২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ বিএনপি সবাই রাষ্ট্রের টাকা চুরি করে : যুক্তফ্রন্ট

নির্বাচনে দুর্নীতিবাজ ও লুটেরাদের 'সাহস করে রুখে দেওয়ার' আহ্বান জানিয়েছেন জাতীয় যুক্তফ্রন্টের শরিক দলগুলোর নেতারা। শুক্রবার নির্বাচনী প্রচারণার সমাপনী জনসভায় একটি 'নতুন ভবিষ্যত রচনার' অঙ্গীকার করেন তারা। জানাচ্ছেন মারুফ মল্লিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2008, 05:26 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে দুর্নীতিবাজ ও লুটেরাদের 'সাহস করে রুখে দেওয়ার' আহ্বান জানিয়েছেন জাতীয় যুক্তফ্রন্টের শরিক দলগুলোর নেতারা। শুক্রবার নির্বাচনী প্রচারণার সমাপনী জনসভায় একটি 'নতুন ভবিষ্যত রচনার' অঙ্গীকার করেন তারা। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে যুক্তফ্রন্টের এক জনসভায় বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, "আমরা একটি নতুন ভবিষ্যত রচনা করতে চাই। একবার সাহস করে ওদের রুখে দিন। আমরা আপনাদের সঙ্গে থাকব।" তিনি বলেন, "আওয়ামী লীগ, বিএনপি- সবাই রাষ্ট্রের টাকা চুরি করে। এ দু'টি দল যখন ক্ষমতায় যায় তখন একটি কাজই করে। সরকারি দল রাষ্ট্রের টাকা চুরি করে। বিরোধী দল সংসদে যায় না। এতে সরকারি দল আরও একনায়ক হয়ে ওঠে।" গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, "যারা দুর্নীতিবাজদের আশ্রয় দেয় তাদের প্রত্যাখ্যান করুন। ২৯ ডিসেম্বর আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ভুল করলে চলবে না।" তিনি বলেন, "বড় দল হিসাবে তাদের (আওয়ামী লীগ ও বিএনপি) দায়িত্ব আছে।। কিন্তু তাদের পক্ষ থেকে পচা ও রদ্দিমাল আমাদের সামনে এনে দাঁড় করানো হলো।। বড় দলগুলো বলতে পারে না যে তাদের প্রতিটি প্রার্থী সৎ ও যোগ্য। মিথ্যা টালবাহানা দিয়ে মানুষকে আর ধোঁকা দেওয়া যাবে না।" ঢাকা-১১ আসনে অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নানসহ সারা দেশে যুক্তফ্রন্টের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান কামাল হোসেন। পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কোরেশি বলেন, "আমাদের যেন আর দুর্নীতি দেখতে না হয়- সেজন্য দু' বছর নিরলসভাবে কাজ করেছি আমরা। কিন্তু কি দেখলাম? দেখলাম কালো টাকার শক্তি এত বিশাল যে যাদের অভিনন্দন জানিয়েছি, তারা ইউটার্ন করেছে। 'মাইনাস টু'র কথা বলে এখন 'ম্যানেজ টু'তে ব্যস্ত হয়ে পড়েছে। এখন তাদের পূজা করা হচ্ছে। আমরা এ দৃশ্য দেখতে চাই না।" সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান, বিকল্পধারার মুখপাত্র মাহী বি চৌধুরী এবং বিকল্পধারা ও গণফোরামের নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/