২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফজলে রাব্বীকে বিশ্বাসঘাতক বললেন এরশাদ

গাইবান্ধা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট ফজলে রাব্বীকে 'বিশ্বাসঘাতক' আখ্যায়িত করে জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, রাব্বী আগেও বিশ্বাসঘাতকতা করেছিলেন; এখনও করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2008, 01:05 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

গাইবান্ধা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট ফজলে রাব্বীকে 'বিশ্বাসঘাতক' আখ্যায়িত করে জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, রাব্বী আগেও বিশ্বাসঘাতকতা করেছিলেন; এখনও করছেন। বৃহস্পতিবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালিরবাজারে এক নির্বাচনী জনসভায় এরশাদ একথা বলেন। তিনি দাবি করেন, গাইবান্ধা-৫ আসনটিতে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদই মহাজোটের প্রার্থী। এবিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়েও সিদ্ধান্ত রয়েছে। এরশাদ বলেন, "সমঝোতার ভিত্তিতে গাইবান্ধা-৫ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী ফজলে রাব্বীকে প্রত্যাহার করে রওশন এরশাদকে মহাজোটের প্রার্থী দেওয়া হয়। কিন্তু রাব্বী দলের নির্দেশ উপেক্ষা করে গণসংযোগ চালাচ্ছেন।" ফজলে রাব্বীর এক সময়ে জাতীয় পার্টিতে থাকার কথা তুলে ধরে এরশাদ বলেন, "আমি রাব্বীকে প্রতিমন্ত্রী বানিয়েছিলাম। কিন্তু তিনি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আওয়ামী লীগে যোগ দিয়ে এখন আবার মহাজোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন।" ১৯৮৮, '৯১ এবং '৯৬ এর সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে জয়ী হন ফজলে রাব্বী। ২০০১ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে জাতীয় পার্টির রওশন এরশাদের কাছে হেরে যান। এবার দলীয় মনোনয়ন নিয়ে রওশন এরশাদ এবং ফজলে রাব্বী দুই জনই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনেও প্রার্থী হয়েছেন। তবে শেখ হাসিনা কয়েকদিন আগে ময়মনসিংহে জনসভায় বলেন, ময়মনসিংহ-৪ আসনে আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মহাজোটের প্রার্থী। এখানে রওশন এরশাদ নির্বাচন করবেন না। রওশন এরশাদ গাইবান্ধা-৫ আসনে মহাজোটের প্রার্থী বলে নির্বাচন করবেন। কালিরবাজারের জনসভায় রওশন এরশাদকে পরিচয় করে দিয়ে এরশাদ বলেন, "এখানে মহাজোট প্রার্থী রওশন এরশাদ। আপনারা লাঙ্গল মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করুন।" ফজলে রাব্বীকে নিষ্ক্রিয় থাকার আহ্বান জানান জাপা চেয়ারম্যান। মহাজোট ক্ষমতায় গেলে সাঘাটা ও ফুলছড়ি উপজেলাকে যমুনার ভাঙন থেকে রক্ষায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এরশাদ। এদিকে ফজলে রাব্বি জানিয়েছেন, তিনি নির্বাচন থেকে সরে না দাঁড়াতে অনড়। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন প্রত্যাহারের কোনও কথা দলের পক্ষ থেকে আমাকে জানানো হয়নি। ফজলে রাব্বী বলেন, "আমি নির্বাচন করছি, শেষ পর্যন্ত করব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরবি/এমআই/এসকে/১৮৫৮ঘ.