২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ছুতো খুঁজছে: হাসিনা

বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ছুতো খুঁজছে বলে সন্দেহ প্রকাশ করেছেন শেখ হাসিনা। খালেদা জিয়ার পথসভার পর কুমিল্লার এক এলাকায় গ্রেনেড উদ্ধারের বিষয়টি ধরে বুধবার দিনাজপুরে এক জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী তার এ সন্দেহের কথা জানান। হাসিনার উত্তরাঞ্চল সফরের খবর জানাচ্ছেন সুমন মাহবুব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2008, 12:11 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

সুমন মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক দিনাজপুর, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ছুতো খুঁজছে বলে সন্দেহ প্রকাশ করেছেন শেখ হাসিনা। খালেদা জিয়ার পথসভার পর কুমিল্লার এক এলাকায় গ্রেনেড উদ্ধারের বিষয়টি ধরে বুধবার দিনাজপুরে এক জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী তার এ সন্দেহের কথা জানান। হাসিনা বলেন, "পত্রিকায় দেখলাম, বিএনপি নেত্রীর সভা থেকে পাঁচ কিলোমিটার দূরে গ্রেনেড পাওয়া গেছে। এর পেছনে কী কারণ আছে? যে জঙ্গিবাদ উনি সৃষ্টি করেছেন। যে হরকাতুল জিহাদের মদদদাতা উনি। ওরা ওনাকে কেন মারতে যাবে? তারপর উনি কেন নাটক সাজাতে গেলেন। এর উদ্দেশ্য কী?" খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হাসিনা বলেন, "উনি (খালেদা) নির্বাচন বানচাল করার সুযোগ খুঁজছেন কিনা; আওয়ামী লীগের গণজোয়ার দেখে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ছুতো খুঁজছেন কিনা- এটা আমার প্রশ্ন।" জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি) বিএনপির শাসনামলে গঠিত হয় দাবি করেন হাসিনা। মঙ্গলবার কুমিল্লার চান্দিনায় গ্রেনেডসহ দুই জনকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই এলাকায় খালেদা জিয়ার পথসভা শেষ হওয়ার ঘণ্টাখানেক পর সভাস্থলের দুই কিলোমিটার দূরের একটি এলাকা থেকে ওই গ্রেনেড উদ্ধার করা হয়। খালেদা জিয়ার দাবি, তাকে হত্যার উদ্দেশ্যেই ওই গ্রেনেড আনা হয়েছিল। চারদলীয় জোট সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "তারা গরিবদের টাকা লুটপাট করে খেয়েছে, এমনকি রিলিফের টাকাও চুরি করেছে। অত্যাচার-নির্যাতন করে সীমাহীন দুর্ভোগ এনে দিয়েছে মানুষের জীবনে। হাওয়া ভবন দেশ চালিয়েছে আর লুটপাট করেছে। "তারা ২১ আগস্টের গ্রেনেড মামলার আসামি আব্দুস সালাম পিন্টুর ভাইকে টাঙ্গাইলে মনোনয়ন দিয়েছে, গাজীপুরে মনোনয়ন দিয়েছে আহসানউল্লাহ মাস্টারের হত্যাকাণ্ডে জড়িতকে, এখানে (দিনাজপুর) দিয়েছে মহসিন হলে সাত জনকে প্রকাশ্য হত্যাকারী শফিউল আলম প্রধানকে। খুনী ও জঙ্গিদের মদদ দেওয়া ছাড়া এদের আর কাজ কী?" হাসিনা বলেন, "শফিউল আলম প্রধান জেলে ছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে তাকে বের করেছে।" তিনি বলেন, "গত সাত বছরে দেশের মানুষ অনেক কষ্ট করেছে। সে কষ্ট থেকে মুক্তির জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটকে ক্ষমতায় আনতে হবে।" ক্ষমতায় গেলে হিলি স্থলবন্দর আধুনিকায়ন এবং দিনাজপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের আশ্বাস দেন হাসিনা। গোরা শহীদ ময়দানের ওই জনসভায় দিনাজপুর-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-২ আসনের প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ আসনের প্রার্থী ইকবালুর রহিম, দিনাজপুর-৪ আসনের প্রার্থী আবুল হাসান মাহমুদ আলী এবং দিনাজপুর-৫ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমানকে পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য ভোট চান শেখ হাসিনা। দিনাজপুরের আগে রংপুরের পীরগঞ্জে শ্বশুরবাড়ির এলাকায় নিজের জন্য ভোট চেয়ে জনসভা করেন আওয়ামী লীগ সভানেত্রী। দুপুরে পীরগঞ্জে শেখ হাসিনার গাড়ি বহর ঢোকার পর ওয়াজেদ মিয়ার পৈত্রিক বাড়ি ফতেহপুর পর্যন্ত পুরো রাস্তায় দুই ধারে দাঁড়িয়ে হাজার হাজার আওয়ামী লীগ কর্মী-সমর্থক হাসিনাকে স্বাগত জানায়। শেখ হাসিনা শ্বশুরবাড়িতে জোহরের নামাজ পড়েন। এরপর তিনি শ্বশুর আব্দুল কাদের মিয়া, শাশুড়ি ময়েজুন্নেসা এবং ভাসুর আব্দুল ওয়াহেদ কানু মিয়ার কবর জিয়ারত করেন। আওয়ামী লীগ সভানেত্রীর স্বামী ওয়াজেদ মিয়া বর্তমানে অসুস্থ। তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বিকালে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় শেখ হাসিনা বলেন, "এবার আমি আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। আমাকে ৩০০ আসনে সময় দিতে হচ্ছে। সে জন্য এখানে আর হয়তো আসা হবে না। আমার সব দায়-দায়িত্ব আপনাদের হাতে রেখে গেলাম।" তিনি বলেন, "শ্বশুরবাড়ি হিসেবে, বধূ হিসেবে আপনাদের ওপর আমার একটি দাবি আছে। আমার মান-ইজ্জতের ভার আপনাদের ওপর নির্ভর করছে। "আমার স্বামী অসুস্থ। ছেলে-মেয়ে দেশের বাইরে। আশা করি, আপনারা আমার মান-ইজ্জত রক্ষা করবেন।" ক্ষমতায় গেলে পীরগঞ্জের কাইজজার সেতু নির্মাণ, রাস্তাঘাটের উন্নয়ন, পীরগঞ্জের কয়লা খনি থেকে কয়লা উত্তোলন শুরু করার আশ্বাস দেন হাসিনা। সভায় বক্তব্য রাখেন হাসিনার জা রওশন আরা ওয়াহেদ, রওশনের ছেলে শাহবাজ হোসেনসহ স্থানীয় নেতারা। পীরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম সভায় শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। আওয়ামী লীগ সভানেত্রী ২০০১ সালের সংসদ নির্বাচনেও রংপুর-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সে বার জাতীয় পার্টির নূর মোহাম্মদ মণ্ডলের কাছে ১২ হাজার ভোটে হেরে যান তিনি। এবার অবশ্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হাসিনা; মহাজোটে জাতীয় পার্টিও রয়েছে। গতবারের সাংসদ নূর মোহাম্মদ মণ্ডল এবার বিএনপির মনোনয়ন নিয়ে প্রার্থী হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে শেখ হাসিনার গাড়িবহর সুধা সদন থেকে রংপুরের উদ্দেশে রওনা হয়। পথে বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর সিরাজগঞ্জ, বগুড়ায় কয়েকটি পথসভায় বক্তৃতা করেন হাসিনা। দিনাজপুরে জনসভার পর বুধবার রাতেই হাসিনার ঢাকায় ফেরার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭৫৫ ঘ.