ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী প্রচারণার শেষ জনসভায় অতীতের ভুলের জন্য দুঃখপ্রকাশ করে চারদলীয় জোটকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন জোট নেত্রী খালেদা জিয়া।
সভায় দেওয়া ভাষণে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দুর্নীতি ও সন্ত্রাস দমনের জন্য চারদলের পক্ষে ভোট চান। (আরো তথ্যসহ ৩ )
শনিবার বিকালে চারদলীয় জোটের উদ্যোগে পল্টন ময়দানে এ সভা হয়।
খালেদা জিয়া ভাষণে বলেন, "চারদলকে ভোট দিয়ে দেশ বাঁচান, মানুষ বাঁচান। ক্ষমতায় থেকে ভুল ভ্রান্তি করতে পারি। এ জন্য আমি দুঃখিত, আমি এ জন্য ক্ষমা চাচ্ছি। অতীতের এ ভুল থেকে শিক্ষা নিয়ে আমি আগামীতে নতুনভাবে কাজ করে যাবো।"
প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, "তারা মহাচোরকে নিয়ে মহাজোট করেছে।"
তিনি এ প্রসঙ্গে সাবেক স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের তীব্র নিন্দা করেন।
নতুন ভোটারদের ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে খালেদা বলেন, "আমি মা হিসাবে তোমাদের বলছি, তোমরা ধানের শীষে ভোট দিয়ে আমাদের বিজয়ী করলে একটি সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করবো। তোমরাই আগামী দিনের ভবিষ্যত। আর পেছনের দিকে তাকানোর সময় নেই। আমাদের সবাইকে সামনে এগিয়ে যেতে হবে।"
মুহুর্মুহু করতালির মধ্যে দলের ঢাকা জেলার ১৯টি আসনে দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে খালেদা জিয়া বলেন, "আজ ঢাকাবাসী জেগে উঠেছে। ২৯ ডিসেম্বর চারদলকে ভোট দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করুন। দেশকে বাচান, আপনিও বাঁচুন।"
বিকাল সোয়া ৩টায় জনসভা শুরু হয়। ৩টা ৫০ মিনিটের দিকে খালেদা জিয়া সভা স্থলে এসে পৌঁছান।
আগের দিনের আওয়ামী লীগের জনসভার মতো চারদলীয় জোটের সভাও হয় ব্যাপক নিরাপত্তার মধ্যে। মঞ্চে যেখানে খালেদা জিয়া বসেন, তা বুলেট প্র"ফ কাচ দিয়ে ঘিরে রাখা ছিল। শেখ হাসিনাও শুক্রবার পল্টনে বুলেট প্র"ফ কাচ ঘেরা মঞ্চে বক্তৃতা করেন।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দুপুর ১২টা থেকেই বিএনপির মিছিল পল্টনে আসতে শুরু করে। ময়দানে সবাইকে ঢুকতে হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের মধ্যের প্রধান ফটক দিয়ে। সেখানে নিরাপত্তা বাহিনী কয়েকদফা তল্লাশি চালায়।
পল্টন ময়দানের আশপাশের ভবনগুলোতে নিরাপত্তা বাহিনীর কড়া পাহারা ছিল। দুটি স্টেডিয়ামের ওপর পুলিশ সদস্যরা অবস্থান নেয়। পাশের শিল্প ভবন, রাজউক ভবনের ছাদেও ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
সভামঞ্চের পেছনের ব্যানারে লেখা ছিল - 'গণতন্ত্র ও উন্নয়নের লক্ষ্যে দেশ বাঁচাও-মানুষ বাঁচাও'।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক, বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, সাংগঠিনক সম্পাদক আমানুল্লাহ আমানসহ চারদলীয় জোটের নগর নেতারা।
বিকেল ৪ টা ২৬ মিনিট থেকে ৫টা ২৬ মিনিট পর্যন্ত এক ঘণ্টার এ বক্তব্যের শুরুতে মুক্তিযোদ্ধাদের প্রতি শুভেচ্ছা এবং দেশ মাতৃকার জন্য শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন খালেদা জিয়া।
তিনি বলেন, "২২ জানুয়ারি নির্বাচনে মহাজোট নির্বাচনে জিততে পারবে না বলেই দেশে বিশৃঙ্খলা, অরাজকতা সৃষ্টি করে নির্বাচন বানচাল করা হয়েছিল। তারা বুঝতে পেরেছিল দেশের মানুষ আবার চারদলকে ক্ষমতায় পাঠাবে।"
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমালোচনা করে খালেদা জিয়া বলেন, "চারদলের বিপক্ষে ১৪ দলকে নিয়ে যখন সাহসে কুলানো যাচ্ছে না তখন মহাচোরকে নিয়ে মহাজোট বানানো হলো। ওই মহাচোর গনতন্ত্র হরণ করেছিল। দুর্নীতির জন্য আদালতে সাজা হয়েছে। ওই সাজা বিশেষ আদালতে হয়নি। সাধারণ আদালতেই হয়েছে। এখনও অনেক মামলা আছে। এদেরকে নিয়ে গণতন্ত্রও আসবে না, দুর্নীতিও দূর হবে না।"
মহাজোটের সমালোচনা করে সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, "তাদের মুখে সন্ত্রাস দূর করার কথা মানায় না। মানুষ দেশে লগি-বৈঠার আন্দোলন দেখেছে। জেলায় জেলায় গডফাদার তৈরি করেছিল।"
বিএনপির ৫ বছরের বিগত শাসনামলে ব্যাপক উন্নয়নের দাবি করে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, নারী উন্নয়ন, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে এর বিবরণ তুলে ধরেন খালেদা জিয়া।
সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগ সরকারের পদক্ষেপ বিষয়ে হাসিনার বক্তব্য খণ্ডন করে বিএনপি চেয়ারপারসন বলেন, "দেশের জন্য পুরনো ও ভাঙা মিগ ও ফ্রিগেট কেনা হয়েছিল বেশি দামে, কমিশনও নিয়েছিল তারা। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে।"
নাম উল্লেখ না করে বিদেশী একটি প্রতিবেদনের পরিসংখ্যান তুলে ধরে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগের শাসনামলে ২০০০ সালে ১৭ হাজার ১৯২ কোটি টাকার দুর্নীতি হয়েছিল। বিএনপি সরকারে আসার পর তা কমে ৪ হাজার ৩৯১ কোটি টাকায় আসে এবং ২০০৫ সালে তা ৫২৬ কোটি টাকায় নামিয়ে আনা হয়।
খালেদা জিয়া অঙ্গীকার করেন, জোট ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতি ও সন্ত্রাস দমনে সব রকম ব্যবস্থা নেওয়া হবে। অতীতের মতো সন্ত্রাস ও জঙ্গি দমনেও কাউকে ছাড় দেওয়া হবে না।
আওয়ামী লীগের স্বাধীনতার অব্যবহিত পরের শাসনামলে শিক্ষা ক্ষেত্রে নকলের বিস্তার, অরাজকতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ ও দুর্ভিক্ষের অভিযোগ তুলে ধরেন খালেদা জিয়া।
স্বৈরশাসক এরশাদের শাসনামলে গণতন্ত্র ফিরিয়ে আনতে নিজের ভূমিকা এবং সামরিক শাসকের সঙ্গে শেখ হাসিনার কথিত 'আঁতাতের' কথা তুলে ধরে বিএনপি চেয়ারপার্সন বলেন, "একটি গণতান্ত্রিক সরকার হটিয়ে সামরিক সরকার যখন ক্ষমতা দখল করে তখন তিনি বলেছিলেন- 'আই অ্যাম নট আনহ্যাপি'। তার কাছে গণতন্ত্র আশা করা যায় না।"
দেশের বর্তমান অবস্থার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বিএনপি নেত্রী বলেন, "২২ জানুয়ারি নির্বাচন হলে আজকের এ অবস্থার সৃষ্টি হতো না। তাদের কারণে দেশ সামাজিক ও রাজনৈতিকভাবে অনেক পিছিয়ে গেছে।"
গত দুই বছরে তার ও তার পরিবারের ওপর নির্যাতন এবং বিএনপিকে ধ্বংসে নানা ষড়যন্ত্র হয়েছে বলে দাবি করে বিএনপি চেয়ারপারসন বলেন, "অনেকেই বিপদ দেখে দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু আমি নির্যাতনের মধ্যেও দেশের মাটি ও মানুষকে ছেড়ে কোথাও যাইনি। আমি ছিলাম, আছি, থাকবো।"
খালেদা জিয়া বলেন, "আপনাদের প্রতি আস্থা ও বিশ্বাস নিয়ে আজ আমি ভোটের দাবি নিয়ে এসেছি। দেশ ও মানুষকে বাঁচাতে চার দলকে ভোট দিন।"
নির্বাচিত হলে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকারও করেন খালেদা জিয়া।
তিনি বলেন, "আমরা এখন সব ভেদাভেদ ভুলে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে কাজ করতে চাই। যা হয়ে গেছে ভুলে গিয়ে সামনে এগুতে হবে। তাই দেশের স্বার্থে হরতাল, ধর্মঘট, অবরোধ, জ্বালাও- পোড়াও আন্দোলন বন্ধ করতে হবে। এটা জনগণ চায় না।"
বিএনপি চেয়ারপারসন চারদলের পক্ষে ভোট চেয়ে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ তুলে ধরেন। এর পর তিনি ঢাকা জেলার ১৭টি আসনের প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দেন।
বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, পল্টনের জনসভার পর সন্ধ্যা থেকে খালেদা জিয়া রাজধানীর কয়েকটি আসনে গণসংযোগ করে নির্বাচনী প্রচারণার সমাপ্তি টানবেন।
বিধি অনুযায়ী, ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনী প্রচারের শেষ সময় ২৭ ডিসেম্বর (শনিবার) রাত ১২টা।
২০০৬ সালের পর এই প্রথম খালেদা জিয়া পল্টনের জনসভায় বক্তব্য রাখলেন। তিনি গত ১২ ডিসেম্বর সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন।
কঠোর নিরাপত্তা বলয়:
চারদলীয় জোট নেত্রী খালেদা জিয়া ভাষণ দেওয়ার সময় তার সামনের দিক ছাড়া আশপাশে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) সদস্যরা নিরাপত্তা বেষ্টনী তৈরি করে। মঞ্চের চারপাশে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্য মোতায়েন করা হয়। মঞ্চ ও মাঠের বিভিন্ন স্থানে বসানো হয় ক্লোজ সার্কিট ক্যামেরা। তিন স্তরের নিরাপত্তা বেষ্টনীতে পুলিশ ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করেন। তিনটি গেট দিয়ে চার থেকে পাঁচ বার দেহ তল্লাশি করে পল্টন ময়দানে ঢুকতে দেওয়া হয়।
সমাবেশস্থলের চিত্র
তখনও খালেদা জিয়া সমাবেশস্থলে আসতে অনেক বাকি। ঘড়ির কাটায় সময় আড়াইটার মতো। এরমধ্যেই আসতে শুরু করে দলীয় নেতাকর্মীরা। 'ধানের শীষ' স্লোগান দিতে দিতে আসা অনেক মিছিলেই ছিল ঢোল ও নানা বাদ্যযন্ত্র । নিরাপত্তা বলয়ের মধ্যেই কর্মী সমর্থকরা নৃত্যের তালে তালে মিছিল নিয়ে ঢোকে পল্টন ময়দানে। এসব মিছিলে অংশ নেওয়া অনেক কর্মীর হাতে দেখা যায় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বড় বড় প্রতিকৃতি।
সাড়ে তিনটা বাজতেই কানায় কানায় ভরে ওঠে পল্টন ময়দান। তখনও মানুষ আসছিল। দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেট, রাজউক এভিনিউ, গুলিস্তান নর্থসাউথ রোড, মুক্তাঙ্গন, তোপখানা রোড, প্রেসক্লাব ও পুরানা পল্টনের আশপাশে সব সড়কে মিছিল এসে সমবেত হলে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে।
তোপখানা রোড থেকে গুলিস্তান....
সমাবেশ ছড়িয়ে পড়েছিল দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম উত্তর গেট, রাজউক এভিনিউ, গুলিস্তান, মুক্তাঙ্গন,বায়তুল মোকাররম মোড়, জিরো পয়েন্ট পর্যন্ত সব অলি-গলিতে। ভাষণ শুনতে গিয়ে বাদাম বিক্রেতাদেরও আনন্দের সীমা ছিল না। রফিক ও মান্নান দুই বাদামঅলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' আজকে দ্ইু জনে ৮ কেজি বাদাম আনছিলাম, মাত্র দুই ঘন্টায় সব শেষ হয়ে গেছে। ভাল লাভ হয়েছে।''
মিছিলের বন্যা ...
দলীয় কর্মীরা মিছিলকে আরো আকর্ষণীয় করতে বহন করে বর্ণিল উৎসব পতাকা। বিএনপির ধানের শীষ প্রতীকের পাশাপাশি জামায়াতের মিছিলগুলোতে ছিল বড় বড় কাগজের তৈরি দাঁড়ি পাল্লা। বিএনপির দলীয় পতাকা নিয়ে লালবাগ-কামরাঙ্গীর চর, সূত্রাপুর, সবুজবাগ, ডেমরা-শ্যামপুর এলাকা থেকে বিশাল আকারের মিছিল এসেছে। লালবাগ থেকে যুব দলের কর্মী শরফুদ্দিন ও সুত্রাপুর থেকে আসা মহিলা দলের শিমূল সমাবেশ দেখে ভীষণ আশাবাদী চার দল বিজয়ী হবে। তারা বলেন, ''ম্যাডাম অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে নেতৃত্বসুলভ চরিত্রের পরিচয় দিয়েছেন।''
ব্যান্ডপার্টির সুর মূর্চ্ছনা...
'প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ '- বিএনপির এই দলীয় সঙ্গীতের তালে মিছিলের পাশাপাশি ব্যান্ড দলের সুর মূর্চ্ছনায় সমাবেশস্থল মেতে ওঠে। ব্যান্ডবাদ্যের তালে তালে তরুণ কর্মী-সমর্থকদের প্রাণবন্ত নাচ সবার দৃষ্টি আকর্ষণ করে। অনেকের পোষাকে 'দেশ বাঁচাও, মানুষ বাঁচাও' দলীয় ইশতেহারের এ শ্লোগানও লেখা ছিল।
দুই নেত্রীর তুলনা
সমাবেশে আসা বিএনপি সমর্থকদের মুখে ছিল নানা জিজ্ঞাসা-- ২৯ ডিসেম্বরের নির্বাচনে কে জিতবে, আওয়ামী লীগের সমাবেশের চেয়ে এ সমাবেশে বেশি মানুষ সমবেত হয়েছে কিনা। বিএনপির দলীয় নেতা-কর্মীদের দাবি তাদের সমাবেশটি বড় হয়েছে। একই সঙ্গে মঞ্চে খালেদা জিয়া বুলেট প্র"ফ কাঁচের সামনে না দাঁড়িয়ে ভাষণ দেওয়ায় অনেক নেতা-কর্মী খুবই খুশি। সবুজবাগের ছাত্র দলের সদস্য আবদুল আলীমের মন্তব্য ছিল, 'সাবাস ম্যাডাম, সাহস আছে আমাদের ম্যাডামের। একেই বলে দেশনেত্রী। ''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআরএফ/এএল/এসকে/২১২২ঘ.
bdnews24