ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার নির্বাচনে কালো টাকার ব্যবহার বেশি হচ্ছে এবং প্রধান দুই জোট প্রশাসনকে ব্যবহারের প্রতিযোগিতায় নেমেছে বলে অভিযোগ করেছে জাতীয় যুক্তফ্রন্ট।
সেগুনবাগিচার কার্যালয়ে শনিবার এক নির্বাচন-পূর্ব সংবাদ সম্মেলনে ফ্রন্টের শরিক দলের নেতারা এ অভিযোগ করেন।
এতে লিখিত বক্তব্য পড়ে শোনান যুক্তফ্রন্টের মিডিয়া সেলের প্রধান কামাল হায়দার।
তিনি বলেন, "অন্য যে কোনো নির্বাচনের তুলনায় এবারের জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি বেশি হচ্ছে। এক্ষেত্রে নতুন প্রচলিত এক হাজার টাকার নোট ভোট কেনা-বেচায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।"
গণ ফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য দুই জোটের দুই অন্যতম শরিক দলকে 'স্বৈরাচার ও রাজাকার' উল্লেখ করে বলেন, "প্রশাসনকে কে কতটা ব্যবহার করতে পারে, দুই জোট তার প্রতিযোগিতায় নেমেছে।"
নির্বাচনে বিভিন্ন দলকে সমর্থন দিচ্ছে- এমন কর্মকর্তাদের প্রত্যাহার করে নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, যুক্তফ্রন্টের প্রার্থীদের মধ্যে চাপাইনবাবগঞ্জ-২ আসনে কল্যাণ পার্টির ফেরদৌসুল আলমকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। চাপাইনবাবগঞ্জ-১ আসনে গণফোরামের গোলাম রাব্বানীকে নির্বাচনী প্রচার চালাতে দেওয়া হচ্ছে না। রাজশাহী-৩ আসনে বিকল্পধারার মাসকাওয়াথ আহসানের কর্মীদের ওপর চারদলীয় জোট কর্মীরা হামলা চালিয়েছে।
অন্যদের মধ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড পার্টির প্রধান আবম মোস্তফা আমিন, কল্যাণ পার্টির কেন্দ্রীয় নেতা এম এ হাসেম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/১৮৩৩ ঘ.
bdnews24