চট্টগ্রাম, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন নির্বাচনে একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধী ও মৌলবাদী শক্তিকে 'না' বলার আহ্বান জানিয়ে নগরীতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদ।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে পদযাত্রা শেষ হয় পাহাড়তলী বধ্যভূমিতে। এতে যুব ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের দুই শতাধিক নেতা-কর্মী অংশ নেন। পদযাত্রায় অংশগ্রহণকারীরা যুদ্ধাপরাধীদের প্রত্যাখানের দাবি সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন।
শহীদ মিনার চত্বরে আয়োজিত সংহতি সমাবেশ থেকে বক্তারা চট্টগ্রামসহ সারাদেশে যুদ্ধাপরাধী ও তাদের সহযোগীদের আসন্ন নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা অভিন্নকণ্ঠে বলেন, "নির্বাচিত হয়ে ঘাতকরা যাতে জাতীয় সংসদ আবার কলঙ্কিত করতে না পারে এজন্য তাদের প্রত্যাখান করতে হবে। ভোটের মাধ্যমেই এদের প্রতিহত করার সুযোগ এসেছে।"
যেখানেই যুদ্ধাপরাধী ও তাদের দোসররা প্রার্থী হয়েছেন সেখানেই তাদের বয়কটের জন্য দেশপ্রেমিক জনগণের প্রতি আহবান জানান তারা।
সমাবেশ থেকে যুদ্ধাপরাধীদের বিচারেরও দাবি জানানো হয়।
সাধারণ সম্পাদক রাজীব দেবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গাজী সালেহ উদ্দিন, অধ্যাপক হোসাইন কবির, বাকবিশিসের সাধারণ সম্পাদক অধ্যাপক উত্তম চৌধূরী, যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শিহাব চৌধুরী বিপ্লব, সুনন্দন শিকদার, শ্যামল ধর প্রমুখ।
কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, প্রজন্ম '৭১, খেলাঘর, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা, উদীচী, সমাজ সমীক্ষা সংঘ, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সংগঠনও পদযাত্রায় অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/এসকে/১৮০১ঘ.
bdnews24