২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোটের রূপকার এরশাদ!

নিজেকে মহাজোটের 'রূপকার' দাবি করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। বৃহস্পতিবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, "আমিই মহাজোটের রূপকার। আমার গুরুত্ব এতটাই, আমি ১৪ দলে যাওয়ার পর তা ১৫ দল হয়নি; হয়েছে মহাজোট। যদি মহাজোট না হতো তাহলে কোন দল ক্ষমতায় আসতো তা বলা মুশকিল ছিল। কিন্তু আজ প্রায় নিশ্চিত মহাজোটই ক্ষমতায় আসবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2008, 04:42 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

গাইবান্ধা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেকে মহাজোটের 'রূপকার' দাবি করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। বৃহস্পতিবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, "আমিই মহাজোটের রূপকার। আমার গুরুত্ব এতটাই, আমি ১৪ দলে যাওয়ার পর তা ১৫ দল হয়নি; হয়েছে মহাজোট। যদি মহাজোট না হতো তাহলে কোন দল ক্ষমতায় আসতো তা বলা মুশকিল ছিল। কিন্তু আজ প্রায় নিশ্চিত মহাজোটই ক্ষমতায় আসবে।" সমাবেশে ক্ষমতায় যাওয়ার পূর্ব শর্ত হিসেবে নৌকা-লাঙ্গলের প্রতিযোগিতা বন্ধ করারও আহ্বান জানান তিনি। জাপা চেয়ারম্যান বলেন, "বিভিন্ন স্থানে লাঙ্গল-নৌকার লড়াই হলে আমরা পিছিয়ে যাব। এটা হতে দেওয়া যায় না। আমাদের এক হয়ে লড়তে হবে।" আওয়ামী লীগ চুক্তি ভঙ্গ করেছে- অভিযোগ করে এরশাদ বলেন, "আমাদের ৩০০ আসনে প্রার্থী ছিল, কিন্তু আমরা মহাজোটের জন্য ২৫৪টিতেই ছাড় দিয়েছি। এরপরও অনেক আসনে নৌকার প্রার্থী দেওয়া হলো। গাইবান্ধা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী দেওয়া হয়েছে।" জাপা প্রধান বলেন, "মেয়র নির্বাচনে আমরা প্রার্থী দিইনি। এর ফলে চারটি সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছে।" সাবেক এই রাষ্ট্রপতি বলেন, " '৯৬ সালে বিএনপি আমার কাছে খবর পাঠিয়েছিল। সেদিন আমি যদি বিএনপিকে সমর্থন দিতাম তাহলে ইতিহাস অন্যরকম হতো।" লাঙ্গলের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, "আপনারা লাঙ্গলকে বিজয়ী করে প্রমাণ করে দিন গোবিন্দগঞ্জে অন্য কারো জায়গা নেই।" আওয়ামী লীগের প্রার্থী মো. মনোয়ার হোসেন চৌধুরীকে প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানান তিনি। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মোহাম্মদ আলী মাহবুব তালুকদারকে মনোনয়ন দেওয়া হয়েছে। এক পর্যায়ে এরশাদ হাস্যচ্ছলে বলেন, "আমাদের ঠাট্টা করে 'মফিজ' বলা হয়; আমাদের মফিজ বলবেন না। আমরা যদি চাল দেওয়া বন্ধ করি তাহলে সবার খাবার বন্ধ হয়ে যাবে।" মহাজোট ক্ষমতায় গেলে গাইবান্ধায় যমুনা নদীর ওপর আরেকটি সেতু এবং রংপুর ও গাইবান্ধায় গ্যাস সরবরাহ করার প্রতিশ্র"তি দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/২২৩৩ঘ.