সুমন মাহবুব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
পীরগঞ্জ (রংপুর), ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী প্রচারে বুধবার দুপুরে রংপুরের পীরগঞ্জে পৌঁছেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শ্বশুর বাড়ির ওই এলাকায় (রংপুর-৬) তিনি এবারও সাংসদ প্রার্থী হয়েছেন। বিকালে পীরগঞ্জের একটি জনসভায় তার বক্তৃতা দেওয়ার কথা।
আওয়ামী লীগ সভানেত্রী ঢাকা থেকে রংপুরের পথে বিভিন্ন পথসভায় বক্তৃতায় নৌকার পক্ষে ভোট চান।
পীরগঞ্জে শেখ হাসিনার গাড়ি বহর ঢোকার পর ওয়াজেদ মিয়ার পৈত্রিক বাড়ি ফতেহপুর পর্যন্ত পুরো রাস্তায় দুই ধারে দাঁড়িয়ে হাজার হাজার আওয়ামী লীগ কর্মী-সমর্থক হাসিনাকে স্বাগত জানায়।
শেখ হাসিনা শ্বশুরবাড়িতে জোহরের নামাজ পড়েন। এরপর তিনি শ্বশুর আব্দুল কাদের মিয়া, শাশুড়ি ময়েজুন্নেসা এবং ভাসুর আব্দুল ওয়াহেদ কানু মিয়ার কবর জিয়ারত করেন।
আওয়ামী লীগ সভানেত্রীর স্বামী ওয়াজেদ মিয়া বর্তমানে অসুস্থ। তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
বিকালে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় শেখ হাসিনার বক্তব্য রাখার কথা।
আওয়ামী লীগ সভানেত্রী ২০০১ সালের সংসদ নির্বাচনেও রংপুর-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সে বার জাতীয় পার্টির নূর মোহাম্মদ মণ্ডলের কাছে ১২ হাজার ভোটে হেরে যান তিনি। এবার অবশ্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হাসিনা; মহাজোটে জাতীয় পার্টিও রয়েছে। গতবারের সাংসদ নূর মোহাম্মদ মণ্ডল এবার বিএনপির মনোনয়ন নিয়ে প্রার্থী হয়েছেন।
বুধবার সকাল ৮টার দিকে শেখ হাসিনার গাড়িবহর সুধা সদন থেকে রংপুরের উদ্দেশে রওনা হয়।
পথে বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর সিরাজগঞ্জের কড্ডার মোড়ে একটি অনির্ধারিত পথসভায় বক্তৃতা করেন হাসিনা।
সিরাজগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী জান্নাত আরা হেনরীর নেতৃত্বে কয়েকশ কর্মী-সমর্থকরা শেখ হাসিনার গাড়িবহর ঘিরে পথসভা করার অনুরোধ জানায়। তখন আওয়ামী লীগ সভানেত্রী তার গাড়ির পাদানিতে দাঁড়িয়ে হ্যান্ডমাইকে বলেন, "আপনারা ভোট দিয়ে মহাজোট প্রার্থীকে জয়যুক্ত করবেন।"
এরপর বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ডে পথসভায় বক্তৃতা করেন হাসিনা। তিনি বগুড়া-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমানের পক্ষে ভোট চেয়ে বলেন, "আপনারা নৌকা প্রতীকে ভোট দিন; আমরা আপনাদের সঙ্গে আছি।"
বগুড়ায় দ্বিতীয় পথসভা হয় গাবতলীর মাটিডালিতে। এই এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করছেন। আওয়ামী লীগ থেকে প্রার্থী হয়েছেন মো. মমতাজ উদ্দিন।
হাসিনা পথসভায় বলেন, "আপনারা একবার নৌকায় ভোট দিন। দেখেন আমরা কী করি। আপনারা দেখেছেন তো তারা দেশটার কী অবস্থা করেছে।"
এরপর গাইবান্ধা হয়ে রংপুর যান আওয়ামী লীগ সভানেত্রী। গাইবান্ধা বিশ্বরোড থেকে চৌরাস্তা মোড় পর্যন্ত পুরো রাস্তায় গাইবান্ধা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী মনোয়ার হোসেনের নেতৃত্বে হাজার হাজার সমর্থক রাস্তার দুই দিকে দাঁড়িয়ে নৌকা প্রতীক নিয়ে দলীয় সভানেত্রীকে শুভেচ্ছা জানায়। হাসিনাও হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।
পীরগঞ্জের পর দিনাজপুরে জনসভা করে বুধবার রাতেই হাসিনার ঢাকায় ফেরার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৫৩০ ঘ.
bdnews24