২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া কেন্দ্র ঘেরাওয়ের নির্দেশ দেননি: রিজভী

বএনপি চেয়ারপার্সনের টিভিতে প্রচারিত এবং জাতীয় সংবাদপত্রগুলোতে প্রকাশিত বক্তব্য 'অসত্য' বলে দাবি করেছেন দলটির একজন নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2008, 01:53 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিএনপি চেয়ারপার্সনের টিভিতে প্রচারিত এবং জাতীয় সংবাদপত্রগুলোতে প্রকাশিত বক্তব্য 'অসত্য' বলে দাবি করেছেন দলটির একজন নেতা। খালেদা জিয়া বৃহস্পতিবার এক সমাবেশে সম্ভাব্য কারচুপি সম্পর্কে সমর্থকদের সতর্ক থেকে ভোট গণনা পর্যন্ত কেন্দ্র ঘেরাও করে রাখার আহ্বান জানান। টিভি চ্যানেলগুলো এর সচিত্র খবর প্রচার করে এবং শুক্রবারের সংবাদপত্রে তা প্রকাশিত হয়। তবে বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ শুক্রবার এক ব্রিফিংয়ে তা অস্বীকার করেন। রিজভী উল্টো প্রচারমাধ্যমের বিরুদ্ধে 'বিভ্রান্তিকর তথ্য' প্রকাশ করে নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করার অভিযোগ করেন। শুক্রবার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংএ রিজভী বলেন, "খালেদা জিয়া ভোট কেন্দ্র ঘেরাও করার নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু তিনি এরকম কোন নির্দেশ দেন নাই। তিনি নেতাকর্মীদের ভোট দেওয়ার পরে ফলাফল বিষয়ে সতর্ক থাকার কথা বলেছেন।" এ সময় দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রিজভী আরো বলেন, নির্বাচন নিয়ে শঙ্কা ও উদ্বেগের অবসান হয়নি। বিশেষত প্রশাসন ও বিভিন্ন সংস্থা থেকে যে আচরণ পাওয়া যাচ্ছে, তা উদ্বেগজনক। তিনি দাবি করেন, বিএনপির সঙ্গে একপেশে আচরণ করা হচ্ছে। পত্রপত্রিকার উদ্বৃতি দিয়ে বিএনপির দপ্তর সম্পাদক বলেন, "সংবাদ মাধ্যমে তিনশ' গ্রেনেড প্রস্তুতের খবর ছাপা হয়েছে। এগুলো খালেদা জিয়ার নাশকতায় ব্যবহার হতে পারত। এতদিন প্রশাসন কি করেছে? তারা কেন আরো আগে এসব জঙ্গীকে সনাক্ত করেনি?" খালেদা জিয়ার প্রাণনাশের জন্যে সারাদেশে লিফলেট বিতরণ করা হয়েছে দাবি করে তিনি বলেন, এগুলোর বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। রিজভী বলেন, তিনলাখ এনজিও কর্মী নির্বাচন পর্যবেক্ষণ করবে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। তাদের নজরদারি নিয়ে বিতর্ক হতে পারে। কোন দলের প্রতি পক্ষপাতিত্বের জন্যে এটি হচ্ছে কিনা তিনি সে প্রশ্ন তোলেন। 'ঝুঁকিপূর্ণ' কেন্দ্র রিজভী বলেন, বিএনপির প্রার্থীদের কাছ থেকে পাওয়া অভিযোগ অনুযায়ী সারাদেশের বেশকিছু কেন্দ্রকে 'ঝুঁকিপূর্ণ' কেন্দ্র হিসাবে সনাক্ত করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। এর মধ্যে আছে মৌলভীবাজার-৪ আসনে ১১টি, সিলেট-২ আসনে ১২টি, চট্টগ্রাম-১৩ আসনে ৩০টি, হবিগঞ্জ-৪ আসনে ২২টি ও হবিগঞ্চ-৩ আসনে ৩৮টি কেন্দ্র। এছাড়া বরগুনা -২ আসনের প্রার্থী খন্দকার মাহবুবউদ্দিন তার প্রতিদ্বন্দ্বী মহাজোটের প্রার্থীর বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থব্যয়ের অভিযোগ এনেছেন। তার দলের দুর্নীতি নিয়ে বিভিন্ন অভিযোগ তোলার কথা উল্লেখ করে বিএনপির দপ্তর সম্পাদক বলেন, "টিআইবি রিপোর্টের তথ্য উৎস ও সংগ্রহ পদ্ধতি নিয়ে নানা বিতর্ক থাকলেও সেসব রিপোর্টে অনুযায়ী দেখা যায়, আওয়ামী লীগের তুলনায় বিএনপির আমলে দুর্নীতি কমেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসটি/এসকে/১৯৩৯ঘ.