২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় বিকল্পধারার প্রার্থীসহ দুই শতাধিক নেতাকর্মীর আ. লীগে যোগদান

বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের বিকল্পধারার প্রার্থী ড. আবদুর রহমান খোকনসহ দলটির প্রায় দুই শতাধিক নেতা-কর্মী বৃহস্পতিবার আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2008, 05:11 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

বরগুনা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের বিকল্পধারার প্রার্থী ড. আবদুর রহমান খোকনসহ দলটির প্রায় দুই শতাধিক নেতা-কর্মী বৃহস্পতিবার আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বরগুনার বামনা উপজেলার সরোয়ারজান হাইস্কুল মাঠে বৃহস্পতিবার বিকেলে মহাজোট প্রার্থীর জনসভায় উপস্থিত হয়ে তারা যোগ দেন। এদের মধ্যে আছেন- বামনা উপজেলা বিকল্পধারার আহবায়ক কামাল হোসেন। একই জনসভায় বিএনপির স্থানীয় নেতা ও বুকাবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মীর আসাদুজ্জামান শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগ দেন। বিএনপিদলীয় সাবেক সাংসদ ড. আবদুর রহমান খোকন বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বিএনপির মনোনয়ন নিয়ে তিনি একবার সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন। বিএনপি তথা চারদলীয় জোট সরকারের লুটপাটের প্রতিবাদ করায় কোনঠাসা হয়ে পড়েন এবং বাধ্য হয়ে বিকল্পধারায় যোগ দেন। এলাকার উন্নয়নের স্বার্থে তথা মহাজোটকে ক্ষমতায় নিয়ে উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন বলে দাবি করেন। আব্দুর রহমান নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। বামনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন- মহাজোটের প্রার্থী গোলাম সবুর টুলু, যোগদানকারী মীর আসাদুজ্জামান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক/প্রতিনিধি/এমএসবি/২৩০৪ ঘ.