সুমন মাহবুব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী প্রচারণার শেষদিন সকালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, চারদলীয় জোট পাঁচ বছর জনগণের টাকা লুটপাট করেছে। সেই টাকা তারা এই নির্বাচনে ব্যবহার করবে।
"আমি আপনাদের বলবো - এই টাকায় আপনাদের হক আছে। টাকার কাছে ইমান বেচবেন না।"
শনিবার চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়ার পর সকালে কুমিল্লার দাউদকান্দিতে কুমিল্লা-১ আসনে মহাজোট প্রার্থী মো. সুবিদ আলী ভূঁইয়ার সমর্থনে স্থানীয় বালুর মাঠে এক পথসভায় শেখ হাসিনা এসব কথা বলেন।
শেখ হাসিনা সকাল সোয়া আটটায় দাউদকান্দি সেতু পেরোনোর পর টোল প্লাজার পাশেই বালুর মাঠে সমবেত জনতার উদ্দেশে বলেন, "আজকের (শনিবার) দিনটি নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের লুটপাটের টাকা আছে। তারা বস্তায় করে টাকা নিয়ে নামবে। এরকম কাউকে পেলে পুলিশের কাছে দিয়ে দেবেন।"
কুমিল্লা-১ আসনে বিএনপি'র প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "চার দলের প্রার্থীকে জিজ্ঞেস করবেন - কেনো কমিউনিটি হেলথ কেয়ার ক্লিনিক বন্ধ করা হলো ? মন্ত্রী হওয়ার আগে তার কত টাকা ছিলো। আর, এখন কত টাকা আছে ? তার সমস্ত টাকা-পয়সার হিসাব আমাদের কাছে আছে।"
বিগত চারদলীয় জোট সরকারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, "তারা ক্ষমতায় এলে গরীবের কোনো উপকার হয় না। তারা বিদেশে টাকা পাচার করে দেশের মানুষের মান-ইজ্জত ধুলোয় লুটিয়ে দিয়েছে।"
তিনি পথসভায় উপস্থিত জনতাকে বলেন, "এই নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ণ। চারদলীয় জোট পাঁচ বছর জনগণের টাকা লুটপাট করেছে। সেই টাকা তারা এই নির্বাচনে ব্যবহার করবে। আমি আপনাদের বলবো - এই টাকায় আপনাদের হক আছে। কিন্তু, ইমান বেচবেন না।"
আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে খোলা বাজারে সার বিক্রি ও কমদামে কৃষিপণ্য বিক্রির করা হবে বলে জনসভায় প্রতিশ্র"তি দেন হাসিনা।
আওয়ামী লীগ ক্ষমতায় এলে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্র"তি দিয়েছেন তিনি। জনসভায় সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, "নৌকায় ভোট দিন, সস্তায় চাল ডাল খান এবং শান্তিতে বসবাস করুন।"
সুধা সদন থেকে সকাল ৮টা ১৫ মিনিটে সড়ক পথে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়েন শেখ হাসিনা। পথে পথে রাস্তার দু'দিকে দাঁড়িয়ে অসংখ্য মানুষ তাকে অভিনন্দন জানান।
আওয়ামী লীগ সভানেত্রী হাসিনার জন্য মুন্সীগঞ্জের গজারিয়ায় সহস্রাধিক জনতাকে রাস্তার দু'দিকে নৌকা প্রতীক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেক এলাকায় শেখ হাসিনার যাওয়ার পথে আওয়ামী লীগের শত শত কর্মী-সমর্থককে নৌকা প্রতীক নিয়ে মিছিল করতে দেখা গেছে।
চট্টগ্রাম যাওয়ার পথে ফেনী সার্কিট হাউজে দুপুরের যাত্রাবিরতী করে ফেনী, ছাগলনাইয়া এবং সীতাকুণ্ডে আরো তিনটি পথসভা করে বিকালে চট্টগ্রাম পৌঁছানোর কথা রয়েছে শেখ হাসিনার।
চট্টগ্রামে লালদীঘি ময়দানে জনসভা করে শনিবার রাতেই ঢাকা ফেরার কথা তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/জিএনএ/১১১৪ ঘ.
bdnews24