২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লালদীঘির জনসভা ঘিরে কঠোর নিরাপত্তা

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের লালদীঘি ময়দানে আওয়ামী লীগের জনসভা হচ্ছে। এ জনসভায় শেখ হাসিনা ভাষণ দেবেন। আর এর মধ্য দিয়েই নির্বাচনী প্রচারণার ইতি টানবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2008, 11:04 AM

Updated : 26 Aug 2022, 02:51 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের লালদীঘি ময়দানে আওয়ামী লীগের জনসভা হচ্ছে। এ জনসভায় শেখ হাসিনা ভাষণ দেবেন। আর এর মধ্য দিয়েই নির্বাচনী প্রচারণার ইতি টানবেন তিনি। এদিকে জনসভা ঘিরে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। সন্ধ্যায় জনসভা হলেও দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে জড়ো হতে শুরু করেছে লালদীঘি ময়দানে। দুপুর ২টার মধ্যেই ময়দান ভরে গেছে। 'নৌকা-নৌকা' স্লোগানে মুখরিত লালদীঘি ময়দান। কর্মী-সমর্থকদের হাতে রয়েছে কাগজ ও কাপড়ের বানানো নৌকা। শেখ হাসিনার জনসভা কেন্দ্র করে শুক্রবার রাত থেকে চট্টগ্রাম নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নিরাপত্তা বাহিনী। ময়দানের আশপাশে ভোর থেকেই ব্যাপক সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে। জনসভায় ঢোকার পথে সবাইকে কয়েক দফা তল্লাশি করা হয়। নিউমার্কেট, আন্দরকিল্লা ও সিনেমা প্যালেস থেকে জনসভামুখী সব রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে রয়েছে র‌্যাব ও পুলিশের টহল। লালদীঘির জনসভায় চট্টগ্রামের ১৪ আসনের মহাজোট প্রার্থীরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামূল হক দানু। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা থেকে সড়ক পথে চট্টগ্রামে ঢোকার মুখে শেখ হাসিনা চট্টগ্রাম-১ (মীরসরাই) এবং চট্টগ্রাম-৩ (সীতাকুণ্ড) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং আবুল কাশেম মাস্টারের সমর্থনে দুটি জনসভায় বক্তৃতা করবেন। এ কারণে ওই দুই আসনের দুই প্রার্থী লালদীঘির জনসভায় থাকবেন না।" জনসভায় সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। ইনামূল হক দানু জানান, শেখ হাসিনা রাতে বিমান যোগে ঢাকায় ফিরবেন। পতেঙ্গা শাহ আমানত বিমানবন্দরে যাওয়ার পথে তিনি বন্দর-পতেঙ্গা আসনে মহাজোট প্রার্থী এমএ লতিফের সমর্থনে পথসভায় বক্তৃতা করতে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৬৫৭ ঘ.