দেখা দেওয়ায় আদালতের রায় নিয়ে মাঠে নামতে আমার এক সপ্তাহ দেরি হয়ে যায়। এই সময়ের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু মাঠে নেমে অনেক দূর এগিয়ে যান। এখন এ আসনে মহাজোট থেকে দু'জন প্রার্থী মাঠে থাকায় দু'দলের নেতাকর্মীদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে; মহাজোটও সঙ্কটের মুখে পড়েছে।"
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, "এ অবস্থায় মহাজোটের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।"
অন্যদের মধ্যে জাতীয় পার্টির জেলা সহসভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী, জেলা শ্রমিক পার্টির সভাপতি রফিকুল ইসলাম সবুজ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/১৮৪৫ ঘ.
bdnews24