২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন উপলক্ষে যানবাহন চলাচলের ওপর সাময়িক নিয়ন্ত্রণ

সংসদ নির্বাচন উপলক্ষে ২৭ ও ২৮ ডিসেম্বর মধ্যরাত থেকে সারা দেশে বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে মহাসড়কে যান চলাচল করতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2008, 02:11 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সংসদ নির্বাচন উপলক্ষে ২৭ ও ২৮ ডিসেম্বর মধ্যরাত থেকে সারা দেশে বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে মহাসড়কে যান চলাচল করতে পারবে। শুক্রবার নির্বাচন কমিশন সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ ডিসেম্বর মধ্যরাত থেকে ২৯ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত সারাদেশে (মেট্রোপলিটন এলাকা বাদে) বাস, ট্রাক, টেম্পো, কার, মাইক্রোবাস, পিক আপ, জিপ, ট্যাক্সিক্যাব, অটোরিক্সা, লঞ্চ ও ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান, স্পিডবোট ইত্যাদি চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে মহাসড়কের (হাইওয়ে) ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এ বিষয়ে নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এসএম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাসড়কে চলাচলকারী বাসগুলো ঢাকা থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এতে কোনও বাধা থাকবে না। আর মেট্রোপলিটন এলাকায় শুধুমাত্র ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ ও পিক আপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। হাওড় এবং নদীপ্রধান অঞ্চলে ইঞ্জিনচালিত নৌযানের ওপর এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। সারাদেশেই (মেট্রোপলিটন এলাকাসহ) ২৭ ডিসেম্বর মধ্যরাত থেকে ৩১ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিলযোগ্য। এছাড়া বন্দর, জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে এই নিষেধাজ্ঞা শিথিল করা যাবে। বৈধ পরিচয়পত্রধারী দেশী-বিদেশী নির্বাচন পর্যবেক্ষক, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশী-বিদেশী সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং জরুরি কাজে নিয়োজিত (অ্যাম্বুলেন্স, বিদ্যুৎ, ডাক, গ্যাস, টেলিযোগাযোগ) যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২০০৩ঘ.