২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জোরেশোরে প্রচারে না নামায় মেয়র মহিউদ্দিনের ওপর ক্ষুব্ধ নেতাকর্মীরা

চট্টগ্রামের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে জোরালোভাবে প্রচারণায় না পাওয়ার অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মী ও মহাজোটের প্রার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2008, 04:34 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে জোরালোভাবে প্রচারণায় না পাওয়ার অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মী ও মহাজোটের প্রার্থীরা। শুক্রবার পর্যন্ত মহানগরীর তিন আসনে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে সীমিত প্রচারণায় অংশ নিলেও মহিউদ্দিন চৌধুরী নগরীর গুরুত্বপূর্ণ কোতোয়ালী আসনে দলীয় প্রার্থীর পক্ষে নামেন নি। বাকি সময়ে এ আসনের প্রার্থী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসির পক্ষে তার আর নামার সম্ভাবনাও নেই বলে দলীয় সূত্রে জানা গেছে। দলীয় নেতাকর্মীদের ধারণা, নুরুল ইসলামের সঙ্গে দ্বন্দ্বের জের ধরেই মেয়র তার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন না। অথচ ২০০৫ সালে মেয়র নির্বাচনের সময় মহিউদ্দিন চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন নুরুল ইসলাম। স্থানীয় নেতাকর্মীরা অনেকে বলেছেন, মেয়র মনোনীত প্রার্থীদের বাদ দিয়ে কেন্দ্রীয়ভাবে অন্যদের চট্টগ্রাম মহানগরের আসনগুলোতে মনোনয়ন দেওয়ায় শুরু থেকেই তিনি ক্ষুব্ধ ছিলেন। এ কারণে ১৩ ডিসেম্বর হজ থেকে ফিরলেও কারও পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেননি। শুধুমাত্র নিজের 'পছন্দের প্রার্থী' হিসেবে পরিচিত চট্টগ্রাম-৯ (ডবলমুরিং) আসনের দলীয় প্রার্থী আফসারুল আমীনের সভায় অংশ নেন। এ নিয়ে দলের মধ্যে ক্ষোভ দেখা দিলে কেন্দ্রীয়ভাবে মেয়রকে সব প্রার্থীর পক্ষে নামতে বলা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। এরপর গুরুত্বপূর্ণ আসনের প্রার্থী নুরুল ইসলাম ছাড়া কয়েকজন প্রার্থীর পক্ষে নির্বাচনী সভায় অংশ নেন। তবে শেষ পর্যায়ে এসেও তার প্রচারণায় মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিনের অংশ না নেওয়াকে নেতিবাচকভাবে দেখতে রাজি নন এ আসনের প্রার্থী নুরুল ইসলাম। এ প্রসঙ্গে শুক্রবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়র অন্যান্য আসনের প্রার্থীদের দুর্বল মনে করেই সেখানে বেশি সময় দিচ্ছেন এবং সমাবেশে অংশ নিচ্ছেন। অন্য নেতাকর্মীরা তার পক্ষে কাজ করায় ফলাফলে এটি খুব বেশি প্রভাব ফেলবে না বলে তিনি মনে করেন। দলীয় নেতা কর্মীরা অনেকে বলেছেন, মেয়র পুরোদমে মাঠে নামলে চট্টগ্রামে বিএনপির দুর্গ ভাঙা সহজ হতো। এ প্রসঙ্গে মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারও অপেক্ষায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বসে নেই।.. মহানগরের সভাপতি হিসেবে মেয়রের দায়িত্ব ছিল সকলের জন্য চেষ্টা করা। অথচ কি কারণে সেভাবে নামেননি তা তিনিই ভালো বলতে পারবেন।" নগরীর ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মী আবদুল ওয়াহেদ বলেন, "শুরু থেকেই মেয়রের উচিত ছিল কোতোয়ালীসহ নগরীর সব আসনে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারণায় নামা। বরং তিনি তা না করে উল্টো বিরোধী পক্ষেরই সুবিধা করে দিয়েছেন।" এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে মেয়রের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এসকে/২২১৯ঘ.