২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা পল্টনের জনসভায়

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পল্টন ময়দানে পৌঁছেছেন। তিনি চারদলীয় জোটের শনিবারের এই জনসভায় ভাষণ দেবেন। জনসভা শুরু হয় বিকাল সোয়া ৩টায়। বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে খালেদা জিয়া এসে পৌঁছান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2008, 10:08 AM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পল্টন ময়দানে পৌঁছেছেন। তিনি চারদলীয় জোটের শনিবারের এই জনসভায় ভাষণ দেবেন। জনসভা শুরু হয় বিকাল সোয়া ৩টায়। বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে খালেদা জিয়া এসে পৌঁছান। আগের দিনের আওয়ামী লীগের জনসভার মতো চারদলীয় জোটের সভাও শুরু হয় ব্যাপক নিরাপত্তার মধ্যে। জনসভা মঞ্চে যেখানে খালেদা জিয়া বসেছেন, তা বুলেট প্র"ফ কাচ দিয়ে ঘিরে রাখা। শেখ হাসিনাও বুলেট প্র"ফ কাচ ঘেরা মঞ্চে বক্তৃতা করেন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির মিছিল দুপুর ১২টা থেকেই পল্টনে আসতে শুরু করে। ময়দানে সবাইকে ঢুকতে হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের মধ্যের প্রধান ফটক দিয়ে। সেখানে নিরাপত্তা বাহিনী কয়েকদফা তল্লাশি চালাচ্ছে। পল্টন ময়দানের আশপাশের ভবনগুলোতে পাহারা বসিয়েছে নিরাপত্তা বাহিনী। দুটি স্টেডিয়ামের ওপর পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে আছে। পাশের শিল্প ভবন, রাজউক ভবনের ছাদে রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। মঞ্চের পেছনে যে ব্যানার রয়েছে, তাতে লেখা রয়েছে- 'গণতন্ত্র ও উন্নয়নের লক্ষ্যে দেশ বাঁচাও-মানুষ বাঁচাও'। ব্যানারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ছবি রয়েছে। মঞ্চে আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, যুগ্মমহাসচিব মির্জা আব্বাস, খেলাফত মজলিসের নেতা মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী প্রমুখ। ঢাকা মহানগরীর বিভিন্ন আসনে চারদলের প্রার্থীরাও মঞ্চে রয়েছেন। বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পল্টনের জনসভার পর সন্ধ্যায় খালেদা জিয়া রাজধানীর কয়েকটি আসনে গণসংযোগ করে নির্বাচনী প্রচারণার সমাপ্তি টানবেন।" বিধি অনুযায়ী, ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনী প্রচারের শেষ সময় ২৭ ডিসেম্বর (শনিবার) রাত ১২টা। এরপর প্রচার চালানো যাবে না। ২০০৬ সালের পর এই প্রথম খালেদা জিয়া পল্টনের জনসভায় বক্তব্য রাখছেন। তিনি গত ১২ ডিসেম্বর সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/জিএনএ/১৬০০ ঘ.