সুমন মাহবুব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কড়া নিরাপত্তার মধ্যে শুক্রবার বিকালে রাজধানীর পল্টন ময়দানে জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। হাসিনা বক্তব্য দেবেন বুলেট প্রুফ কাচ ঘেরা মঞ্চে দাঁড়িয়ে। মঞ্চের যেখানে হাসিনাসহ নেতারা বসবেন তার সামনেও রয়েছে বুলেট প্রুফ কাচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সুমন মাহবুব জানান, দুপুর ২টায় পল্টন ময়দানের প্রধান ফটক খুলে দেওয়া হয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের মধ্যের এই একটি ফটক দিয়েই সবাইকে জনসভায় ঢুকতে হচ্ছে। সেখানে কয়েকদফা তল্লাশির পর জনসভায় আগতরা ঢুকতে পারছেন। সাংবাদিকদেরও দুই দফা তল্লাশি করা হয়।
পল্টন ময়দানের আশপাশের ভবনগুলোতে পাহারা বসিয়েছে নিরাপত্তা বাহিনী। দুটি স্টেডিয়ামের ওপর পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে আছে। পাশের শিল্প ভবন, রাজউক ভবনের ছাদে পুলিশ ছাড়াও র্যাব ও পিজিআর বাহিনীর সদস্যদেরও দেখা যায়।
মঞ্চের পেছনে যে ব্যনার রয়েছে, তাতে লেখা রয়েছে- দিন বদলের সংগ্রামে এক হন, নৌকা মার্কায় ভোট দিন। ব্যানারের এক পাশে শেখ হাসিনার ছবি এবং অপর পাশে নির্বাচনী প্রতীক নৌকার ছবি।
২টায় গেইট খুলে দেওয়া হলেও আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা সকাল থেকেই পল্টন ময়দানের আশাপাশের এলাকায় এসে অবস্থান নেন। বরাবরের মতো বিভিন্ন এলাকা থেকে মিছিলগুলো আসতে শুরু করেছে। দুপুর আড়াইটার সময় ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তবে শেখ হাসিনা এখনও সমাবেশে আসেননি।
রাজধানীতে জনসভার মধ্য দিয়ে সাধারণত রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারণার সমাপ্তি টানলেও এবার আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা পল্টনের সভার পর দিন চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভা করবেন। পল্টনে শনিবার জনসভা করবে বিএনপি।
২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম সংসদ নির্বাচনের জন্য ২৭ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত প্রচার চালানো যাবে।
শেখ হাসিনা গত ১১ ডিসেম্বর সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু করেন। গত দুই সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি।
শনিবার চট্টগ্রামে যাওয়ার পথে কুমিল্লা, ফেনীতে কয়েকটি সমাবেশে বক্তব্য রাখবেন হাসিনা।
স
bdnews24