২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে এরশাদের গাড়িবহরে হামলা

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের গাড়িবহরে হামলা হয়েছে খোদ রংপুরে। নির্বাচনী প্রচারণা চালানোর সময় শনিবার সকালে বদরগঞ্জে ওই হামলা চালায় স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টির সাবেক সাংসদ মোহাম্মদ আলী সরকারের সমর্থকরা। রিয়াজুল বাশার জানাচ্ছেন এরশাদের গাড়িবহর থেকে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2008, 05:56 AM

Updated : 26 Aug 2022, 02:51 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক রংপুর, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের গাড়িবহরে হামলা হয়েছে খোদ রংপুরে। নির্বাচনী প্রচারণা চালানোর সময় শনিবার সকালে বদরগঞ্জে ওই হামলা চালায় স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টির সাবেক সাংসদ মোহাম্মদ আলী সরকারের সমর্থকরা। সকালে রংপুর শহর থেকে এরশাদের গাড়িবহর রওনা হয় বদরগঞ্জের পথে। ১১টার দিকে বদরগঞ্জের তিন রাস্তার মাথায় পথসভা করেন এরশাদ। সভায় রংপুর-১ (বদরগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মণ্ডলকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ আসনে জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে মোহাম্মদ আলী সরকার আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এরশাদ বলেন, "মোহাম্মদ আলী সরকার ঋণ খেলাপি এবং তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় এবার তাকে মনোনয়ন দেওয়া হয়নি। এবার তাই আমরা মনোনয়ন দিয়েছি আনিসুল ইসলাম মণ্ডলকে। আপনারা লাঙল মার্কায় তাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।" পথসভা শেষে গাড়িবহর দিনাজপুরের পার্বতীপুরের পথে রওনা হওয়ার মিনিট খানেক পরই মোহাম্মদ আলী সরকারের শতাধিক সমর্থক গাড়িবহর আটকে দেয়। তারা এরশাদের বিরুদ্ধে স্লোগান দেয় এবং গাড়িবহর লক্ষ করে ইট ছুড়তে থাকে। এ সময় আনিসুল ইসলাম মণ্ডলের গাড়ির সামনের কাচ ভেঙে যায়। আরও সাতটি গাড়িরও কাচ ভাঙে। হামলার সময় এরশাদসহ জাতীয় পার্টির নেতারা সড়কের পাশে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আনিসুল ইসলাম চৌধুরীর বাড়িতে আশ্রয় নেন। হামলায় বেশ কয়েকজন সাংবাদিকও আহত হন। এর মধ্যে রয়েছেন- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি লিয়াকত আলী বাদল, বাংলাভিশনের প্রতিনিধি জয়নাল আবেদীন, চ্যানেল আই প্রতিনিধি মেরিনা লাভলী, সমকাল প্রতিনিধি ইকবাল হোসেন প্রমুখ। সাড়ে ১১টার দিকে পুলিশ মোহাম্মদ আলী সরকারের সমর্থকদের হটিয়ে দিলে এরশাদের গাড়িবহর পুনরায় পার্বতীপুরের পথে রওনা হয়। আনিসুল ইসলাম মণ্ডলের গাড়ির চালক নূর রব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোহাম্মদ আলী সরকারের ভাগ্নের নেতৃত্বে ওই হামলা হয়।" এদিকে মোহাম্মদ আলী সরকারের সমর্থক মাসুদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোহাম্মদ আলী সরকার আমাদের প্রার্থী। তিনি আগেও সাংসদ ছিলেন। এরশাদ তাকে এবার মনোনয়ন বঞ্চিত করেছেন। তাই আমরা এরশাদকে প্রতিহত করেছি।" এরশাদের তথ্যসচিব সুনীল শুভ রায় সাংবাদিকদের জানিয়েছেন, হামলার ঘটনায় তারা মামলা করবেন। পরে পার্বতীপুরের পথে লালদীঘিতে এক পথসভায় এরশাদ বলেন, "মোহাম্মদ আলী সরকার দুর্নীতি করেছেন, তাই তাকে আমি মনোনয়ন দেইনি।" ওই পথসভায় জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম বলেন, "আমাদের নেতা এরশাদকে অপমান করেছে মোহাম্মদ আলী সরকার। ২৯ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে এর জবাব দিতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১১৪২ ঘ.