সুমন মাহমুদ
প্রধান রাজনৈতিক প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
জামালপুর, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের মধুপুর থেকে জামালপুর যাচ্ছিল খালেদা জিয়ার গাড়িবহর। ধনবাড়ির রামকৃষ্ণবাড়ি গ্রামে হঠাৎ করেই থেমে গেল খালেদার গাড়ি। সবাইকে হতচকিত করে বিএনপি চেয়ারপারসন নামলেন গাড়ি থেকে।
রাস্তা থেকে নেমে চলতে থাকলেন ফসলের ক্ষেতের দিকে। সেখানে প্রায় ১০ মিনিট ধরে দ্ইু কৃষকের সঙ্গে কথা বললেন বিএনপি চেয়াপারসন। শুনলেন তাদের সমস্যার কথা। প্রতিশ্র"তি দিলেন, সমস্যা সমাধানের।
ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যায় সাবেক এ প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীরাও। খালেদা জিয়া যখন কৃষকদের সঙ্গে কথা বলে পুনরায় গাড়িতে ওঠেন; তখন প্রায় পুরো গ্রামের নারী-পুরুষ-শিশুরা ঘিরে ছিল কৃষক রবিউলের ক্ষেত।
যদিও নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় খুব কাছে ভিড়তে পারেনি তারা। একটু দূর থেকেই তারা দেখেছে তাদের এলাকার দুই লোকের সঙ্গে খালেদা জিয়ার কথোপকথন।
জামালপুর, শেরপুর ও নেত্রকোনার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা ছাড়েন খালেদা জিয়া। এই সফরে তার সঙ্গী বিএনপির সহ-সভাপতি অধ্যাপক সরোয়ারী রহমান।
দুপুর ১টার দিকে রামকৃষ্ণবাড়ি গ্রামে ফসলের মাাঠে আন্দোলিত ধানের শীষ দেখে খালেদা যখন মাঠে নামেন, তখন ওই জমিতে কাজ করছিলেন রবিউল ইসলাম ও আব্দুল জলিল। হঠাৎ করেই ক্ষেতে খালেদাকে দেখে তারা ছিলেন অভিভূত।
শুরু করেন খালেদা জিয়াই। "আপনারা কেমন আছেন, এটা কী ধান।"
উত্তর আসে, "বিআর-২৩ ধান।"
খালেদা জানতে চান, "ধান চাষ করে আপনাদের লাভ হয় কী রকম?"
রবিউল বলেন, "সার, ডিজেলের দাম এখন অনেক বেশি, তাই লাভ খুব বেশি থাকে না।"
খালেদা সারের বর্তমান বাজার দর জানতে চাইলে রবিউল বলেন, "আগে প্রতি বস্তা ইউরিয়ার দাম ছিল ২০০ টাকা, এখন ৮০০ টাকা; টিএসপি ছিল ৪০০ টাকা, তা এখন ৪ হাজার টাকা। এক ফসলের জন্য ইউরিয়া দুই বার দিতে হয়। টিএসপি দিতে হয় বেশ কয়েকবার। এছাড়া ডিজেলের দাম বেশি হওয়ায় সেচ ভালো মতো দিতে টাকা লাগে বেশি। ফলে খুব একটা লাভ থাকে না।"
রবিউল জানান, এক বিঘা জমিতে বিআর-২৩ ফসল তুলতে তার ব্যয় হয়েছে ৫ হাজার টাকা আর ফসল বিক্রি করে তার উঠবে ৭ হাজার টাকা।
এসব জেনে খালেদা জিয়া বলেন, "তাহলে কী করলে আপনাদের ভালো হয়।"
রবিউল বলেন, "সার আর ডিজেলের দাম কমালে আমাদের উপকার হয়।"
বীজ নিয়ে কোনও সমস্যা আছে কিনা- খালেদা জিয়া জানতে চাইলে দুই কৃষক জানান, এ নিয়ে তাদের সমস্যায় পড়তে হয়নি।
চালের দাম কত হলে ভালো হয়- খালেদা জিয়ার এ প্রশ্নে কৃষকরা উত্তর দেয়, "প্রতি কেজির দাম ২২/২৩ টাকা হলে ভালো হয়।"
চালের দাম কমাতে হলে কী কী করতে হবে- খালেদা জিয়া পরামর্শ চাইলে রবিউল ইসলাম বলেন, "দাম কমাতে হলে উৎপাদনের খরচ কমাতে হবে। এ জন্য সার ও ডিজেলের দাম কমাতে হবে।"
সব শুনে খালেদা জিয়া বলেন, "আপনাদের কথা শুনলাম। আমরা ক্ষমতায় গেলে আপনাদের জন্য সাধ্য অনুযায়ী কাজ করব।"
গাড়িতে ওঠার আগে পাকা ধানের শীষে হাত ছোঁয়ান বিএনপি চেয়ারপারসন। ধানের শীষ বিএনপির নির্বাচনী প্রতীক।
রোদ চশমায় চোখ ঢাকা খালেদা জিয়া যখন পুনরায় গাড়িতে ওঠেন, তখন তাকে ধরে উঠান সফরসঙ্গী সারোয়ারী রহমান এবং এসএসএফের নারী সদস্য। ক্ষেতে নামায় খালেদার সাদা শাড়ির নিচের অংশ তখন হয়ে পড়ে ধূসর।
খালেদা জিয়াকে ধানক্ষেতে দেখে রামকৃষ্ণবাড়ি গ্রামের প্রায় সব লোক ছুটে আসে রবিউলের ধানক্ষেতের দিকে। তবে নিরাপত্তা জনিত কারণে তাদের কাছে আসতে দেওয়া হয়নি।
অনির্ধারিত ক্ষণিক যাত্রাবিরতির পর খালেদা জিয়ার গাড়িবহর পুনরায় জামালপুরের পথে রওনা হয়। জামালপুর শহরে বিকালে জনসভায় তিনি বক্তব্য দেবেন। এরপর শেরপুর, নেত্রকোনা ও গাজীপুরে প্রচার চালিয়ে বৃহস্পতিবার রাতে তার ঢাকায় ফেরার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৪১ ঘ.
bdnews24