বগুড়া, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার সান্তাহারে একজন স্বতন্ত্র প্রার্থী ও চারদলীয় জোট প্রার্থীর সমর্থদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় জনসভা শেষে ফেরার পথে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আহত তিনজনকে আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, সান্তাহার ও দুপচাঁচিয়ায় জনসভা শেষে ফেরার পথে দুপক্ষ পরস্পরবিরোধী উত্তেজনাকর স্লোগান দিচ্ছিল। এ নিয়ে দু'পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) ছকির উদ্দিন ভুঁইয়া জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সান্তাহার রেলওয়ে মাঠে জনসভা ছিল স্বতন্ত্র প্রার্থী আনছার আলী মৃধার। দুপচাঁচিয়ায় ছিল চারদলীয় ঐক্যজোটের আব্দুল মোমিন তালুকদারের জনসভা। জনসভা শেষে দু'পক্ষের সমর্থক কর্মীরা ফেরার পথে শিবপুর এলাকায় সংঘর্ষ বেধে যায়।
আনছার আলী মৃধা সাংবাদিকদের কাছে দাবি করেন, চারদলীয় জোটের সমর্থকরা তার কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে আহত হয়েছেন রুহুল আমিন (২৩), শরিফুল ইসলাম (২৪), বাচ্চু মিয়া (৩০), মুনছুর আলী (৪০), সুমন (২৬), শহিদুল ইসলাম (৩২), অছিম উদ্দিন (৬০), শহিদুল হকসহ (৫৫) আরও অনেকে।
এ ব্যাপারে জোট প্রার্থী আব্দুল মোমিন তালুকদার খোকার সঙ্গে যোগাযোগ করেও কথা বলা যায়নি।
দুপচাঁচিয়া পৌর মেয়র ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম দাবি করেন, মৃধার সমর্থকরা চারদলীয় জোট প্রার্থীর একটি গাড়ি ভাঙচুর করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৭ ঘ.
bdnews24