২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যা মামলাকারীরা ভুল বুঝে ক্ষমা চেয়েছেন: হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মিথ্যা মামলা দিয়েছিলেন তারাও ভুল বুঝে তার কাছে ক্ষমা চেয়েছেন। বৃহস্পতিবার নবাবগঞ্জে এক জনসভায় চাঁদাবাজি মামলা প্রসঙ্গে হাসিনা এ কথা বলেন। মামলাকারী নূর আলীও এ সভায় বক্তব্য দেন। হাসিনা জনসভায় ঢাকা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী মান্নান খানের পক্ষে ভোট চান। জানাচ্ছেন সুমন মাহবুব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2008, 01:00 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

সুমন মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক নবাবগঞ্জ, ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মিথ্যা মামলা দিয়েছিলেন তারাও ভুল বুঝে তার কাছে ক্ষমা চেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নবাবগঞ্জে এক নির্বাচনী জনসভায় চাঁদাবাজি মামলা করা ব্যবসায়ী নূর আলীর ভাষণের পর বক্তৃতায় শেখ হাসিনা এ কথা বলেন। সভায় তিনি ঢাকা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী মান্নান খানের পক্ষে ভোট চান। শেখ হাসিনার ভাষণের আগে নূর আলী বলেন, "নেত্রীর সঙ্গে আমার যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তার জন্য আপনাদের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে আমি ক্ষমাপ্রার্থী।" তিনি বলেন, "নেত্রীর বাসায় গিয়েছিলাম। তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন মান্নান ভাইকে বিজয়ী করে আনতে। আমি এখানে ভাষণ দিতে আসিনি। আমি এখানে এসেছি মান্নান ভাইয়ের হাতকে শক্তিশালী করতে।" বুধবার রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে ইউনিক গ্র"পের চেয়ারম্যান নূর আলী দাবি করেন, বর্তমান সরকারের একটি 'ক্ষুদ্র অংশ' তাকে ওই মামলা করতে বাধ্য করে। ২০০১ সালে একই আসনে (তখনকার ঢাকা-২) আসনে নূর আলী আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচনে অংশ নিয়ে অল্পের জন্য হেরে যান। এই আসনে এবার মহাজোটের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রতিদ্বন্দ্বিতা করছেন। কয়েকদিন আগে আরেক মামলাকারী ব্যবসায়ী আজম জে চৌধুরীও হাসিনার সঙ্গে দেখা করে প্রতিকূল পরিস্থিতিতে মামলা করার প্রেক্ষাপট তুলে ধরেন। শেখ হাসিনা বলেন, "বিদেশি তদন্তে বেরিয়ে এসেছে আগের প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্য এবং সাবেক সরকারের মন্ত্রীরা কীভাবে বিদেশি কোম্পানির কাছ থেকে ঘুষ নিয়ে বিদেশে পাচার করে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। তারা নিজেদের আখের গোছানোর দেশের টাকা বিদেশে পাচার করেছে, আর দেশের মানুষকে ১০ টাকার চাল ২০ টাকায় খাইয়েছে।" তিনি বলেন, "আমরা চাই জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। আমরা আরো চাই, আগামীতে যে সরকার প্রতিষ্ঠিত হবে সে সরকারের যেন জবাবদিহিতা থাকে। আমি বাংলার মানুষকে ভালোবাসি। আমি দেশের মানুষের সেবা করতে চাই।" নূর আলী গত বছরের ১৩ জুন তেজগাঁও থানায় শেখ হাসিনা, তার ভাই শেখ হেলাল ও তার স্ত্রী রূপা চৌধুরীকে আসামি করে চাদাবাজির মামলা করেছিলেন। ওই মামলায় তিনি বলেছিলেন, ভাসমান বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজের জন্য শেখ হাসিনাকে তিনি পাঁচ কোটি টাকা দেওয়ার প্রতিশ্র"তি দিতে বাধ্য হন। এতে বলা হয়, শেখ হেলাল ও তার স্ত্রীর মাধ্যমে সে টাকা পরিশোধ করা হয়। নূর আলীর পর ঢাকা-১ আসনের মহাজোট প্রার্থী আব্দুল মান্নান খান ভাষণ দেন। এ সময় মঞ্চে নূর আলী ও শেখ হাসিনাকে পরস্পরের সঙ্গে কথা বলেন। এর আগে দোহারের জয়পাড়া খেলার মাঠে জনসভায় ভাষণ দেন শেখ হাসিনা। ওই জনসভায় হাসিনা বলেন, "আওয়ামী লীগের সময় কোনো জিনিসের দাম বাড়েনি। আমাদের সময় এই এলাকার সার্বিক উন্নয়ন হয়েছিল। আপনাদেরকে এইবার সন্ত্রাসী, জঙ্গিবাদ সৃষ্টিকারী ও লুটেরাদের বিরুদ্ধে ভোট দিতে হবে।" আওয়ামী লীগ ক্ষমতায় গেলে স্থানীয় তাঁতীদের অবস্থার উন্নয়ন এবং ঢাকার সঙ্গে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের প্রতিশ্র"তি দেন তিনি। দোহারকে নদী ভাঙন সমস্যার উল্লেখ করে স্থানীয় নদীর নাব্যতা বাড়ানো ও নদীর পাড়ে বাঁধ নির্মাণের প্রতিশ্র"তি দেন হাসিনা। জনসভাস্থলে যাবার পথে রাস্তার দুপাশে জড়ো হওয়া জনতা তাকে হাত নেড়ে ও শ্লোগান দিয়ে স্বাগত জানায়। বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় থাকার সময় দেশের শিক্ষা ব্যবস্থার কোনো উন্নয়ন করেনি বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সভানেত্রী। কারো নাম উল্লেখ না করে হাসিনা বলেন, "উনি শিক্ষার কোনো উন্নয়ন করেননি। উনি চান না কেউ দেশে শিক্ষিত হোক। উনিতো নিজেই মেট্রিক ফেল। সেজন্য চান না কেউ বেশি লেখাপড়া শিখুক।" নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবারের নির্ধারিত তিনটি জনসভা শেষে শেখ হাসিনা ধানমণ্ডির সুধাসদনে ফিরে আসেন। ফেরার পথে তিনি কেরাণীগঞ্জের রুহিতপুরে ঢাকা-২ আসনের মাহাজোট প্রার্থী আওয়ামী লীগের কামরুল ইসলামের পক্ষে এক পথসভায় বক্তব্য রাখেন। এর আগে বিকেলে লালবাগের শহীদ হাজি আব্দুল আলিম ঈদগাহ মাঠে এক জনসভায় মহাজোট নেত্রী শেখ হাসিনা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভোটারদের তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাধা সৃষ্টি করা হলে বরদাশত করা হবে না। তিনি বলেন, "আপনারা আপনাদের খুশিমতো প্রার্থীকে ভোট দেবেন। কেউ বাধা সৃষ্টি করলে তা বরদাশত করা হবে না।" ঢাকা-৭ আসনে মহাজোটের প্রার্থী আওয়ামী লীগের ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সমর্থনে শেখ হাসিনা এ কথা বলেন। কারো নাম উল্লেখ না করে আওয়ামী লীগ প্রধান বলেন, "নির্বাচনের আগে ও পরে আতঙ্ক সৃষ্টি করাই এদের চরিত্র। এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে। তারা নির্বাচনে কারচুপির জন্য এক কোটিরও বেশি ভোটার তালিকাভুক্ত করেছিল। কিন্তু এবার নতুন ছবিযুক্ত ভোটার তালিকায় সেই ভোটারদের বাদ দেওয়া হয়েছে।" ছবিযুক্ত ভোটার তালিকার জন্য তত্ত্বাবধায়ক সরকার ও সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জনিয়ে তিনি বলেন, "ছবিসহ ভোটার তালিকা জাতির জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।" এই আসনে নাসির উদ্দিন পিন্টুকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়ায় সমালোচনা করে হাসিনা বলেন, " তাকে আপনারা সবাই চেনেন। '৯৪ সালে মেয়র নির্বাচনের পর তার নেতৃত্বেই লালবাগে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। কারাগারেও তার আচরণ আপনাদের সবার জানা। সে জন্য আপনাদেরই বেছে নিতে হবে কাকে ভোট দেবেন। তার মতো একজনকে ভোট দেবেন, না-কি মোস্তাফা জালাল মহিউদ্দিনের মতো একজন ভদ্রলোককে ভোট দেবেন।" শেখ হাসিনা অভিযোগ করে বলেন, ২০০১ এর পর লালবাগ এলাকার কোনো উন্নয়ন হয়নি। কথা ছিল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরির, কিন্তু তা-ও করা হয়নি। লালবাগের এ সমাবেশে সমাবেশে প্রচুর লোক সমাগম হয়। অনেকে নৌকা প্রতীক নিয়ে আসেন। পলাশী মোড় থেকে জনসভাস্থল পর্যন্ত প্রায় আধ কিলোমিটার রাস্তার দুই পাশে দাঁড়িয়ে লোকজন আওয়ামী লীগ সভানেত্রীকে শুভেচ্ছা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিএইচ/এসকে/১৮৫১ঘ.