নীলফামারী, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
তিনি বলেন, "কার্যকর সংসদের জন্য ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করুন। কালো টাকার মালিকদের পরিহার করে সাদা মানুষকে ভোট দিন।"
বুধবার দুপুরে নীলফামারীর ডোমার হাইস্কুল মাঠে এক নিবার্চনী জনসভায় তিনি এ কথা বলেন। নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে গণাফোরাম প্রার্থী আব্দুর রউফ এর সমর্থনে এ জনসভার আয়োজন করা হয়।
তিনি বলেন, "শেখ মুজিবকে যারা মূল্যায়ন করতে পারেনি তারা দেশ পারিচালনা করে দেশের মানুষের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে না।"
ডোমার উপজেলা গণফোরাম সভাপতি গিরিশচন্দ্র রায়ের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন- দলের সভাপতিমণ্ডলীর সদস্য সবুর খান, পরিমল চন্দ্র গুহ, তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তাক আহম্মেদ, মহানগর সহ-সাধারণ সম্পাদক কাজী হাবিব, কেন্দ্রীয় সদস্য সুরাইয়া পারভীন ও আব্দুর রউফ।
বিকেলে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে একই প্রর্থীর সমর্থনে অপর একটি জনসভায় বক্তৃতা করেন ড. কামাল। এতে সভাপতিত্ব করেন- গণফোরমের ডিমলা উপজেলা সভাপতি আহম্মেদ হোসেন মনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৫৫ ঘ.
bdnews24