ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন নির্বাচনকে দেশের জন্য 'গুরুত্বপর্ণ' অভিহিত করে 'গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায়' ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার রাজধানীর রামপুরায় নির্বাচনী জনসংযোগকালে চারদলীয় জোট নেত্রী এ আহ্বান জানান। রাতে রাজধানীর সাতটি নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন তিনি।
রাত ১০টায় রামপুরা টেলিভিশন ভবন এলাকা থেকে গণসংযোগ শুরু করেন খালেদা। তার গাড়ি বহর এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় রাস্তার দু'পাশে অগুনতি কর্মী-সমর্থক করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন বিএনপি চেয়ারপারসন।
রামপুরা এলাকা গণসংযোগের সময় খালেদা জিয়া বলেন, "২৯ ডিসেম্বরের নির্বাচন দেশের জন্য গুরুত্বপর্ণ। গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করুন।"
এরপর এলাকায় এলাকায় গিয়ে ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী শিরিন সুলতানা, ঢাকা-৮ এ হাবিব উন নবী খান সোহেল, ঢাকা-৬ এ সাদেক হোসেন খোকা, ঢাকা-৭ আসনে নাসিরউদ্দীন আহমেদ পিন্টু, ঢাকা-১০ এ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও ঢাকা-১৫ আসনে দলের প্রার্থী অ্যাডভোকেট হামিদুল্লাহ খানের পক্ষে ভোট চান খালেদা জিয়া।
শনিবার পল্টনে চার দলের নির্বাচনী সমাবেশে সবাইকে যোগ দেওয়ারও আহ্বান জানান তিনি।
গণসংযোগকালে খিলগাঁও চৌধুরীপাড়া, বাসাবো, তিলপা পাড়া, কমলাপুর, এজিবি কলোনী সড়ক, পীরজঙ্গী মাজার, ইত্তেফাক মোড়, হাটখোলা, ধোলাইখাল, রায়সাহেব বাজার ক্রসিংসহ বিভিন্ন স্থানে মানুষের ঢল নামে। অনেক জায়গায় ব্যান্ডপার্টির বাজনাও শোনা যায়।
গণসংযোগ শুরুর আগে খালেদা জিয়া বাংলাদেশ টেলিভিশন ভবনে গিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের রেকর্ডিং সম্পন্ন করেন। বিএনপির তথ্য সেল জানিয়েছে, শনিবার এ ভাষণ প্রচার করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/জেকে/২৩৫৫ ঘ.
bdnews24