ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--
নিরাপত্তা তল্লাশিজনিত বিলম্বের কারণে
নিরাপত্তা তল্লাশিজনিত বিলম্বের কারণে শেষ পর্যন্ত পল্টন মাঠের মূল সমাবেশে যোগ দিতে পারেননি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের হাজারো কর্মী-সমর্থক।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার একটু পর আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা যখন বক্তব্য শুরু করেন তখন জিরো পয়েন্ট থেকে গুলিস্তান মোড় পর্যন্ত রাস্তার দু' পাশে কয়েক হাজার কর্মী-সমর্থক অপেক্ষা করছিল পল্টন মাঠের ভেতরে ঢোকার অপেক্ষায়। নিরাপত্তা তল্লাশির কারণে দীর্ঘতর হতে থাকে থমকে থাকা মিছিলের সারি। শেষ পর্যন্ত ভেতরে ঢোকা হয়নি অনেকেরই। নিরাপত্তার কঠোরতা হতাশ করেছে অনেক নেতা-কর্মীকে।
ভেতরে ঢুকতে না পারা এই নেতা-কর্মীরা রাস্তার ওপর নেচে-গেয়ে আর 'নৌকা-নৌকা' করে স্লোগান দিয়েই সময় পার করেছেন। ভাষণের সময় মাইকের সামনে মোবাইল ফোন ধরে দাঁড়িয়ে দূরের স্বজনকে শেখ হাসিনার বক্তব্য শোনাতে দেখা যায় অনেককে।
মিছিলের স্রোতে ভেসে চলা নৌকা......
সমাবেশে আগত খণ্ড খণ্ড প্রায় প্রতিটি মিছিলেই ছিল আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা। হরেক রকমের নৌকা নিয়ে নাচতে-নাচতে আসছিল মিছিলগুলো। কাঠ, কাপড়, প্লাস্টিক, কাগজ, স্টিল, বেত, শোলাসহ বিচিত্র উপকরণে তৈরি অসংখ্য নৌকা নিয়ে সমাবেশে আসেন সমর্থকরা।
মিছিলকারীরা অনেকে মাথায় বসিয়ে, কেউবা উঁচু করে ধরে বহন করছিলেন নৌকাগুলো। মিছিলের স্রোতের তালে ভাসতে ভাসতে যেন পল্টন ময়দানের জনসমাবেশে গিয়ে পড়ছিল নৌকাগুলো।
ব্যান্ডপার্টি আর নাচ...
সমাবেশস্থলে ঢোকার সারিতে দাঁড়িয়ে বিভিন্ন এলাকা থেকে আসা তরুণ কর্মী-সমর্থকদের ব্যান্ডপার্টির তালে তালে উন্মাতাল নাচ সবার দৃষ্টি আকর্ষণ করে। একপর্যায়ে অনেকগুলো খণ্ড মিছিলের তরুণ নাচিয়েরা একত্রে নাচতে শুরু করেন। এদের মধ্যে বুকে-পিঠে নৌকা আর লাঙ্গল আঁকা একদল তরুণকে নাচতে দেখা যায় খালি গায়ে।
জিরো পয়েন্ট থেকে গুলিস্তান....
সমাবেশ ছড়িয়ে পড়েছিল গুলিস্তান থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সব অলি-গলিতে। শেখ হাসিনার ভাষণ শুনতে উৎসাহী কেউ কেউ নিরাপত্তার 'হাঙ্গামায়' না গিয়ে দূরে দাঁড়িয়ে ভাষণ শোনেন।
ভাষণ শুরু হতেই কেউ কেউ মোবাইল ফোনে অপরপ্রান্তের মানুষকে তা শোনাতে থাকেন। এরকম একজন বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি শাহনেওয়াজ বললেন, "শেরপুরে আমার গ্রামে ডিশ (ক্যাবল সংযোগ) নাই। আমার বাবা শেখ হাসিনার ভক্ত। এখন ইলেকশনের টাইম। ডাইরেক্ট শেখ হাসিনার ভাষণ শুনাইয়া বাপেও মানুষের কাছে একটু ইয়ে (সম্মান) পাবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/১৮৫১ঘ.
bdnews24