সুমন মাহবুব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
চট্টগ্রাম, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের আগ মুহূর্তে কালো টাকার ছড়াছড়ি হবে- এ আশঙ্কার কথা জানিয়ে দেশবাসীকে সজাগ থাকতে বলেছেন শেখ হাসিনা।
শনিবার চট্টগ্রামের লালদীঘির ময়দানের জনসভায় চারদলীয় জোটকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা একদিনের জন্য টাকা দিয়ে ভোট কিনে আপনাদের পাঁচ বছর শোষণ করবে।
ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার করার প্রতিশ্র"তিও দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী।
চট্টগ্রামে জনসভার মধ্য দিয়েই ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম সংসদ নির্বাচনের প্রচারণার সমাপ্তি টানলেন তিনি।
জনসভায় শেখ হাসিনা বলেন, "আজ আমি আপনাদের সামনে নির্বাচনের আগে শেষ জনসভা করছি। আমরা দারিদ্র্যমুক্ত দেশ দেখতে চাই। এজন্য চাই, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে।"
তিনি বলেন, "বাংলার মানুষ বাঁচতে চায়; চায় উন্নত জীবন। চারদলীয় জোট সরকার বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছিল।"
হাসিনা বলেন, "২৯ ডিসেম্বর আপনারা ভোট দেবেন। এটা আপনাদের সাংবিধানিক অধিকার।"
তিনি বলেন, "আজ (শনিবার) থেকে বিএনপি-জামায়াত কিন্তু কালো টাকা নিয়ে ভোট কিনতে নামবে। আপনাদের সজাগ থাকতে হবে।
"আপনারা এক দিনে একশ বা এক হাজার টাকা নেবেন। নাকি, নৌকায় ভোট দিয়ে পাঁচ বছর সস্তায় জিনিসপত্র কিনবেন। তা আপনাদেরই ঠিক করতে হবে। তারা একদিনের জন্য টাকা দিয়ে জনগণের ভোট কিনে পাঁচ বছর জনগণকে শোষণ করবে। জনগণের অর্থসম্পদ লুট করবে। আঙ্গুল ফুলে কলাগাছ হবে।"
নৌকার জন্য ভোট চেয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "আপনারা নৌকা প্রতীকে ভোট দেবেন, যেন বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার করা যায়। যেন ঘুষখোর-দুর্নীতিবাজদের বাংলার মাটি থেকে চিরতরে বিদায় করা যায়।"
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে হাসিনা বলেন, "আমরা জাতীয় পার্টির লাঙল নৌকায় তুলে নিয়েছি। আপনারা মহাজোট প্রার্থীকে ভোট দেবেন।"
হাসিনা বলেন, "গুলি-গ্রেনেড যতই আসুক, আমি বাংলার মানুষের ভাগ্যেন্নয়নে কাজ করে যাব। শেষ রক্ত বিন্দু দিয়ে কাজ করব।"
তিনি চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা, কর্ণফুলী নদীর ওপর ঝুলন্ত সেতু নির্মাণ এবং চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করার আশ্বাস দেন।
হাসিনা একইসঙ্গে বলেন, "বঙ্গোপসাগরে গভীর সমুদ্র বন্দর স্থাপন করা হবে। এতে চট্টগ্রামও উপকৃত হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোও তা ব্যবহার করতে পারবে।"
জনসভায় চট্টগ্রামের বিভিন্ন আসনে আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীদের পরিচয় করিয়ে দেন হাসিনা। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
প্রার্থীদের মধ্যে মঞ্চে ছিলেন- জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদ, আওয়ামী লীগের আথতারুজ্জামান বাবু, নুরুল ইসলাম বিএসসি, ড. হাছান মাহমুদ, ইঞ্জিনিয়ার আফছারউদ্দিন আহমেদ, এমএ লতিফ, ফজলে করিম চৌধুরী, সুলতানুল কবির চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, জাসদের মঈনুদ্দীন খান বাদল।
এদের সবাইকে পরিচয় করিয়ে দেন হাসিনা। তবে চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগ প্রার্থী আফছারুল আমিন মঞ্চে থাকলেও তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। ওই আসনে জাতীয় পার্টির মোরশেদ মুরাদ ইব্রাহীমও প্রার্থী রয়েছেন।
ঢাকা থেকে চট্টগ্রামের পথে কুমিল্লা, ফেনী, মুন্সিগঞ্জে বেশ কয়েকটি পথসভায় বক্তৃতা করেন শেখ হাসিনা। চট্টগ্রাম জেলায় ঢোকার পর মীরসরাইয়ে আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং সীতাকুণ্ডে আওয়ামী লীগ প্রার্থী এবিএম আবুল কাশেম মাস্টারের সমর্থনে দুটি পথসভায় বক্তব্য রাখেন হাসিনা।
দুপুরে ফেনীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "আমরা খবর পাচ্ছি- নৌকার ব্যাজ পরে চারদলীয় জোটের সন্ত্রাসীরা ভোটারদের বিভ্রান্ত করছে। আপনারা এরকম কাউকে পেলে তাদের ধরে আওয়ামী লীগের নেতাদের হাতে সোপর্দ করবেন।"
তিনি প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান। সংখ্যালঘু ভোটারদের ভোটধিকার নিশ্চিত করার অহ্বানও জানান তিনি।
হাসিনা বলেন, "তারা (চারদল) বস্তায় করে টাকা নিয়ে যেন আপনাদের কাছে যেতে না পারে, টাকা বিলাতে না পারে- সেজন্য আপনাদের পাহারা দিতে হবে।"
খালেদা জিয়ার নাম উল্লেখ না করে হাসিনা বলেন, "অনেকেই নিজেকে ফেনীর মেয়ে হিসাবে দাবি করেন। কিন্তু, ফেনীর উন্নয়নের জন্য কিছুই করেনি।"
আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ফেনীতে মাতামুহুরী সেচ প্রকল্প চালু, ফেনী-বিলুনিয়া ট্রেন যোগাযোগ পুনরায় শুরু, ফেনীতে একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন এবং মেয়েদের ক্যাডেট কলেজ করার প্রতিশ্র"তি দেন শেখ হাসিনা।
সকালে ঢাকা থেকে রওনা হওয়ার পর মুন্সিগঞ্জ, কুমিল্লায় বিভিন্ন জনসভায় বক্তব্য রাখেন হাসিনা।
চট্টগ্রাম থেকে রাতে বিমানযোগে ঢাকায় ফিরবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউএস/এমআই/১৮২৮ ঘ.
bdnews24