রুহুল আমিন রানা
প্রতিবেদক, চট্টগ্রাম অফিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রামে সকাল না হতেই প্রার্থীদের পাশাপাশি ঘর ছাড়ছেন তাদের স্ত্রী-কন্যারাও। তারা নারী ভোটরদের কাছে স্বামী কিংবা পিতার জন্য ভোট চাইছেন অনেক রাত পর্যন্ত। এ জেলার পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি হলেও কোন নারী প্রার্থী নেই। জানাচ্ছেন রুহুল আমিন রানা।
প্রার্থীদের নারী স্বজনদের পাশাপাশি দলের নারী কর্মীরাও প্রচারণা চালাচ্ছেন জোরেশোরে। নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, তুলনামূলক রক্ষণশীল হিসেবে পরিচিত চট্টগ্রামের নারী ভোটারদের কাছে পৌঁছাতে তাদের ব্যস্ততা ততই বাড়ছে।
এবার চট্টগ্রামের ১৬টির মধ্যে ১২টিতে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। অপর চারটি আসনেও ব্যবধান খুব কম। এ কারণে জয়-পরাজয়ে নারী ভোটাররা বড় ভূমিকা পালন করবে বলে তাদের দৃষ্টি আকর্ষণে প্রচারণা এখন তুঙ্গে। তাদের উদ্বুদ্ধ করতে প্রার্থীদের স্ত্রী-কন্যা-বোনসহ স্বজনরা ছাড়াও দলীয় নারী কর্মীরা রাত দিন গণসংযোগ চালাচ্ছেন। লিফলেট বিতরণের পাশাপাশি কোথাও কোথাও মহিলা সমাবেশও করা হচ্ছে।
চট্টগ্রাম-১০ (বন্দর পতেঙ্গা) আসনে বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর মেয়ে তামিনা মাহমুদ চৌধুরী বুধবার সকালে পূর্ব মাদারবাড়ী কামাল গেটে গণসংযোগকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নারী ভোটাররা এবার ব্যবধান গড়ে দিতে পারেন। নারী হিসেবে ঘরে ঘরে সহজে পৌঁছানো যায় বলে বাবার পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছি।"
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তামিনা বলেন, যোগ্য প্রার্থীকে বেছে নেয়ার অনুরোধের পাশাপাশি তাদের ভোট দিতে যেতে উৎসাহিত করছি। সব শ্রেণীর নারী ভোটারের কাছ থেকে ব্যাপক সাড়াও মিলছে।
তার মা তাহেরা খসরুও সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় সাবেক মন্ত্রী খসরুর জন্য ভোট চাচ্ছেন। তামিনা বলেন বাবার পক্ষে স্বল্প সময়ে সব জায়গায় যাওয়া, বিশেষ করে রক্ষণশীল হিসেবে পরিচিত চট্টগ্রামের নারীদের কাছে পৌঁছানো কঠিন বলে তারা মাঠে নেমেছেন।
চট্টগ্রাম-৮ (কোতোয়ালী) আসনে আওয়ামী লীগ প্রার্থী নুরুল ইসলাম বিএসসির স্ত্রী সানোয়ারা বেগম বুধবার দুপুরে পূর্ব আলকরণে গণসংযোগ ও একটি মহিলা সমাবেশে অংশ নেয়ার আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোট দান নারীদের অধিকার। অন্য কারও কথায় প্ররোচিত না হয়ে নিজেদের বিচার-বিবেচনা প্রয়োগ করে যোগ্যপ্রার্থীকে ভোটদানে তাদের অনুরোধ করছি।" প্রচারণাকালে নারীদের কাছ থেকে ব্যাপক সাড়া ও সম্মান পাচ্ছেন বলে তিনি জানান। তার মেয়ে শাকিলা জাহানও প্রচারণায় অংশ নিচ্ছেন।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নারী কর্মীরা ঘরে ঘরে গিয়ে মা, বোন, আপা, ভাবি আর খালা কিংবা নানী ও দাদী ডেকে নারী ভোটারদের মনোযোগ আর্কষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
গণসংযোগ ছাড়াও নারীদের মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছে। কোন কোন আসনে আলাদা মহিলা সমাবেশ করা হচ্ছে।
এসব লিফলেট, সমাবেশে নারীবান্ধব বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের আশ্বাস দেওয়া হচ্ছে। এছাড়া, স্লোগানের ভাষাতেও নারী ভোটারদের আকর্ষণের চেষ্টা চলছে। 'ও কলিম ভাই তুইও যাইও, আঁর ভাবিরে হোঁয়ারে লইও (কলিম ভাই তুমিও যাবে, ভাবীকেও সাথে নেবে)। 'মা-বোনরা সালাম নিন, অমুক ভাইকে ভোট দিন'।
নারী ভোটরদের মাঝেও এবারের নির্বাচন নিয়ে সাড়া পড়েছে বেশ। আলকরণ এলাকার মোর্শেদা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রার্থীদের পক্ষে তাদের স্ত্রী, কন্যারা ভোট চাইতে এসে সুখ-দুঃখের খবর নিচ্ছেন বলে ভালো লাগছে। কিছুটা সন্দেহের সুরে বলেন, "ভোটের পর এলাকাবাসীর পক্ষে তাদের পাওয়া গেলেই হলো।" তবে এবার প্রার্থীদের পক্ষ থেকে সবসময় কাছে থাকার প্রতিশ্র"তি অনেকেই দিচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম-১০ আসনে মহাজোট প্রার্থী এমএ লতিফের স্ত্রী হারুনুল বাহারসহ তার নারী আত্মীয়-স্বজনরাও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
চট্টগ্রাম-৮ আসনে বিএনপির শামসুল আলমের পক্ষে স্ত্রী কামরুন নাহার এলাকার উন্নয়নের জন্য বাসায় বাসায় গিয়ে ধানের শীষে ভোট দেয়ার অনুরোধ করে যাচ্ছেন।
চট্টগ্রাম-৭ আসনে মহাজোট প্রার্থী মঈনুদ্দীন খান বাদলের স্ত্রী সেলিনা বাদল এবং মেয়ে জাহিরা নুর সিকদারও নেমেছেন নৌকার পক্ষে প্রচারণায়। এ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ্র স্ত্রী শাদীয়া এরশাদ উল্লাহও নেমেছেন প্রচারণা যুদ্ধে।
চট্টগ্রাম-৯ আসনের মহাজোট প্রার্থী আফসারুল আমিনের স্ত্রীসহ আওয়ামী লীগের নারী কর্মীরা প্রচারণায় নেমেছেন অনেক আগেই।
চট্টগ্রাম-৪ আসনে প্রচারণার ময়দানে রয়েছেন মহাজোটের প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মেয়ে জেরিন মাহমুদ এবং তার প্রতিদ্বন্দ্বী চারদলীয় জোট প্রার্থী ওয়াহিদুল আলমের স্ত্রী ফরিদা ওয়াহিদ ও কন্যা ব্যরিস্টার শাকিলা ফারজানা এবং দুই বোন আলী নূর ও আরজু।
চট্টগ্রাম-১১ আসনের মহাজোট প্রার্থী শামসুল হক চৌধুরী পরিবারের সদস্যদের পাশাপাশি ইউনিয়নের প্রত্যেক নারী নেত্রীর সমন্বয়ে কমিটি করে নারী ভোটারদের উৎসাহিত করতে প্রচারণা চালাচ্ছেন।
চট্টগ্রাম-১৩ আসনে মহাজোট প্রার্থী আফসার উদ্দীন আহমদের স্ত্রী হাসনা আহমদ ও পুত্রবধু মনোয়ারা জাহান সদর এলাকা ছাড়াও প্রত্যন্ত এলাকায় গণসংযোগ করছেন।
নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত আসনভিত্তিক ভোটার তালিকার সর্বশেষ গেজেট অনুযায়ী, চট্টগ্রামের ১৬টি আসনে মোট ভোটার ৪৩ লাখ ৮৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ ২১ লাখ ৮৫ হাজার ৪২৩ এবং মহিলা ২২ লাখ ৩ হাজার ১৯৩। মোট ভোটারের ৫০ দশমিক ২০ শতাংশই নারী। নারী ভোটারের সংখ্যা বেশি ১৭ হাজার ৭৭০। তবে কোন আসনে এবার নারী প্রার্থী নেই।
আসন অনুযায়ী হিসাব: চট্টগ্রাম-১ (মিরসরাই) ১ লাখ ২৫ হাজার ৪২১ মহিলা ভোটারের বিপরীতে পুরুষ ভোটার ১ লাখ ৯ হাজার ৮৪৯; চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) মহিলা ১ লাখ ৪৯ হাজার ৮৪২ জন, পুরুষ ১ লাখ ৩০ হাজার ৩০৪ জন; চট্টগ্রাম-৪ (হাটহাজারী) মহিলা ১ লাখ ৬৫ হাজার ৮৪৫, পুরুষ ১ লাখ ৬২ হাজার ৬৮; চট্টগ্রাম-৫ (রাউজান) মহিলা ১ লাখ ৮ হাজার ৯৫৩, পুরুষ ১ লাখ ১ হাজার ৫৪৫; চট্টগ্রাম-৬ (রাঙ্গুনিয়া) মহিলা ১ লাখ ৫ হাজার ৩৯৯, পুরুষ ৯৪ হাজার ৭৯৪; চট্টগ্রাম-৭ (চান্দগাঁও- বোয়ালখালী) মহিলা ১ লাখ ৯১ হাজার ৫৩৪, পুরুষ ১ লাখ ৮৭ হাজার ৩৯৯; চট্টগ্রাম-১১ (পটিয়া) মহিলা ১ লাখ ৮ হাজার ৪২০, পুরুষ ১ লাখ ৮হাজার ১৪৪; চট্টগ্রাম-১২ (আনোয়ারা) আসনে মহিলা ১ লাখ ১৭ হাজার ৭৩১, পুরুষ ১ লাখ ১৭ হাজার ৪১৬; চট্টগ্রাম-১৩ (চন্দনাইশ) মহিলা ১ লাখ ৪ হাজার ৩৯৯, পুরুষ ১ লাখ ৬১০; চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া) মহিলা ১ লাখ ৪১ হাজার ৯২২, পুরুষ ১ লাখ ২৮ হাজার ৬৩৮, চট্টগ্রাম-১৫ (বাঁশখালী) মহিলা ১ লাখ ১৬ হাজার ২৩৮, পুরুষ ১ লাখ ১১ হাজার ৭৪৩ এবং চট্টগ্রাম-১৬ (সন্দ্বীপ) আসনে ৮৪ হাজার ৩৮৭ জন মহিলা ভোটারের বিপরীতে পুরুষ ভোটার ৬৮ হাজার ৫৯৩ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএইচবি/১৮২৫ ঘ.
bdnews24