মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গত দুটি নির্বাচনে বিএনপি বা চার দলের প্রার্থী জয়ী হয়েছেন- দক্ষিণ চট্টগ্রামের এমন পাঁচটি আসনে জয় পেতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট এবার মরিয়া।
আওয়ামী লীগের আশাবাদী হওয়ার কিছু কারণও আছে। গত চার দলীয় জোট সরকারের আমলে দুটি আলোচিত হত্যাকাণ্ড এবং এলডিপি এবার দক্ষিণ চট্টগ্রামে চারদলকে বেকায়দায় ফেলে দিতে পারে বলে মনে করছেন ভোটাররা।
অবশ্য এ পাঁচটি আসনে আবার জয়ী হওয়ার ব্যাপারে চারদলের প্রার্থীরাও আশাবাদী।
১৯৯৬ ও ২০০১ এর নির্বাচনে চট্টগ্রাম-১১ (পটিয়া), চট্টগ্রাম-১২ (আনোয়ারা), চট্টগ্রাম-১৩ (চন্দনাইশ), চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া-লোহাগাড়া) এবং চট্টগ্রাম-১৫ (বাঁশখালী) আসনে বিএনপি বা চার দলের প্রার্থীরাই জয়ী হন।
কিন্তু বিগত জোট সরকারের আমলে বাঁশখালীর সাধনপুরে ১১ জনকে পুড়িয়ে হত্যা এবং আনোয়ারায় বিএনপি নেতা জামাল উদ্দিনের হত্যার ঘটনায় খুনীদের মদদদাতা হিসেবে বিএনপি'র দুই প্রার্থীর নাম উঠে আসায় আসন্ন নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন স্থানীয় ভোটাররা।
চট্টগ্রাম-১২ (আনোয়ারা) আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম এবং তার ভাই মারুফ নিজামের বিরুদ্ধে জামাল উদ্দিন হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠে।
তবে অভিযোগ অস্বীকার করে সরওয়ার জামাল নিজাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচনে ইস্যু করার জন্য ষড়যন্ত্র করে আমাকে এ ঘটনায় জড়ানো হচ্ছে। মামলার কোথাও আমাকে বা আমার ভাইকে অভিযুক্ত করা হয়নি।"
তিনি বলেন, "বিগত সময়ে আনোয়ারার উন্নয়নে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ব্যাপক অবদান রেখেছে। সেই উন্নয়নের ধারাবাহিকতায় ভোটাররা এবার আমাকেই বিজয়ী করবে।"
জামাল উদ্দিনের ছেলে ফরমান রেজা লিটন বলেন, "মামলায় তাদের আসামি করা না হলেও গ্রেপ্তারকৃত অন্য আসামিরা দুজনের সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন। সে সময় প্রশাসনে চারদলীয় জোট সরকারের প্রভাব থাকায় আসল সত্য বেরিয়ে আসেনি।"
লিটন তার বাবার হত্যাকারীদের বিচার দাবি করেন।
এদিকে জামাল উদ্দিন হত্যা এবং চারদলীয় জোটের 'অপশাসনকে' সামনে এনে ভোটারদের মনজয়ের চেষ্টা করে যাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী এবং '৯১ সালে সাংসদ নির্বাচিত আখতারুজ্জামান চৌধুরী বাবু।
তিনি বলেন, "এলাকার জনগণ পরিবর্তন চায়। এ কারণেই তারা এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে।"
উপজেলার তেকোটা ইউনিয়নের গৃহিনী ইসমত জাহান বলেন, যে প্রার্থী দুর্নীতি দমনে ভূমিকা রাখার প্রতিশ্র"তি দেবেন, তাকেই ভোট দেবেন তিনি।
আনোয়ারা সদর উপজেলার কাপড় ব্যবসায়ী আবু জাফর সওদাগর মনে করেন, জামাল উদ্দিন হত্যা মামলার বিষয়টি নির্বাচনে বড় 'ফ্যাক্টর' হতে পারে।
অবশ্য কাকে ভোট দেবেন তা এখনো ঠিক করেননি বলে জানান আবু জাফর।
এদিকে বাঁশখালীর সাধনপুরের শীল পাড়ায় ১১ জনকে পুড়িয়ে হত্যার ঘটনা চট্টগ্রাম-১৫ আসনে চারদলীয় জোট প্রার্থী সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীকে বেকায়দায় ফেলেতে পারে বলে মনে করেন অনেকে।
গত জোট সরকারের আমলে সংঘটিত এ হত্যাকাণ্ডে জাফরুল ইসলামের ভাই আমিনুল ইসলাম চৌধুরীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। আলোচিত এ হত্যাকাণ্ডের বিচার এখনো পর্যন্ত হয়নি। এছাড়া তৈলারদ্বীপ সেতু থেকে জলদী পর্যন্ত প্রধান সড়কের বেহাল দশা নিয়েও স্থানীয়দের মনে ক্ষোভ রয়েছে।
গত দুই নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট সুলতানুল কবীর চৌধুরী এ সুযোগই কাজে লাগাতে চান।
জলদী এলাকার বাসিন্দা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র তাহমিদ বলেন, "গত দুই মেয়াদে চারদলীয় জোট এ আসনে জয়ী হলেও এলাকার কোনো উন্নয়ন হয়নি। এবারের নির্বাচনে এ ইস্যু গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেবে।"
সাধনপুর গ্রামের বাসিন্দা সুজন নন্দী বলেন, "১১ জনকে পুড়িয়ে হত্যার ঘটনা বাংলাদেশসহ সারাবিশ্বে ব্যাপকভাবে আলোচিত হয়। এর সঙ্গে সাবেক সাংসদের ভাইয়ের জড়িত থাকার অভিযোগ থাকলেও তার বিচার আজও হয়নি। ভোটাররা ভোট দেওয়ার ক্ষেত্রে এদিকটিও মাথায় রাখবেন।"
অবশ্য সাবেক সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী বলেন, এবারের নির্বাচনেও জয়লাভের ব্যাপারে আশাবাদী তিনি। ১১ হত্যার সঙ্গে যুক্ত থাকা বা আমিনুল ইসলাম চৌধুরীকে সুবিধা দেওয়ার বিষয়টি তিনি এড়িয়ে যান।
অন্যদিকে চার দলের প্রার্থীর 'দুর্বলতা' তুলে ধরে উপকূলীয় বেড়ি বাঁধ নির্মাণসহ এলাকায় শিক্ষার উন্নয়নের প্রতিশ্র"তি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন মহাজোট প্রার্থী সুলতানুল কবীর।
গতবারের নির্বাচনে চট্টগ্রাম-১৩ (চন্দনাইশ) আসনে অলি আহমদ চারদলীয় জোটের ব্যানারে সাংসদ নির্বাচিত হলেও এবারে নতুন দল এলডিপি থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া) আসনেও এলডিপির মনোনয়নে নির্বাচন করছেন অলি।
দেশের অন্য কোথাও এলডিপি প্রার্থীরা সুবিধাজনক অবস্থানে না থাকলেও প্রার্থীর কারণে এ দুই আসনে চারদলীয় জোট ও মহাজোটের প্রার্থীদের সঙ্গে এলডিপির তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটাররা। ব্যক্তি ও মুক্তিযোদ্ধা হিসেবে অলির ইমেজ এবং সরকারে থেকে এলাকার উন্নয়নের কারণে তিনি সুবিধাজনক অবস্থায় রয়েছেন বলেও মনে করেন ভোটাররা।
চট্টগ্রাম-১৩ (চন্দনাইশ) আসনের আওতাধীন সাতবাড়ীয়া এলাকার ভোটার মোর্শেদুল আলম বলেন, "অলি সাহেব ঘরে ঘরে যাচ্ছেন। এলাকাবাসীও তাকেই পছন্দ করে। এই আসনে বিএনপির মিজানুল হক চৌধুরী শক্তির দিক দিয়ে আছেন তৃতীয় অবস্থানে। এখন ভোটে কী হয় সেটাই দেখার বিষয়।"
চন্দনাইশের পুরানগড় এলাকার বাসিন্দা আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এলাকার মানুষ আগে যাকে ভোট দিয়েছেন, তাকেই আবার ভোট দেবে। তবে এবার আওয়ামী লীগের প্রার্থী আফছার উদ্দীন আহমদ শক্ত অবস্থানে আছেন। তাই লড়াই হবে সমানতালে।"
অন্যদিকে, চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে চারদলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর মাওলানা শামসুল ইসলাম ও এলডিপির অলির মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করেন ভোটাররা। জামায়াতের ঘাটি হিসেবে পরিচিত এ আসনে 'যুদ্ধাপরাধ' ইস্যু ছাড়াও অলির ব্যক্তি ইমেজ প্রভাব ফেলতে পরে।
তবে এ দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় মহাজোট প্রার্থী আওয়ামী লীগের অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরীও সামনে চলে আসতে পারেন বলে মনে করেন মীর্জারখীল চৌধুরী পুকুরপাড় বাজারের ব্যবসায়ী আবদুল গফুর।
তিনি বলেন, "এলডিপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা থাকলেও মানুষ পরিবর্তন চায়।"
সামিয়ার পাড়া এলাকার মহিলা ভোটার খদিজা বেগম বলেন, "গত পাঁচ বছর ডাকাতের উপদ্রবে ঘুমাতে পারি নাই। যে এলাকায় নিরাপত্তা দিতে পারবে তাকেই এবার ভোট দেব।"
জামায়াতের প্রার্থী মাওলানা শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আওয়ামী লীগ পুরনো দল। আর অলি মানুষ পুরনো হলেও নতুন দল থেকে নির্বাচন করছেন। ভোটাররা মানুষ নয়, দল দেখে ভোট দেবেন। আর এ এলাকায় আমাদের অবস্থান আগে থেকেই ভালো।"
১৯৯৬ সালে বিএনপির প্রার্থী অলি এ আসনে জামায়াতের শাহজাহান চৌধুরীকে পরাজিত করেন। কিন্তু ২০০১ এ শাহজাহানের কাছে হেরে যান।
গাড়ি ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় শাহজাহান এবার নির্বাচনে অংশ নিতে পারছেন না।
এদিকে চট্টগ্রাম-১১ আসনে (পটিয়া) চারদলীয় জোট প্রার্থী সাবেক সাংসদ গাজী শাহজাহান জুয়েলের ভগ্নিপতি সাইফুদ্দিন খালেদ বাবুলের কথিত দুর্নীতিকে সামনে রেখে জোর প্রচারণা চালাচ্ছেন মহাজোট প্রার্থী আওয়ামী লীগের শামসুল হক চৌধুরী।
গত তিন নির্বাচনে এ আসনে শক্তিশালী অবস্থান থাকলেও দলীয় কোন্দলের কারণে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হতে পারেনি।
এবার দলীয় কোন্দল মিটিয়ে জয়ের জন্য মরিয়া শামসুল হক চৌধুরী বলেন, "মানুষ এবার মহাজোট প্রার্থীকে জয়ী করে চার দলের দুর্নীতি, অপশাসন ও এলাকায় উন্নয়ন না করার জবাব দেবে।"
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এমসি/আরএআর/জেকে/এসকে/২৩১৮ঘ.
bdnews24