২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভিডিও কনফারেন্সে সিলেটবাসীর ভোট চাইলেন হাসিনা

ডিজিটাল বাংলাদেশ গড়তে সিলেটবাসীর কাছে নৌকার জন্য ভোট চাইলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। রাত সাড়ে ৬টা থেকে সোয়া ৭টা পর্যন্ত সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে আয়োজিত ভিডিও কনফারেন্সে হাসিনা বক্তব্য রাখেন এবং এলাকাবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মহাজোট ক্ষমতায় গেলে সিলেট জেলায় বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ করা হবে বলে প্রতিশ্র"তি দেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2008, 05:09 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

সিলেট, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডিজিটাল বাংলাদেশ গড়তে সিলেটবাসীর কাছে নৌকার জন্য ভোট চাইলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। রাত সাড়ে ৬টা থেকে সোয়া ৭টা পর্যন্ত সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে আয়োজিত ভিডিও কনফারেন্সে হাসিনা বক্তব্য রাখেন এবং এলাকাবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মহাজোট ক্ষমতায় গেলে সিলেট জেলায় বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ করা হবে বলে প্রতিশ্র"তি দেন তিনি। হাসিনা বলেন, "আওয়ামী লীগই সিলেট-ঢাকা মহাসড়ক নির্মাণ শুরু করেছিল। এ মহাসড়ক আরও চওড়া হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপি সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান এ প্রকল্প থেকে টাকা চুরি করায় সড়ক আশানুরূপ চওড়া হয়নি।" এছাড়া শেখ হাসিনা দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানির জন্য সিলেটে জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনেরও আশ্বাস দেন। তিনি বলেন, "আওয়ামী লীগ ক্ষমতায় গেলে কাজের জন্য বিদেশ গমনকারীদের আর জমি বিক্রি করতে হবে না। তাদের জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে।" তিনি আরও বলেন, "সিলেট থেকে গ্যাস-বিদ্যুৎ উৎপাদিত হবে অথচ সিলেটবাসী পাবে না- তা হবে না। আওয়ামী লীগ সিলেটবাসীর জন্য নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের ব্যবস্থা করবে।" তার দেওয়া অন্যান্য প্রতিশ্র"তির মধ্যে রয়েছে প্রবাসীদের ভোটাধিকার, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ, প্রবাসীদের বিনিয়োগের জন্য সিলেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, চা বোর্ড স্থাপন, হাওর উন্নয়ন বোর্ড গঠন, বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান এবং ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ। অনুষ্ঠানে শেষে হাসিনা বলেন, "হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আমি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। ইচ্ছে ছিল আবার আসব। কিন্তু সময়ের অভাবে আসতে পারছি না।" অনুষ্ঠানে সিলেট-১ (সদর-সিটি করপোরেশন) আসনে মহাজোট প্রার্থী আবুল মাল আবদুল মুহিত সিলেটবাসীর পক্ষ থেকে শেখ হাসিনার কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন। ভিডিও কনফারেন্সে আবুল মাল আবদুল মুহিত, সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সভাপতি আ ন ম শফিকুল হক, সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীম, মহানগর সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, মফিজুর রহমান বাদশা ও মো. নিজাম উদ্দিন বক্তব্য রাখেন। সিলেটের পর হাসিনা রাত সোয়া ৭টা থেকে সোয়া ৮টা পর্যন্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাবনাবাসীর সঙ্গে কথা বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩০২ ঘ.