চট্টগ্রাম, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় উন্নয়ন ইস্যুতে চাপের মুখে রয়েছেন চট্টগ্রাম মহানগরীর চার আসনের প্রার্থীরা। ভোটাররা এলাকার উন্নয়ন ও নগরীর বিভিন্ন সঙ্কট সমাধানে আন্তরিক প্রার্থী নির্বাচনে অগ্রাধিকার দিচ্ছেন। প্রার্থীরা তাদের বিগত দিনের দায় একে অন্যের ওপর চাপিয়ে এবং সমস্যা থেকে উত্তরণের নিজেদের পরিকল্পনার ফিরিস্তি তুলে ধরে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
বন্দর নগরী চট্টগ্রামের চার আসনে এবার বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে প্রার্থী হয়েছেন ৩০ জন। নির্বাচনের তিন দিন আগে শুক্রবার নগরীর চার আসনে বিভিন্ন দল, শ্রেণী ও পেশার লোকজনের সঙ্গে কথা বলে বোঝা গেছে, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও বিএনপি'র প্রার্থীদের মধ্যেই। তবে দুটি আসনে (ডবলমুরিং এবং চান্দগাঁও-বোয়ালখালী) দুই স্বতন্ত্র প্রার্থী মূল দুই জোটের প্রার্থীদের জয়-পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
ভোটাররা জানান, এবার তারা ভোট দেওয়ার ক্ষেত্রে দলীয় বিবেচনার পাশাপাশি স্থানীয় সমস্যা ও উন্নয়ন কর্মকাণ্ড এবং দ্রব্যমূল্যকে সাধারণ ইস্যু হিসেবে চিহ্নিত করেছেন। আর পরিবর্তন আনতে ভূমিকা রাখতে পারবেন এমন 'যোগ্য' প্রার্থীকেই তারা ভোট দিতে চান।
বিগত বিএনপি ও আওয়ামী লীগ সরকারের সময়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে চট্টগ্রামের আট জন দায়িত্বপালন করলেও বন্দর নগরীসহ বৃহত্তর চট্টগ্রামের উন্নয়ন অবহেলিত হয়েছে বলে ক্ষোভ জানান অনেক ভোটার। তারা বলেন, পানি, বিদ্যুৎ, গ্যাস সমস্যা ও জলাবদ্ধতার পাশাপাশি যাতায়াত ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নের ইস্যুগুলোও ভোটের মাঠে প্রভাব ফেলবে।
মুরাদপুরে মোহন বাবু, আন্দরকিল্লাহ'র রসুল মিয়াসহ এ চার আসনের বেশ কয়েকজন ভোটার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্যবারের মতো ভোট ছিনতাই বা জাল ভোট দেওয়ার সুযোগ না থাকায় এবার চট্টগ্রামের অনেক প্রভাবশালী প্রার্থীর বিদায় ঘণ্টা বাজতে পারে।
চট্টগ্রাম- ৯ (ডবলমুরিং) আসনের শুলকবহর এলাকার খুচরা ব্যবসায়ী শফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'দল বা মার্কার চেয়ে যে জোটের মাধ্যমে পরিবর্তন হবে বলে বুঝব তাদের প্রার্থীকেই ভোট দেব।"
তিনি বলেন, "আগের মতো প্রতিশ্র"তির ফুলঝুরি চাই না। আমরা চাই মোটা ভাত ও আর মোটা কাপড়ের পাশাপাশি একটু ভালো থাকার নিশ্চয়তা। পানি, বিদ্যুৎ ও গ্যাসের নিশ্চয়তাও আমরা চাই।"
চট্টগ্রাম ৭ আসনের বোয়ালখালীর ৬০ বছরের নবী সওদাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নগরীর কাছাকাছি হওয়ার পরও কয়েক যুগে বোয়ালখালী সব দিক দিয়ে অন্ধকারে রয়ে গেছে। একইসঙ্গে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ। তারা এবার পরিবর্তন চায়।"
চট্টগ্রাম- ৮ এর চকবাজারের আবুল কালাম আজাদ বলেন, "এ আসনের দুই শিল্পপতি ব্যবসায়ী ভোটের সময় যে টাকা ওড়াচ্ছেন, তা আগে এলাকার উন্নয়নে ব্যয় করলে তাদের জয় নিয়ে এত চিন্তায় পড়তে হতো না।"
শুধু সাধারণ ভোটার নয়, স্থানীয় উন্নয়নের বিষয়ে প্রার্থীদের আন্তরিক হওয়ার বিষয়ে সোচ্চার বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটিসহ বেশ কয়েকটি সংগঠন। গত রোববার ডিসি হিল পার্কে এক সমাবেশ থেকে উন্নয়ন সংগ্রাম কমিটি অবহেলিত চট্টগ্রামকে 'বিশ্বমানের বন্দর ও বিশ্বমানের নগরীতে' পরিণত করতে সব রাজনৈতিক নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
জনগণের মনোভাব বুঝতে পেরে র্প্রার্থীরাও স্থানীয় ইস্যু ও দ্রব্যমূল্যকে শেষ মুহূর্তের প্রচারণায় প্রাধান্য দিচ্ছেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে আন্দরকিল্লাহ জামে মসজিদ চত্বরে মিছিল পূর্ব সমাবেশে বিএনপির দুই প্রার্থী আবদুল্লাহ আল নোমান ও শামসুল আলম স্থানীয় সমস্যা দূর করার প্রতিশ্র"তি দেন।
অন্যদিকে, কোতোয়ালি আসনে মহোজোটের নুরুল ইসলাম বিএসসি শুক্রবার বাকলিয়াতে গণসংযোগের সময় কোতোয়ালিকে আধুনিক করে গড়ে তোলার অঙ্গীকার করেন।
চান্দগাঁও আসনের মহাজোট প্রার্থী মঈনুদ্দীন খান বাদল শুক্রবার বিকেলে আমিন জুট মিল এলাকায় সমাবেশ করে শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ঘটাতে মিলের আধুনিকায়নের প্রতিশ্র"তি দিয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি'র এরশাদ উল্ল্যাহ বৃহস্পতিবার রাতে বিবির হাটে সমাবেশে এলাকাকে শিল্পবান্ধব হিসেবে গড়ে তোলার প্রতিশ্র"তি দিয়ে ভোট চান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/এসকে/১৯৫৮ঘ.
bdnews24