ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরের কমলনগরে বিকল্প ধারার একটি নির্বাচনী মিছিলে বুধবার সন্ধ্যায় গাড়ি উঠে গেলে দু'জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।
এছাড়া কিশোরগঞ্জে মহাজোটের একটি নির্বাচনী মিছিলে রাতে বাস উঠে গেলে ছয়জন আহত হয়েছে।
আমাদের প্রতিনিধির পাঠানো খবর:
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-৪ আসনে বিকল্প ধারা মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নানের নির্বাচনী মিছিলে গাড়ি চাপায় দু'জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।
কমলনগর উপজেলার হাজিরহাটের কাছে বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কমলনগর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের নুরুল হুদার ছেলে মহিউদ্দিন (২৫) এবং একই গ্রামের ফয়েজ আহমদের ছেলে ইব্রাহিম (১৫)।
আহতদের মধ্যে ৭ জনকে রামগতির করইতলা হাসপাতাল এবং ৬ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
পুলিশ সুপার মীর আশরাফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাজিরহাট উপকূল কলেজ মাঠে আব্দুল মান্নানের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার জন্য একটি মিছিল আসছিল। এ সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মিছিলে উঠে গেলে ১৭ জন গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর দু'জন মারা যায়।
এলাকার বিক্ষুদ্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলেও জানান তিনি।
পুলিশ সুপার আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মেজর মান্নান হতাহতদের দেখতে হাসপাতালে যান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দাবি করেন।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে মহাজোটের একটি নির্বাচনী মিছিলে বুধবার রাতে বাস উঠে গেলে ছয়জন আহত হয়েছেন।
এরা হলেন- মোজাম্মেল, হাদিস, রুবেল, শামীম, হেলাল ও জুয়েল। এদের মধ্যে গুরুতর অবস্থায় মোজাম্মেলকে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে ঢাকা থেকে আসা যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে মিছিলে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন বাসটি এবং চালক ফারুককে আটক করে থানায় সোপর্দ করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলেও জানান তিনি।
মিছিলে থাকা চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রঞ্জিত মেম্বার ও জাতীয় পার্টির স্থানীয় নেতা আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার অনুরূপ বর্ণনা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৪২ঘ.
bdnews24