সুমন মাহবুব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভোটারদের তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাধা সৃষ্টি করা হলে বরদাশত করা হবে না।
তিনি বলেন, "আপনারা আপনাদের খুশিমতো প্রার্থীকে ভোট দেবেন। কেউ বাধা সৃষ্টি করলে তা বরদাশত করা হবে না।"
ঢাকা-৭ আসনে মহাজোটের প্রার্থী আওয়ামী লীগের ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সমর্থনে বৃহস্পতিবার বিকেলে লালবাগের শহীদ হাজি আব্দুল আলিম ঈদগাহ মাঠে এক জনসভায় শেখ হাসিনা এ কথা বলেন।
কারো নাম উল্লেখ না করে আওয়ামী লীগ প্রধান বলেন, "নির্বাচনের আগে ও পরে আতঙ্ক সৃষ্টি করাই এদের চরিত্র। এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে। তারা নির্বাচনে কারচুপির জন্য এক কোটিরও বেশি ভোটার তালিকাভুক্ত করেছিল। কিন্তু এবার নতুন ছবিযুক্ত ভোটার তালিকায় সেই ভোটারদের বাদ দেওয়া হয়েছে।"
ছবিযুক্ত ভোটার তালিকার জন্য তত্ত্বাবধায়ক সরকার ও সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জনিয়ে তিনি বলেন, "ছবিসহ ভোটার তালিকা জাতির জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।"
এই আসনে নাসির উদ্দিন পিন্টুকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়ায় সমালোচনা করে হাসিনা বলেন, " তাকে আপনারা সবাই চেনেন। ৯৪ সালে মেয়র নির্বাচনের পর তার নেতৃত্বেই লালবাগে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। কারগারেও তার আচরণ আপনাদের সবার জানা। সে জন্য আপনাদেরই বেছে নিতে হবে কাকে ভোট দেবেন। তার মতো একজনকে ভোট দেবেন, না-কি মোস্তাফা জালাল মহিউদ্দিনের মতো একজন ভদ্রলোককে ভোট দেবেন।"
শেখ হাসিনা অভিযোগ করে বলেন, ২০০১ এর পর লালবাগ এলাকার কোনো উন্নয়ন হয়নি। কথা ছিল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরির, কিন্তু তা-ও করা হয়নি।
লালবাগের এ সমাবেশে সমাবেশে প্রচুর লোক সমাগম হয়। অনেকে নৌকা প্রতীক নিয়ে আসেন। পলাশী মোড় থেকে জনসভাস্থল পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তার দুই পাশে দাঁড়িয়ে লোকজন আওয়ামী লীগ সভানেত্রীকে সুভেচ্ছা জানান।
সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি এমএ আজিজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, দলের উপ-প্রচার সম্পদক অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/এমএইচবি/১৬৪০ ঘ.
bdnews24