২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কালো টাকার বিষয়ে সজাগ থাকার আহ্বান হাসিনার

নির্বাচনের আগ মুহূর্তে কালো টাকার ছড়াছড়ি হবে- এ ইঙ্গিত দিয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। শনিবার চট্টগ্রামের পথে কুমিল্লায় এক পথসভায় তিনি এ আহ্বান জানান। চট্টগ্রাম সফরে আওয়ামী লীগ সভানেত্রীর গাড়িবহরে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সুমন মাহবুব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2008, 08:57 AM

Updated : 26 Aug 2022, 02:51 PM

সুমন মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ফেনী, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের আগ মুহূর্তে কালো টাকার ছড়াছড়ি হবে- এ ইঙ্গিত দিয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শনিবার চট্টগ্রামের পথে কুমিল্লা শহরের প্রবেশ মুখ আলেখার চরে এক পথ সভায় হাসিনা বলেন, "আজ (শনিবার) থেকে বিএনপি-জামায়াত কিন্তু কালো টাকা নিয়ে ভোট কিনতে নামবে। আপনাদের সজাগ থাকতে হবে।" তিনি বলেন, "আপনারা এক দিনে একশ বা এক হাজার টাকা নেবেন। নাকি, নৌকায় ভোট দিয়ে পাঁচ বছর সস্তায় জিনিসপত্র কিনবেন। তা আপনাদেরই ঠিক করতে হবে। "তারা একদিনের জন্য টাকা দিয়ে জনগণের ভোট কিনে পাঁচ বছর জনগণকে শোষণ করবে। জনগণের অর্থসম্পদ লুট করবে। আঙ্গুল ফুলে কলাগাছ হবে।" কুমিল্লার ওই পথসভা এক পর্যায়ে জনসভায় রূপ নেয়। এখানে আওয়ামী লীগ সভানেত্রী কুমিল্লা-৯ আসনে দলীয় প্রার্থী আকম বাহাউদ্দিন বাহারকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, "আমি জানি, এখানে মনোনয়ন নিয়ে কিছুটা সমস্যা ছিলো। এখন আফজাল (আফজাল খান) আর বাহার এক হয়ে কাজ করছে।" এরপর শেখ হাসিনা কুমিল্লা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী নাসিমুল আলম চৌধুরী এবং কুমিল্লা-৯ আসনের প্রার্থী তাজুল ইসলামকে পরিচয় করিয়ে দেন। এর আগে চান্দিনায় কুমিল্লা-৭ আসনে আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক আলী আশরাফের সমর্থনে এক পথসভায় শেখ হাসিনা বক্তব্য রাখেন। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা হবে জানিয়ে হাসিনা বলেন, "খুনীদের স্থান বাংলার মাটিতে হবে না।" তিনি বলেন, "আমি আপনাদের কথা দিচ্ছি, বাংলাদেশে দুর্নীতি, সন্ত্রাস ও হত্যাকাণ্ড বন্ধ করব। প্রতিহিংসার রাজনীতিতে বিএনপি উম্মাদ। আওয়ামী লীগ প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা ন্যায়ের রাজনীতিতে বিশ্বাস করি।" চান্দিনার আগে দাউদকান্দিতে পথসভায় শেখ হাসিনা কুমিল্লা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সুবিদ আলী ভূঁইয়ার জন্য ভোট চান। ওই পথসভায় হাসিনা বলেন, "আওয়ামী লীগ ক্ষমতায় গেলে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।" চারদলীয় জোটকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "তাদের লুটপাটের টাকা আছে। তারা বস্তায় করে টাকা নিয়ে নামবে। এরকম কাউকে পেলে পুলিশে দিয়ে দেবেন। "চারদলীয় জোট পাঁচ বছর জনগণের টাকা লুটপাট করেছে। সেই টাকা তারা এই নির্বাচনে ব্যবহার করবে। আমি আপনাদের বলব- এই টাকায় আপনাদের হক আছে। কিন্তু, ঈমান বেচবেন না।" কুমিল্লা-১ আসনে বিএনপি প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে উদ্দেশ্য করে হাসিনা বলেন, "চার দলের প্রার্থীকে জিজ্ঞেস করবেন- কেন কমিউনিটি হেলথ কেয়ার ক্লিনিক বন্ধ করা হলো? মন্ত্রী হওয়ার আগে তার কত টাকা ছিল। আর, এখন কত টাকা আছে? তার সমস্ত টাকা-পয়সার হিসাব আমাদের কাছে আছে।" কুমিল্লায় পথসভা শেষে শেখ হাসিনার গাড়িবহর ফেনীর পথে রওনা হয়। পথে কুমিল্লা-১১ আসনের আওয়ামী লীগ প্রার্থী মুজিবুল হক এবং জাতীয় পার্টির প্রার্থী কাজী জাফর আহমেদের হাজার হাজার সমর্থক রাস্তার দুই ধারে দাঁড়িয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানায়। চৌদ্দগ্রামের মিয়াবাজারে রাস্তার ডান দিকে ছিলেন কাজী জাফর আহমদের সমর্থকরা। বাম দিকে ছিলেন মুজিবুল হকের সমর্থকরা। উভয় পক্ষের হাতেই ছিল শেখ হাসিনার বিশাল ছবি। প্রায় ৩০ কিলোমিটার রাস্তা জুড়ে কাজী জাফর ও মুজিবুলের সমর্থকরা দাঁড়িয়েছিলেন। চৌদ্দগ্রাম বাজারে মুজিবুল হকের নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা অবস্থান নেন। জনস্রোতে এখানে গাড়িবহরের গতি স্লথ হয়ে যায়। সুধা সদন থেকে সকাল ৮টার দিকে সড়ক পথে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয় আওয়ামী লীগ সভানেত্রীর গাড়িবহর। পথে মুন্সিগঞ্জের গজারিয়া, কুমিল্লার নিমসারসহ বিভিন্ন এলাকায় কাগজ ও কাপড়ের নৌকা প্রতীক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে দলীয় সভানেত্রীকে শুভেচ্ছা জানায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। ফেনী সার্কিট হাউজে দুপুরে যাত্রা বিরতির পর ফেনী শহর, ছাগলনাইয়া এবং সীতাকুণ্ডে শেখ হাসিনার তিনটি পথসভা করার কথা। বিকালে চট্টগ্রাম লালদীঘি ময়দানে জনসভা করবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪৫০ ঘ.