বাগেরহাট, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১৯৯৬ সালের নির্বাচনে বাগেরহাটের চারটি আসনই পেয়েছিল আওয়ামী লীগ। ২০০১ সালে দুটি আসন তাদের হাতছাড়া হয়ে বিএনপি-জামায়াতের চারদলীয় জোটের হাতে চলে যায়। এবারের নির্বাচনে আওয়ামী লীগ চাচ্ছে '৯৬ এর মত নিরঙ্কুশ বিজয়। আর চারদলীয় জোটের জন্য এ লড়াই আসন ধরে রাখার। এই লক্ষ্যকে সামনে রেখে দুই জোটের প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে।
বাগেরহাটের চারটি আসনের ভোটার সংখ্যা হল- বাগেরহাট-১ (ফরিকহাট-মোল্লাহাট-চিতলমারী) এ নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৩৪ হাজার ১৫০ জন। এর মধ্যে প্রায় পঁচিশ শতাংশ সংখ্যালঘু ভোটার। বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে দুই লাখ ২৯ হাজার ৯০৮ জন। বাগেরহাট-৩ (রামপাল-মংলা) এ এক লাখ ৮৬ হাজার ৭১৩ জন। বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনে দুই লাখ ২৬ হাজার ১৯২ জন।
বাগেরহাট-১: আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এ আসনে মহাজোটের প্রার্থী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। চারদলের প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ ওয়াহিদুজ্জামান। ১৯৯৬ সালের উপ-নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী ও বঙ্গবন্ধুর ভাইপো শেখ হেলাল উদ্দিনের কাছে পরাজিত হয়েছিলেন।
তবে এ আসনে এবার ব্যাপক ব্যবধানে মহাজোটের জয়ের সম্ভবনা নাকচ করে দিয়েছেন চারদলীয় শেখ ওয়াহিদুজ্জামান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার প্রতিপক্ষ শেখ হাসিনা। নিসন্দেহে তিনি শক্ত প্রতিপক্ষ। কিন্তু তারও পরাজয়ের রেকর্ড রয়েছে। আমি আমার বিজয়ের ব্যাপারে আশাবাদী। বার বার এই আসনটিতে আওয়ামী লীগ বিজয়ী হলেও এলাকাটি উন্নয়ন বঞ্চিত। আমি নির্বাচিত হলে এলাকার জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়নের জন্য কাজ করবো।"
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাগেরহাট-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী শেখ কামরুজ্জামান টুকু বলেন, "প্রতিপক্ষ প্রার্থীকে আমরা দুর্বল ভাবছি না। তাকে আমরা শক্ত প্রতিপক্ষ ধরে নিয়েই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছি। বিগত দিনে এলাকায় আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে তার ফল আমরা নিশ্চই পাবো।"
এই আসনে অপর দুই প্রার্থী হলেন, ইসলামী আন্দোলনের মো. লিয়াকত আলী এবং ন্যাশনাল পিপলস পার্টির শওকত হোসেন।
বাগেরহাট-২: গত নির্বাচনে এ আসনে জয়লাভ করেন বিএনপি প্রার্থী এমএএইচ সেলিম। নির্বাচনের পর বিএনপির এই সাংসদ ব্যাপক সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে দেশে বিদেশে আলোচিত হন। বর্তমানে দুর্নীতি ও চাঁদাবাজির দায়ে তিনি কারাগারে আছেন। এবার এই আসনে চারদলীয় জোটের হয়ে লড়ছেন সেলিমের ভাই এম এ সালাম। তিনি রাজনীতিতে নতুন। তা ছাড়া বড় ভাই সেলিমের দুর্নামের বোঝা ঠেলে তাকে পথ চলতে হচ্ছে। আর সেই সুবিধা কাজে লাগিয়ে আবারও আসনটি দখল করতে চাইছেন মহাজোটের প্রার্থী মীর শওকাত আলী বাদশা। প্রার্থী হিসাবে নতুন হলেও এই আসনের সাবেক দলীয় সাংসদ মীর সাখাওয়াত আলী দারুর ছোট ভাই হিসাবে তিনি দলের ভেতরে ও বাইরে কিছুটা সুবিধাজনক অবস্থায় আছেন।
বাগেরহাট জেলা বিএনপির একাধিক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৫ বছর এমএএইচ সেলিমের সঙ্গে দাপিয়ে বেড়ানো নেতাদের কারণে অনেক ত্যাগী নেতা-কর্মী দলীয় নির্বাচনী প্রচাভিযান থেকে দূরে সরে রয়েছেন।
তাছাড়া এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে যাকে দলীয় নেতা-কর্মীরা ঠিক মত চেনেনই না।
তবে এমএ সালাম দলের সাংগঠনিক বিশৃঙ্খলার কথা স্বীকার করতে নারাজ। তার মতে, "বিগত দিনের সকল মান-অভিমান ভুলে নেতা-কর্মীরা একযোগে আমার সঙ্গে দলের জন্য কাজ করছে। গত ৫ বছরে এই আসনের সাংসদ যে উন্নয়ন করেছেন তাতে আমি আশাবাদী যে এলাকার জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে।"
এ আসনের মহাজোট প্রার্থী মীর শওকাত আলী বাদশা বলেন, "বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বাগেরহাট সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। বাগেরহাটকে সন্ত্রাস মুক্ত করতে ২৯ ডিসেম্বরের এই ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছি। জোট সরকারের পাঁচ বছরের নির্যাতনের কথা স্মরণ করে জনগণ নিশ্চয় আমাকে ভোট দিয়ে জয়ী করবে।"
এ আসনে অপর দুই প্রার্থী হলেন- ইসলামী আন্দোলনের জালাল উদ্দিন হাওলাদার এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির চাষী সাঈদুর রহমান।
বাগেরহাট-৩: খুলনা সিটি করপোরেশনের বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেক টানা তিনবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার এই আসনে মহাজোটের প্রার্থী হয়েছেন তার স্ত্রী হাবিবুন্নাহার। গত দুটি নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের প্রতিপক্ষ ছিলেন জামায়াতে ইসলামী নেতা আবু বক্কর সিদ্দিক। ২০০৪ সালে তিনি আততায়ীর হাতে নিহত হন। এবার এখানে চারদলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতের নেতা শেখ আব্দুল ওয়াদুদ।
দুই জোটের প্রার্থীই নতুন। এই আসনে অপর প্রার্থী হলেন- ইসলামী আন্দোলনের মো. মোজাম্মেল হক।
আব্দুল ওয়াদুদ মনে করেন, সন্ত্রাস আইন-শৃঙ্খলা পরিস্থিতিরই একটি পরিণতি। এতে রাজনৈতিক রং চড়ানো উচিত নয়।
মহাজোট প্রার্থী হাবিবুন্নাহার বলেন, "আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। আওয়ামী লীগ সরকারের আমলে রামপাল-মংলার প্রত্যন্ত অঞ্চলে কালভার্ট, রাস্তাঘাট নির্মিত হয়েছে। মংলা বন্দরের উন্নয়ন হয়েছে, ইপিজেড হয়েছে।"
এবার মহাজোট ক্ষমতায় গেলে মংলা বন্দর ও ইপিজেড এর আরও উন্নয়ন হবে। এলাকার চিংড়ি চাষীদের দখল হওয়া জমি তাদের ফিরিয়ে দেওয়া হবে।
বাগেরহাট-৪: এই আসনটি কখনো ছিল আওয়ামী লীগের আবার কখনো ছিল বিএনপি বা জামায়াতের হাতে। এলাকার প্রধান সমস্যা নদী ভাঙন, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, সন্ত্রাস আর সুপেয় পানির সংকট। ২০০১ সালে এই আসনে চার দলীয় জোট সমর্থক জামায়াত নেতা মুফতি আব্দুস সাত্তার আকন বিজয়ী হন। সুন্দরবনের বনজ সম্পদ পাচারের অভিযোগে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন মুফতি ছাত্তারের ছেলে ফয়সাল আকনসহ তার কয়েকজন নিকটাত্মীয়।
১৯৯৬ সালে এ আসনে সাংসদ ছিলেন আওয়ামী লীগের সাবেক সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন ছিলেন। তিনি এবারও এই আসনে মহাজোটের প্রার্থী। চারদলের প্রার্থী জামায়াতের জেলা নেতা অধ্যাপক শহিদুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৪ ঘ.
bdnews24