২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'আঁরে চিনছেন? আঁই আন্নেগো মেয়ে'

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার ফেনীতে নিজের ও দলীয় প্রার্থীদের জন্য ভোট চেয়ে পথসভা ও জনসভা করেছেন। সভাগুলোতে নিজেকে 'ফেনীর মেয়ে' দাবি করে ভোট চান তিনি। দুপুর ১টায় ফেনী পাইলট হাইস্কুল মাঠে জনসভায় বক্তব্যের শুরুতে তিনি ফেনীর আঞ্চলিক ভাষায় বলেন, "আঁরে চিনছেন? আঁই আন্নেগো মেয়ে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2008, 01:07 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ফেনী, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার ফেনীতে নিজের ও দলীয় প্রার্থীদের জন্য ভোট চেয়ে পথসভা ও জনসভা করেছেন। সভাগুলোতে নিজেকে 'ফেনীর মেয়ে' দাবি করে ভোট চান তিনি। দুপুর ১টায় ফেনী পাইলট হাইস্কুল মাঠে জনসভায় বক্তব্যের শুরুতে তিনি ফেনীর আঞ্চলিক ভাষায় বলেন, "আঁরে চিনছেন? আঁই আন্নেগো মেয়ে।" এ সময় উপস্থিত জনতা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানায়। ফেনীর ফুলগাজীতে খালেদা জিয়ার পৈত্রিক নিবাস ছিল। তিনি ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম) আসনে সংসদ সদস্য প্রার্থী। ওই জনসভা শেষে খালেদা জিয়া তার নির্বাচনী আসনে জনসংযোগে বের হন। ৩টা পর্যন্ত তিনি ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া এলাকায় তিনটি পথসভায় বক্তব্য দেন। নির্বাচনী এলাকায় প্রায় ৬০ কিলোমিটারের এ সফরে হাজার হাজার নারীপুরুষ ও স্কুলের শিক্ষার্থী খালেদা জিয়ার গাড়ি বহরকে স্বাগত জানায়। সাবেক প্রধানমন্ত্রী গাড়ির গতি কমিয়ে হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন। এসব পথসভায় খালেদার সঙ্গে ছিলেন তার ভাই অবসরপ্রাপ্ত মেজর সাইদ এস্কান্দার ও তার স্ত্রী নাসরিন এস্কান্দার। খালেদা জিয়া সভাগুলোতে ২৯ ডিসেম্বর সকালে 'ফজরের নামাজ পড়েই' ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। এসময় তিনি ভোটে কারচুপি হলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, "অনেকদিন পর আপনাদের মাঝে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। সারাদেশের মতো আমি এই এলাকায়ও ব্যাপক উন্নয়ন করেছি। রাস্তাঘাট নির্মাণ করেছি। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের দোয়া চাই।" কারাজীবনের কথা উল্লেখ করে সাবেক এই প্রধানমন্ত্রী আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, "আমাকে বিনা বিচারে আটক রাখা হয়েছিল। অন্যায়ভাবে আমার পরিবারের ওপর নির্যাতন করা হয়েছে। তারা আমাকে দেশের বাইরে চলে যেতে চাপ দিয়েছিল। আমার অপরাধ একটিই- আমি আপনাদের ভালোবাসি, এদেশের মানুষকে ভালোবাসি।" খালেদা জিয়া আওয়ামী লীগের নাম উল্লেখ না করে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, "তারা এদেশের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদেরকে ভোট দিলে এদেশ তাবেদার রাষ্ট্রে পরিণত হবে। তাই ধানের শীষে ভোট দিয়ে সব ষড়যন্ত্রকে ভাসিয়ে দিতে হবে।" গণমাধ্যমের সমালোচনার পুনরাবৃত্তি করে খালেদা জিয়া বলেন, "টিভিতে আমাদের কথা প্রচার করা হয় না। তারা প্রচার করতে ভয় পায়। এই মাধ্যমগুলো একটি জোটের পক্ষে কাজ করছে। "এর আগের নির্বাচনেও আমাদের প্রচার তারা করেনি। কিন্তু এতে কোন কাজ হয়নি, জনগণ আমাদেরকেই রায় দিয়েছে।" তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতিও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান। খালেদা জিয়া ফেনী-১ আসন ছাড়াও বগুড়া-৬ ও ৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/১৮৫৬ঘ.