২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে রাজধানীতে পাঁচস্তরের নিরাপত্তা দেবে ডিএমপি

রাজধানীর ১৫ টি ও ঢাকা-২ আসনের কিছু অংশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পাঁচস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2008, 04:53 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ১৫ টি ও ঢাকা-২ আসনের কিছু অংশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পাঁচস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রাজারবাগ মিলনায়তনে মাসিক সভায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। পুলিশ কমিশনার জানান, অতীত অভিজ্ঞতা, পরিবর্তিত নির্বাচনী সীমানা ও বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি- এ তিনটি বিষয় বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে। আগের তুলনায় আসন ও ভোটকেন্দ্র বেড়েছে। এ কারণে ঢাকা মহানগর পুলিশকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি জানান, রাজধানীর ১৫টি ও ঢাকা-২ আসনের কিছু অংশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পাঁচ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এর মধ্যে আছে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, ভ্রাম্যমাণ রণ-পাহারা (প্রতি ১০টি কেন্দ্রের জন্যে ১টি দল), থানা ভিত্তিক স্ট্রাইকিং রিজার্ভ দল, ক্রাইম জোন ভিত্তিক স্ট্রাইকিং রিজার্ভ দল ও কন্ট্রোল রুমে স্ট্রাইকিং রিজার্ভ দল। এছাড়া বিশেষ পরিস্থিতি মোকাবেলায় 'স্পেশালাইজড সাপোর্টিভ ফোর্স' হিসাবে বিশেষ মহিলা পুলিশ দল প্রস্তুত থাকবে। তাদের সঙ্গে থাকবে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও 'সোয়াট টিম'। নাইম আহমেদ জানান, কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে নির্বাচন সংশ্লিষ্ট সব সদস্যকে 'ব্রিফ' করা হয়েছে এবং তাদের কর্মকাণ্ড তদারকিরও ব্যবস্থা নেওয়া হয়েছে। সভায় রাজধানীর সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসটি/টিএইচ/এসকে/২২৪৭ঘ.