সুমন মাহমুদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
জামালপুর, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র ঘেরাও করে পাহারায় থাকার জন্য দলের কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। (আরো তথ্যসহ)
বৃহস্পতিবার বিকেলে জামালপুরে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, "কেবল ভোট দিলেই চলবে না; প্রতিটি ভোটকেন্দ্র পাহারায় রাখতে হবে। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আপনারা কেন্দ্র ঘেরাও রেখে পাহারা দেবেন।"
চারদলীয় জোটের পক্ষে গণজোয়ার দেখে একটি দল 'ভোট কারচুপি' ও 'ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে' ব্যস্ত রয়েছে বলেও অভিযোগ করেন এই সাবেক প্রধানমন্ত্রী।
সকাল সাড়ে ১১টায় ঢাকার শহীদ মইনুল সড়কের বাসা থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা হন খালেদা। পথে টাঙ্গাইলের ধনবাড়ির রামকৃষ্ণ গ্রাম মাঠে নেমে কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলেন তিনি।
জোট সরকারের আমলে দুর্নীতি কমেছে- এমন দাবি করে আওয়ামী লীগকে ইঙ্গিত করে জামালপুরের সমাবেশে খালেদা জিয়া বলেন, "তাদের সরকারের আমলে সাড়া দেশে দুর্নীতির বিস্তার এবং প্রতিটি জেলায় গডফাদার সৃষ্টি হয়েছিল। অথচ তাদের নেতাদের মুখে শুনি সন্ত্রাস দমনের কথা; দুর্নীতি দমনের কথা।"
এক 'বিদেশি সংস্থার পরিসংখ্যান' উদ্ধৃত করে খালেদা জিয়া বলেন, "২০০০ সালে ১৭ হাজার ১৯২ কোটি টাকার দুর্নীতি হয়েছিল। ২০০২ সালে চারদলীয় সরকার এই দুর্নীতি কমিয়ে ৪ হাজার ৩৯১ কোটি টাকা এবং পর্যায়ক্রমে ২০০৫ সালে তা ৫২৬ কোটি টাকায় নামিয়ে আনে।
বিএনপি ক্ষমতায় গেলে সার, বিদ্যুৎ ও ডিজেলের দাম কমানোর প্রতিশ্র"তির কথা উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, "আমরা দেশের মানুষের তিন বেলা খাবারের ব্যবস্থা করব; চাল, ডাল, তেলের দাম কমানোর উদ্যোগ নেব।"
কৃষকদের বর্তমান দুরবস্থার কথা তুলে ধরে খালেদা জিয়া বলেন, "কৃষকদের দুরবস্থার কথা জানতে আমি নিজে আজ তাদের সঙ্গে কথা বলেছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রধান কারণ কি তা আমি তাদের কাছ থেকে জেনে এসেছি।
"আমাদের সময়ে যে সার ২৫০ টাকায় বিক্রি হতো, তা এখন বিক্রি হয় ১২০০ টাকায়। ৮০০ টাকার টিএসপি সার এখন সাড়ে তিন হাজার টাকা।"
জামালপুরের পূর্বাঞ্চলে নদীভাঙন রোধ, এলাকার বিদ্যুৎ সঙ্কট নিরসন, চরাঞ্চলে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও নারীদের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণেরও প্রতিশ্র"তি দেন বিএনপি নেত্রী।
আওয়ামী লীগের সমালোচনা করে খালেদা বলেন, "তাদের কাছে দেশ নিরাপদ নয়; তারা যখন ক্ষমতায় ছিল তখন জনগণের অবস্থা ভাল ছিল না। ৭৪'র দুর্ভিক্ষ তাদের সময়ই হয়েছিল। তারা লগি-বৈঠার আন্দোলন করে মানুষ হত্যা করেছে, যাত্রীবাহী বাসে গান পাউডার ছিটিয়ে মানুষ মেরেছে। তাদেরকে আর জনগণ বিশ্বাস করবে না।"
সমাবেশে জামালপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুকে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে ভোট চান খালেদা জিয়া।
এছাড়া জামালপুর-৫ আসনের সিরাজুল হক, জামালপুর-২ আসনের সুলতান মাহমুদ বাবু, জামালপুর-১ আসনের শাহিদা আক্তার রিতা, জামালপুর-৪ আসনের ফরিদুর কবির তালুকদারের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে তাদের পক্ষেও ভোট চান তিনি।
খালেদা জিয়া শেরপুরের দারোগা আলী পার্কে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জানের পক্ষে এক জনসভায় বক্তব্য রাখেন। এ আসনে এম কামারুজ্জানকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
এরপর শেরপুরের নকলা হাইস্কুল মাঠে জাহেদ আলী চৌধুরী ও মাহমুদুল হক রুবেল, ময়মনসিংহ ফুলপুর বাসস্টাণ্ডে শাহ শহিদ সারোয়ার ও নেত্রকোনা মুক্তারপাড়া মাঠে আশরাফুদ্দিন খানের সমর্থনে নির্বাচনী জনসভায় প্রার্থীদের পক্ষে ভোট চান খালেদা।
এসব জনসভায় তিনি এরশাদ ও আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বলেন, দুর্নীতিবাজরা মহাজোটে শরিক হয়েছে। তারা (আওয়ামী লীগ) দুর্নীতিবাজকে নিয়ে জোট করে ক্ষমতায় যেতে চায়। এর রকম দুর্নীতিবাজদের নিয়ে দেশের দুর্নীতি দুর হবে না। বরং মহাদুর্নীতির বীজবপন হবে।
নেত্রকোনার জনসভায় বিএনপির নেত্রকোনা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা-৩ আসনের প্রার্থী রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোনা-৪ আসনের প্রার্থী সৈয়দ আতাউল হক ও নেত্রকোনা-৫ আসনের প্রার্থী ড. মো. আলীর হাতে ধানের শীষ তুলে দিয়ে তাদের বিজয়ী করার আহ্বান জানান দলের চেয়ারপার্সন।
রাতে এসব জনসভায় দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিল হাজার হাজার মানুষ। খালেদা জিয়ার গাড়ি বহর প্রায় দুই ঘণ্টা বিলম্ব করে এসব জনসভায় এলেও মানুষের মধ্যে উৎসাহের কমতি হয়নি। খালেদা জিয়া মঞ্চের ওঠার সময় তুমুল করতালি দিয়ে তাকে স্বাগত জানান বিএনপির কর্মী সমর্থকরা।
মুক্তারপাড়া জনসভা শেষে সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ঢাকা ফেরার পথে খালেদা জিয়ার ময়মনসিংহ শম্ভুগঞ্জ বাজার মোড়, গাজীপুরের মাওনা হাইস্কুল মাঠ, টঙ্গি শফিউদ্দিন সরকার একাডেমি ও কলেজ মাঠে তিনটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআরএফ/এএল/জেকে/এসকে/২২৫৯ঘ.
bdnews24