ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্টন ময়দানে শনিবার বিকালে জনসভা করছে বিএনপির নেতৃত্বাধীনর চার দলীয় ঐক্যজোট। জোট নেত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া এই জনসভায় ভাষণ দেবেন।
বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' শনিবার দুপুর ২টায় পল্টন ময়দানে চার দলীয় জোটের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে খালেদা জিয়াসহ চার দলীয় জোটের নেতারাও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।''
শনিবারের এ জনসভার পর সন্ধ্যায় খালেদা জিয়া রাজধানীর কয়েকটি আসনে গনসংযোগ করে তার নির্বাচনী প্রচারণার সমাপ্তি টানবেন।
পল্টন ময়দান শুক্রবার হয়েছিল আওয়ামী লীগের জনসভা।
২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম সংসদ নির্বাচনের জন্য ২৭ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত প্রচার চালানো যাবে।
পরপর দুই দিন খালেদা জিয়া ও শেখ হাসিনার নির্বাচনী জনসভার কারণে পল্টন ময়দানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থাপন করা হয়েছে বুলেট প্র"ফ মঞ্চ। পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহস্রাধিক সদস্য নিরাপত্তা কাজে নিয়োজিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়।
২০০৬ সালের পর এই প্রথম খালেদা জিয়া পল্টনের জনসভায় বক্তব্য রাখছেন।
খালেদা জিয়া গত ১২ ডিসেম্বর সিলেটে হজরত শাহজালাল, হযরত শাহ পরান ও হযরত শাহ বোরহানউদ্দীনের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু করেন।
শুক্রবার গভীর রাত পর্যন্ত রাজধানীর খিলগাঁও, মতিঝিল, কামরাঙ্গীরচর, ধানমন্ডি, মোহাম্মদপুরসহ ৬টি নির্বাচনী আসনে গণসংযোগও করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১১৫৯ ঘ.
bdnews24