২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইটের আঘাতে ব্যারিস্টার রফিকুল আহত

ঢাকা-১৬ আসনে চার দলীয় জোট প্রার্থী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া শুক্রবার নির্বাচনী মিছিল চলাকালে ইটের আঘাতে আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2008, 06:04 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-১৬ আসনে চার দলীয় জোট প্রার্থী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া শুক্রবার নির্বাচনী মিছিল চলাকালে ইটের আঘাতে আহত হয়েছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি একরামুল হক বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে মিরপুর ইনডোর স্টেডিয়াম এলাকা থেকে রফিকুল ইসলামের পক্ষে একটি মিছিল বের হয়। মিছিলটি পল্লবীতে পৌঁছলে একটি বোমা ফাটার মতো শব্দ হয় এবং একটি ইট হঠাৎ করে রফিকুল ইসলামের মুখে এসে লাগে। বিপ্লব বলেন, "উত্তেজনা এড়াতে বিষয়টি কর্মীদের না জানিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করা হয়। পরে ডাক্তার ডেকে রফিকুল ইসলামকে চিকিৎসা দেওয়া হয়। আপাতত তিনি বিশ্রামে আছেন।" এ ব্যাপারে থানায় অভিযোগ করা হবে বলেও বিপ্লব জানান। মিরপুর জোনের উপ কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রফিকুল ইসলামের পক্ষে মিছিলটি সন্ধ্যা ৭টার দিকে শান্তিপূর্ণভাবেই শেষ হয়। মিছিল শেষে এক আইনজীবী পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে টেলিফোনে জানান, মিছিল শুরুর পরপরই কে বা কারা রফিকুল ইসলাম মিয়াকে লক্ষ্য করে ইটের টুকরো ছুঁড়ে মারে। তবে লিখিতভাবে কেউ কোনও অভিযোগ করেনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/০০৫০ ঘ.