২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীর পক্ষে যেন একটি ভোটও না পড়ে: বীরশ্রেষ্ঠর স্ত্রী

আসন্ন নির্বাচনে যুদ্ধাপরাধীদের পক্ষে যাতে একটি সিলও (ভোট) না পড়ে সেজন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সহধর্মিনী মিলি রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2008, 12:46 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আসন্ন নির্বাচনে যুদ্ধাপরাধীদের পক্ষে যাতে একটি সিলও (ভোট) না পড়ে সেজন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সহধর্মিনী মিলি রহমান। বুধবার মুক্তিযুদ্ধের রণাঙ্গণে নেতৃত্বদানকারী সংগঠন সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের বিচারের দাবিতে এক মিছিল শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে রাজধানীর মুক্তাঙ্গনে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা যুদ্ধাপরাধীদের বিচার ও নির্বাচনে তাদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন ধরনের ব্যানার-ফেস্টুন বহন করেন। মিলি রহমান বলেন, "সবার প্রতি একটি অনুরোধ এবং আশা করবো সংসদে যেন আর কোন যুদ্ধাপরাধী বসতে না পারে, তাদের গাড়িতে যেন দেশের পতাকা না ওড়ে। 'না' ভোট দেন কিন্তু কোনক্রমেই যেন তাদের (যুদ্ধাপরাধী) পক্ষে একটি সিলও না পড়ে। তাদের কেউ ভোট দেবেন না।" স্বাধীনতাযুদ্ধে বীরত্বের জন্য সর্বোচ্চ খেতাব পাওয়া এ শহীদের স্ত্রী আরো বলেন, "আগামীতে যে সরকারই ক্ষমতায় আসুক তাদের প্রথম এজেন্ডা হওয়া উচিত যুদ্ধাপরাধীদের বিচার।" মুক্তিযুদ্ধে পিতাকে হারানো শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকবাল এসময় বলেন,"বিজয়ের মাস ডিসেম্বরের নির্বাচনে বাংলাদেশের কোন মানুষ যেন যুদ্ধাপরাধীদের ভোট না দেন এই আহ্বান জানাই।" মুক্তিযুদ্ধকালীন অন্যতম সেক্টর কমান্ডার কেএম শফিউল্লাহও যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের বিচার দাবি করে আসন্ন নির্বাচনে তাদের ভোট না দেওয়ার আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/১৮৩৪ঘ.