২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়নুল, জামালকে বহিষ্কার করেছে বিএনপি

জয়নুল আবেদীন, সৈয়দ শহীদুল হক জামালকে বহিষ্কার করেছে বিএনপি। এই দুই কেন্দ্রীয় নেতাই আসন্ন সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2008, 10:31 AM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়নুল আবেদীন, সৈয়দ শহীদুল হক জামালকে বহিষ্কার করেছে বিএনপি। এই দুই কেন্দ্রীয় নেতাই আসন্ন সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই নেতাকে বহিষ্কারের কথা জানানো হয়। এদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হওয়া আব্দুল কাইয়ুম চৌধুরী ও কবির আহমেদ ভূঁইয়াকেও বহিষ্কার করা হয়েছে। রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকা এবং দলের মনোনীত প্রার্থীকে নির্বাচনী কর্মকাণ্ডে বাধা দেওয়ায় বিএনপির গঠনতন্ত্রের ৫ (গ) ধারা অনুযায়ী ওই চার জনকে বহিষ্কার করা হয়েছে।" ওই চার জনকে বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে রিজভী জানান। বিএনপির আইন বিষয়ক সম্পাদক জয়নুল আবেদিন দলের মনোনয়ন না পেয়ে বরিশাল-৩ আসনে কলস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ আসনে বিএনপির মনোনয়নে নির্বাচন করছেন দলের যুগ্ম মহাসচিব সেলিমা রহমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সাবেক সাংসদ শহীদুল হক জামাল মোরগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বরিশাল-২ আসনে। এ আসনে বিএনপির প্রার্থী সাবেক পিডিপি নেতা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সরফুদ্দীন আহমেদ সান্টু। এছাড়া পিরোজপুর-১ ও ২ আসনেও প্রার্থী হয়েছেন জামাল। পিরোজপুর-১ আসনে চারদলীয় জোট প্রার্থী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন সাঈদী এবং পিরোজপুর-২ আসনে বিএনপি প্রার্থী নূরুল ইসলাম মঞ্জুর। যুবদল নেতা আব্দুল কাইয়ুম চৌধুরী নির্বাচন করছেন সিলেট-২ আসনে, ফুটবল প্রতীক নিয়ে। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরী। কবির আহমেদ ভূঁইয়া লক্ষ্মীপুর-২ আসনে প্রার্থী হলেও তার মনোনয়নপত্র বাতিল হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৫৫ ঘ.